পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নামফলক অপসারণ

ডেস্ক রিপোর্ট : নাটোরের উত্তরা গণভবন থেকে স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নাম ফলকটি ভেঙে ফেলা হয়।

এরআগে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবানীগঞ্জ মোড় থেকে একটি গণমিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে উত্তরা গণভবনের সামনে গিয়ে জড়ো হন নেতাকর্মীরা। গণভবনের সামনের মূল প্যালেস থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের নাম ফলক অপসারণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের নাম ফলক অপসারণের মধ্যে দিয়ে নাটোরবাসী কলঙ্কমুক্ত হলো। ১৯৬৭ সালের ২৪শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান নাটোরের দিঘাপতিয়া রাজবাড়িকে গভর্নর হাউজ করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন।

সূত্র : সময়টিভি অনলাইন।

Posted in জাতীয়, সারা দেশ | Comments Off on উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নামফলক অপসারণ

দুঃখ প্রকাশ করলেন মেয়র আনিসুল হক

ডেস্ক রিপোর্ট : ঘরে ঘরে গিয়ে মশারি টানানো সম্ভব নয়। এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

শনিবার দুপুরে গুলশানের ডিএনসিসি কার্যালয়ের সামনে র‌্যালি শুরুর আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। র‌্যালি শুরুর আগে মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, নুন্যতম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনা হবে।

মেয়র বলেন, ‘আমরা বলতে চেয়েছি যে বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই। আমার বক্তব্যের জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা তার জন্য দুঃখিত। আমরা আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আবার নেমেছি। আমরা অনেক চেষ্টা করছি।’

চিকুনগুনিয়া প্রতিরোধে এলাকাভিত্তিক বড় করে কাজ শুরু হয়েছে জানিয়ে আনিসুল হক আরও বলেন, ‘এখন আমরা যেভাবে পরিকল্পনা করছি, তাতে আজ গুলশান এলাকায়, পরে মোহাম্মদপুর এলাকায়—এভাবে একেক দিন একেক এলাকায় আমরা ছড়িয়ে পড়ব। যেভাবেই হোক চিকুনগুনিয়া আমরা আর বাড়তে দেব না। আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি।’

চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক এই র‌্যালিতে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও অংশ নেন বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা। র‌্যালি থেকে কয়েকটি স্থানে মশা নিধনের ওষুধ ছিটায় সিটি করপোরেশন।

সূত্র : সময়টিভি অনলাইন।

Posted in জাতীয় | Comments Off on দুঃখ প্রকাশ করলেন মেয়র আনিসুল হক

‘ভিসা মুক্ত প্রবেশাধিকার পেলে লাভবান হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা’

ডেস্ক রিপোর্ট : মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভিসা মুক্ত প্রবেশাধিকার পেলে বর্তমান বিনিয়োগ বান্ধব পরিবেশ কাজে লাগিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে বলে মনে করেন দু’দেশের ব্যবসায়ীরা। সফরকারী শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সংলাপে দু’দেশের ব্যবসায়ীরা এমন মন্তব্য করেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এবং চুক্তির কাজ সেরেছেন সফরের দ্বিতীয় দিনেই। শেষ দিনের সকালে ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সংলাপে সিরিসেনার উপস্থিতিতেই, তাই উঠে আসে আগের দিনই দু’দেশের রাষ্ট্র প্রধানদের বৈঠকে সম্পন্ন হওয়া ১টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারকের বিষয়টি। দু’দেশের বিপুল যে সম্ভাবনা, তাকে কাজে লাগিয়ে যৌথ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলেও মনে করেন আলোচকরা।

এক বক্তা বলেন, ‘‘আমরা দুই দেশ পরস্পরের মধ্যে যে পরিমাণ বাণিজ্য করি, তা আমাদের দু’পক্ষেরই সক্ষমতার তুলনায় খুবই কম। নতুন করে এখন সম্ভাবনা তৈরি হয়েছে।’’

অপর এক বক্তা বলেন, ‘‘এখন পর্যন্ত বাংলাদেশে ব্যবসা করতে এসে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছি। নতুন করে দুদেশের সরকার যে চুক্তিগুলো করতে যাচ্ছে, তা কার্যকর করা গেলে বিনিয়োগে গতি আসবে।’’

আরেক বক্তা বলেন,‘‘আমাদের এমন ভাবে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে, যাতে দু’দেশের মধ্যে একটা উইন উইন পরিস্থিতি তৈরি হবে।’’

ব্যবসায়ীরা সমস্যা, সম্ভাবনার কথা যখন বলছেন, তখন সরকারি পর্যায়েও নিজেদের আন্তরিকতার কথা তুলে ধরেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা সময় আমাদের অর্থনীতি অন্ত:মুখী ছিলো। ২০১৫ সালের পর তা পাল্টেছে। এখন আমরা এটাকে প্রসারিত করতে চাই। কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা ফ্রি করা হলেও ব্যবসায়ী এবং পর্যটকদের জন্যও এ সুযোগ থাকা উচিত।’

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ বলেন, ‘‘সময় এখন এগিয়ে যাওয়ার। দুদেশের চেষ্টা এবং আন্তরিকতা থাকলে পারষ্পরিক অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব হবে। বাংলাদেশে বিনিয়োগে শ্রীলঙ্কার আগ্রহ প্রশংসনীয়।’’

প্রথমবারের মতো বাংলাদেশ কোন দেশের সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে, তা কার্যকর করা গেলে দ্বিপক্ষীয় অর্থনীতিই একটি ভারসাম্যপূর্ণ লাভের মুখ দেখবে বলে আলোচনায় উঠে আসে।

সূত্র : সময়টিভি অনলাইন।

Posted in জাতীয়, ব্যবসা-অর্থনীতি | Comments Off on ‘ভিসা মুক্ত প্রবেশাধিকার পেলে লাভবান হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা’

জনগণকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট জনগণকে দেয়া ওয়াদা পূরণের লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ-এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। নিরাপত্তার নামে যেন জনগণ থেকে প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে এসএসএফ-কে আহ্বান জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, দেশ বেচার মুচলেকা দিয়ে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে না। জনগণ আমাদের ২০০৯ সালে আবার ভোটের মাধ্যমে আমাদের ক্ষমতায় আনে। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে বিশ্বের বিভিন্ন দেশ। এ প্রশংসা যেন আমরা ধরে রাখতে পারি। জনগণের দেয়া ওয়াদা পূরণে কাজ করছি। তাই প্রতি বাজেটের আগে আমরা দেখি আমাদের নির্বাচনী ইশতেহার মত কাজ হচ্ছে কি না।

প্রধানমন্ত্রী বলেন, ভোটের মালিক জনগণ, তারাই ভোট দিবে। আমরা চাই উন্নতি করে যেতে। যেহেতু আমাদের উন্নয়ন একটি ধারায় যেতে পেরেছে তাই আমরা এত বড় বাজেট দিতে পেরেছি।

বিএনপি মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসেই তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে, একটি বাড়ি একটি খামার প্রকল্প বন্ধ করে, বিদ্যুৎ উৎপাদন  চালু করতে পারেনি। প্রতি জেলাকে নিরক্ষর মুক্ত করার রর্মসূচি বন্ধ করে দেয়। দেশ আবার পিছিয়ে যেতে থাকে।

২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০০৪ সালে আমার উপর হামলার আগে আমার নিরাপত্তা তুলে নেয় বিএনপি সরকার। ২১ আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে আমাদের কোনো আলোচনা করতে দেয়নি সংসদে।

জঙ্গিবাদ নিয়ে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ সারা বিশ্বেই হচ্ছে। হলি আর্টিজানে হমলা যখন হয় অনেক বিদেশি বলেছে এটা আমরা মোকাবেলা করতে পারব না। কয়েক ঘণ্টায় আমরা এটা দমন করতে পেরেছি। বিশ্ব অবাক হয়ে দেখেছে।

সূত্র : সময়টিভি অনলাইন।

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on জনগণকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বিনিয়োগের পথ খোঁজার আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট : যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে সিরামিকস, সবজি, প্লাস্টিক পণ্য, ওষুধ, ইলেক্ট্রনিক্স পণ্য, ফুটওয়্যার, লোহা ও স্টিল রফতানির চমৎকার সম্ভাবনা রয়েছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’ সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করবে।’

জাতিসংঘ, কমনওয়েলথ, সার্ক, বিমস্টেক ও লোরাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে দু’দেশ বিভিন্ন ইস্যুতে অভিন্ন মত প্রকাশ করে আসছে বলে রাষ্ট্রপতি হামিদ উল্লেখ করেন।
বাংলাদেশের তৈরি পোশাক, ব্যাংক ও সেবা খাতে বিনিয়োগ করে শ্রীলঙ্কা সুযোগ-সুবিধা গ্রহণ করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আইসিটি, পর্যটন, মৎস্য, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ইস্যুসহ অন্যান্য ক্ষেত্রেও দু’দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা খুঁজে দেখতে পারে।’

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে মাইলফলক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘এতে দু’দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সূচনা হবে।’

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘আমার দেশ সবসময় বাংলাদেশকে পরীক্ষিত বন্ধু হিসেবে গণ্য করে। আশা করি, আগামী দিনগুলোতে বাংলাদেশের চমৎকার উন্নয়ন ও অগ্রগতি হবে।’

এর আগে সন্ধ্যা ৭টায় সিরিসেনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি হামিদ তাকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
পরে, রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্রীলংকার প্রেসিডেন্টের সম্মানে বঙ্গভবনের দরবার হলে ভোজসভার আয়োজন করেন। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিংহা প্রমুখ ভোজসভায় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বিনিয়োগের পথ খোঁজার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি ‘এ বছরই’

ডেস্ক রিপোর্ট : দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে এ বছরই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে যাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ হলে এটাই হবে বাংলাদেশের সঙ্গে কোনো দেশের এ ধরনের প্রথম চুক্তি।
তিন দিনের সফরে বাংলাদেশে আসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এফটিএ নিয়ে ঐকমত্য হয় বলে পররাষ্ট্র সচিব জানান।  

ওই বৈঠকের পর দুই দেশের কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন যাতায়াতে একটি চুক্তি এবং বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা ও তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে ১৩টি সমঝোতা স্মারকে সই হয়। এসব সমঝোতা স্মারকের মধ্যে সাতটিই ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে। 

দুই নেতার বৈঠকের পর পররাষ্ট্র সচিব ও প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা চলতি বছরই মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য যে আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা দরকার, তা দ্রুত শেষ করারও সিদ্ধান্ত হয়েছে।
“এটা একটা অসম্ভব ব্রেক থ্রু। কারণ বাংলাদেশের সঙ্গে কারও এফটিএ নেই। যদি ২০১৭ তে এফটিএ হয়, তাহলে এটাই হবে বাংলাদেশের সঙ্গে কোনো দেশের প্রথম এফটিএ।
“আমার মনে হয় এটা একটা বড় পলিটিক্যাল প্রোগ্রেস টুয়ার্ডস ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিটুইন দ্যা টু কান্ট্রিজ।”

বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্য বছরে আট কোটি ডলারের মত। এ চুক্তি হলে দুদেশের বাণিজ্য আরও বাড়বে বলে মনে করেন পররাষ্ট্র সচিব।
“এটা বাড়ানোর জন্যই আমরা ২০১৩ থেকে আলোচনা করে আসছি,” বলেন তিনি।  

শহীদুল হক বলেন, দুই দেশের বাণিজ্যে এখন যেসব শুল্ক ও অশুল্ক বাধা রয়েছে, তা মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে অপসারণ করা যাবে।

তাতে বাংলাদেশের কতটা লাভবান হবে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, “মিউচুয়ালি লাভবান হবে। বাট বাংলাদেশ অনেক লাভবান হবে।”

পররাষ্ট্র সচিব বলেন, বিশ্ব বাণিজ্য এখন এক ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক দেশকেই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের ওপর কিছুটা নির্ভরশীল হতে হচ্ছে।
শ্রীলঙ্কার সঙ্গে প্রথমবারের মত চুক্তি হলে বাংলাদেশে এ বিষয়ে যাচাই-বাছাই ও পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে দক্ষতা বাড়াতে পারবে বলে মনে করেন তিনি।
“আরও কয়েকটি দেশের সঙ্গে আমরা এফটিএ আলোচনা করছি। সেইগুলো করতেও এটা সহায়তা করবে।”

পররাষ্ট্র সচিব বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে শনিবারের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। ৩৫ প্যারার এই যৌথ বিবৃতি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতাও হয়ে গেছে।  

এই প্রথম বাংলাদেশ ও শ্রীলঙ্কার একটি যৌথে বিবৃতি আসছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) পাচ্ছে।
“আগে যেটা ছিল যে, এই সম্পর্কটা ভাসা ভাসা থাকত। হয়তো কোনো সময় কিছু একটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, অনেকদিন পর আমরা ভুলে যেতাম কি হয়েছে। এই ১৪টা ইন্সট্রুমেন্ট ও জয়েন্ট স্টেইটমেন্টের মধ্য দিয়ে  দুই দেশের সম্পর্কের একটা স্ট্রাকচার হল।”

এই যৌথ ঘোষণায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার  করার অঙ্গীকারের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কের রূপরেখাও আরও স্পষ্ট হবে বলে পররাষ্ট্র সচিব জানান। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
শুক্রবার সকালে সিরিসেনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে শেখ হাসিনা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

প্রতিবেশী এই দুই দেশের নেতা প্রথমে একান্ত বৈঠকে অংশ নেন। তারপর দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। শেষে করবীতে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়।
পররাষ্ট্র সচিব বলেন, “বৈঠকের এক পর্যায়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এই সফরকে একটি ঐতিহাসিক সফর হিসেবে বর্ণনা করেন। আমরা আশা করি, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নবযাত্রা হল।”
সিরিসেনার এই সফরে দুই দেশের ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বলে মনে করেন শহীদুল হক।
কৃষি ক্ষেত্রে সমঝোতা স্মারক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এখানে কৃষির যে অগ্রগতি হয়েছে, বিশেষ করে ধানের ক্ষেত্রে যে গবেষণা হয়েছে এবং তার যে সুফল; পৃথিবীর সর্বত্র সে সংবাদটা গেছে। ওইটা থেকে শ্রীলঙ্কা শিক্ষা নিয়ে তাদের বীজ উৎপাদনে একটা বিপ্লব আনতে চায়।”
‘আর উচ্চ শিক্ষা খাতে সহযোগিতা বিষয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যে সমঝোতা স্মারকের বিষয়ে সচিব জানান, “চিকিৎসা ক্ষেত্রে শ্রীলঙ্কার বড় অংকের শিক্ষার্থী বাংলাদেশে পড়ে বলে ওখানে তারা আরেকটু সুবিধা চান।”
দুই দেশের কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ছাড়া যাতায়াতের জন্য চুক্তির বিষয়টিকেও ‘একটি বড় অর্জন’ বলে মনে করেন শহীদুল হক।

সূত্র : বিডিনিউজ২৪।

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on বাংলাদেশ-শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি ‘এ বছরই’

রাজধানীতে মহামারিতে রূপ নিয়েছে চিকুনগুনিয়া

রাজধানী ঢাকায় চিকুনগুনিয়া মহামারি আকারে রূপ নিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ‘এডিস মশা নিয়ন্ত্রণ তথা চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি  গৃহীত কার্যক্রম শীর্ষক এক সংবাদ সম্মেলনে’ বিশেষজ্ঞরা এ কথা জানান।

ডিএনসিসির আমন্ত্রণে সংবাদ সম্মেলনে তিন জন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। তারা হলেন, অধ্যাপক মাহমুদুর রহমান (এপিডেমিওলজিস্ট), ডা. তৈহিদ উদ্দীন (এন্টোমলজিস্ট ) ও ডা. মুনজুর এ চৌধুরী (এন্টোমলজিস্ট )।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ‘মহামারি হচ্ছে একটি রোগের যে অবস্থান থাকে, সেটি তার অবস্থান থেকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট একটি স্থানে অনেক বেশি ছড়িয়ে পড়ে। সে মোতাবেক বর্তমান সময়ে চিকুনগুনিয়াকে মহামারি বলা যায়। এটি আমার ব্যক্তিগত মত। এটিকে মহামারি ঘোষণা করার অথরিটি রয়েছে।’

জবাবে মেয়র আনিসুল হক বলেন, ‘মহামারি হোক আর যাই হোক, এজন্য ডিএনসিসি দায়ী না। এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া রোগ ছড়ায়। এডিস মশা সিটি করপোরেশনের ড্রেন কিংবা ময়লার ডাস্টবিনে জন্মায় না। এ মশা জন্মায় বাসাবাড়িতে, পরিষ্কার পানিতে, নির্মাণ সামগ্রীতে, এসি, ফুলের টব, ক্যান, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায়। আমরা বাসাবাড়িতে গিয়ে ওষুধ দিতে পারি না।’
আনিসুল হক বলেন, ‘আমরা আগাম পূর্বাভাস পাইনি। তাছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে কোনও জাতীয় নির্দেশিকা আজ পর্যন্ত প্রস্তুত করা হয়নি। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় তৈরি করে। যে কারণে প্রথমে এ রোগের নিয়ন্ত্রণ করা যায়নি। অনেকেই মনে করেন এ জন্য ডিএনসিসি দায়ী।’
এডিস মশার ফলে ডেঙ্গু জ্বর দেখা দিতে পারে আশঙ্কা করে ডা. মুনজুর এ চৌধুরী  বলেন, ‘এডিস মশা যেহেতু চিকুনগুনিয়া ও ডেঙ্গুর বাহক, সেহেতু দুই রোগ এক সঙ্গেও দেখা দিতে পারে। তখন পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এডিস মশা যদি কাউকে কামড় দেয় তাহলে তার চিকুনগুনিয়া হবে। আবার চিকুনগুনিয়া আক্রান্ত কোনও রোগীকে মশা কামড়ালে তার মধ্যেও এ ভাইরাস ছড়িয়ে যাবে। সেটি যদি আবার কোনও সুস্থ মানুষকে কামড়ায় তাহলে তারও চিকুনগুনিয়া হবে।’
ডা. তৈহিদ উদ্দীন (এন্টোমলজিস্ট) বলেন, ‘এডিস মশার মাধ্যমে জিকার ভাইরাসও ছড়ায়। সুতরাং সবাইকে সচেতন হতে হবে। যদি কোনও ব্যক্তি এ রোগে আক্রান্ত হন, তাহলে তাকে মশারির ভেতর রাখতে হবে। না হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বলেন, ‘মেয়র হিসেবে আমি আক্রান্তদের জন্য দুঃখ প্রকাশ করছি, সমবেদনা জানাচ্ছি। আমাদের কাজ আগের চেয়ে ১০ গুণ বেড়েছে। ক্যান্টনমেন্ট, বসুন্ধরা ও উত্তরার কিছু কিছু এলাকা আমাদের বাইরে। সব জায়গায় আমরা হাত দিতে পারি না ।’
আনিসুল হক বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সারা পৃথিবীতেই জনগণের সম্পৃক্ততা সবচেয়ে গরুত্বপূর্ণ। নাগরিকরা অনেকেই চিকুনগুনিয়া সম্পর্কে জানেন, কিন্তু এ ব্যাপারে যথাযথ সচেতনতামূলক ব্যবস্থা নেন না। আমরা আগে মশা মারার ওষুধ নগর ভবন থেকে জুনে প্রেরণ করতাম। কিন্তু এখন সরাসরি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এক এক স্থানে একাধিকবার স্প্রে করা হচ্ছে। সিটি করপোরেশন আর কী করবে?’
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Posted in জাতীয়, স্বাস্থ্য | Comments Off on রাজধানীতে মহামারিতে রূপ নিয়েছে চিকুনগুনিয়া

শেষ হলো সংসদের বাজেট অধিবেশন

ডেস্ক রিপোর্ট : শেষ হলো চলমান দশম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন। এই অধিবেশনেই গত ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটের ওপর সরকারি ও বিরোধী দলসহ অন্যান্য দলের ২০৭ জন সংসদ সদস্য ৫৬ ঘণ্টা ১৪ মিনিট আলোচনা করেন। পরে গত ২৯ জুন চার লাখ ৪০ হাজার ২৬৬ কোটি টাকার বাজেট পাস হয়।

বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন।
সমাপনী বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী সংসদ পরিচালনায় সহযোগতিার জন্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ সংসদ সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, “বাজেট অধিবেশনে সংসদ সদস্যগণ বাজেটের উপর গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। সকলের সরব অংশগ্রহণে এবারের এ অধিবেশনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও কার্যকর।”
গত ৩০ মে এই অধিবেশন শুরু হয়। মাঝে ঈদের জন্য কিছুদিন বিরতি দিয়ে চলতি মাসের ৯ তারিখ আবার শুরু হয়।

বাজেট আলোচনায় সরকারের মন্ত্রী, সরকারি-বিরোধী দলের সদস্যরা ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক, ভ্যাট আইন ও সঞ্চয়পত্রে সুদ কমানো এবং আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে সরব ছিলেন।

বাজেটে কয়েকটি বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে তার সহকর্মীদেরও সমালোচনা সহ্য করতে হয়েছে। যদিও সব চেয়ে আলোচিত ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক, ভ্যাট আইন নিয়ে শেষ পর্যন্ত পিছু হটে সরকার।
বাজেট পাস হওয়ার পর সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায় নিয়ে উত্তপ্ত হয় সংসদ। ৯ জুলাই অধিবেশনে এ নিয়ে আদালতের প্রতি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন সরকারি ও বিরোধী দলের জ্যেষ্ঠ সংসদ সদস্যরা।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী ২৪ কার্যদিবসের এই অধিবেশনে মোট ৭টি বিল পাস হয়। এছাড়া ৭১ বিধিতে পাওয়া ১৯০টি নোটিসের মধ্যে ১২টি গ্রহণ করা হয়। যার মধ্যে আলোচনা হয়েছে ৭টি। ৭১(ক) বিধিতে ৫৭টি নোটিস আলোচিত হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য প্রশ্ন জমা পড়ে ১৬৯টি। যার মধ্যে সংসদ নেতা জবাব দেন ৭০টি প্রশ্নের। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য দুই হাজার ৮০৯টি প্রশ্ন জমা পড়ে; মন্ত্রীরা উত্তর দেন এক হাজার ৯৩৮টির।

Posted in জতীয় সংসদ, জাতীয় | Comments Off on শেষ হলো সংসদের বাজেট অধিবেশন

বাংলাদেশকে ৭০টি রেল ইঞ্জিন দেবে সুইজারল্যান্ড

রেল যোগাযোগ নেটওয়ার্ককে জোরদার করতে  বাংলাদেশকে ৭০টি রেল ইঞ্জিন দেবে সুইজারল্যান্ড। এজন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে।

সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত ক্রিস্টিন ফটশ্চ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী রেলওয়ে খাতে সহযোগিতার জন্য সুইস সরকারকে ধন্যবাদ জানান।’

শেখ হাসিনা বলেন, ‘এই সহযোগিতার ফলে প্রতিবেশী দেশ ও দেশের মধ্যে রেল যোগাযোগের উন্নতি হবে ।’
সুইস রাষ্ট্রদূত বিগত বছরগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও অব্যাহত জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেন।
তার দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘সুইজারল্যান্ডের একটি কোম্পানি বাংলাদেশে এলএনজি রফতানির লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।’

বৈঠকে প্রধানমন্ত্রী এখানকার সাশ্রয়ী শ্রম বাজার ও অন্যান্য সুবিধার প্রেক্ষাপটে বাংলাদেশে বিনিয়োগ করতে সুইস বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পূর্বাঞ্চলের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর স্বপ্ন বাস্তবায়নের আগেই এই মহান নেতাকে হত্যা করা হয়।’

প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক আরও সম্প্রসারণে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।’
সূত্র: বাসস

Posted in আন্তর্জাতিক, জাতীয় | Comments Off on বাংলাদেশকে ৭০টি রেল ইঞ্জিন দেবে সুইজারল্যান্ড

সহযোগিতা বাড়াতে একটি চুক্তি, ১৩টি সমঝোতা বাংলাদেশ ও শ্রীলঙ্কার

ডেস্ক রিপোর্ট : দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহনি যাতায়াতে একটি চুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ১৩টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

শুক্রবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতায় সই হয়।
দ্বিপক্ষীয় বৈঠকে শ্রীলঙ্কার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপ্রধান হিসাবে বাংলাদেশে প্রথম সফরে আসা সিরিসেনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান শেখ হাসিনা।

দুই নেতার একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে করবীতে তাদের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতায় সই হয়।
চুক্তি:

দুই দেশের কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ছাড়া যাতায়াতে চুক্তি
সমঝোতা:
>> কৃষি খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও সিলন শিপিং করপোরেশনের (সিএসসি) মধ্যে সমঝোতা স্মারক
>> উচ্চ শিক্ষা খাতে সহযোগিতা বিষয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ ফরেইন সার্ভিস একাডেমি (এফএসএ) ও শ্রীলঙ্কার বন্দরনায়েক ডিপ্লোমেটিক ট্রেইনিং ইনস্টিটিউটের (বিআইডিটিআই) মধ্যে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও লক্ষণ কাদিরাগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (এলকেআইআইআরএসএস) মধ্যে সমঝোতা স্মারক
>> আর্থিক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ডের মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক
>> দুই দেশের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিএসটিআই ও সিএলএসআইয়ের মধ্যে সমঝোতা স্মারক
>> তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও শ্রীলঙ্কার জাতীয় সংবাদ সংস্থা লঙ্কাপুভাত লিমিটেডের মধ্যে তথ্য ও সম্প্রচার সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক
>> দুই দেশের রেডিও, টিভি ও চলচ্চিত্র শিল্পে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক
>> চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিআইএফটি) ও শ্রীলঙ্কা ইনস্টিটিউট অব অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইলের (এসএলআইটিএ) মধ্যে যোগাযোগ বাড়াতে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক
দ্বিপক্ষীয় বৈঠক এবং চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
পররাষ্ট্র সচিব বলেন, “আজ সন্ধ্যায় বা কাল একটা জয়েন্ট স্টেটমেন্ট আমরা ইস্যু করব। জয়েন্ট স্টেটমেন্টের নেগোশিয়েশন হয়ে গেছে। এটা ৩৫ প্যারার।”

এই প্রথম বাংলাদেশ ও শ্রীলঙ্কার একটি যৌথে বিবৃতি আসছে জানিয়ে সচিব বলেন, এর মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) পাচ্ছে।
“আগে যেটা ছিল যে, এই সম্পর্কটা ভাসা ভাসা থাকত। হয়তো কোনো সময় কিছু একটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, অনেকদিন পর আমরা ভুলে যেতাম কি হয়েছে। এই ১৪টা ইন্সট্রুমেন্ট ও জয়েন্ট স্টেইটমেন্টের মধ্য দিয়ে  দুই দেশের সম্পর্কের একটা স্ট্রাকচার হল।”

এই যৌথ ঘোষণায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার  করার অঙ্গীকারের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কের রূপরেখাও আরও স্পষ্ট হবে বলে পররাষ্ট্র সচিব জানান। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
এই সফরে সিরিসেনা থাকছেন ঢাকার সোনারগাঁও হোটেলে। রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশে এটা তার প্রথম সফর হলেও এর আগে ২০১৩ ও ২০১৪ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি ঢাকা ঘুরে গেছেন।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট সিরিসেনা। সেখানে তার সম্মানে দেওয়া এক ভোজেও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে থাকবেন।
শনিবার ঢাকা ছাড়ার আগে একটি বাণিজ্য সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার।

Posted in আন্তর্জাতিক, জাতীয়, ব্যবসা-অর্থনীতি, রাজনীতি | Comments Off on সহযোগিতা বাড়াতে একটি চুক্তি, ১৩টি সমঝোতা বাংলাদেশ ও শ্রীলঙ্কার

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud