পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তারেক রহমানকে দেশে আনার প্রক্রিয়া চলছে : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার বিকেলে রাজশাহী মুখ্য বিচারিক হাকিম আদালতের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, তারেক রহমান ফেরারি আসামি। তাই ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।

বহুল বিতর্কিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এ ধারায় যেসব অপরাধকে সংযুক্ত করা হয়েছে, সেসব অপরাধই। তবে সে ধারায় কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। ৫৭ ধারা এখন যে রূপে আছে, নতুন ডিজিটাল সুরক্ষা আইনে সেভাবে থাকবে না।’

আনিসুল হক বলেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে বিচার বিভাগের সঙ্গে সংসদ ও নির্বাহী বিভাগের দ্বিমতের ফলে দূরত্ব সৃষ্টি হয়নি। এই দ্বিমতের ফলে যে আলোচনা চলছে তা গণতন্ত্রকে আরো সুদৃঢ় করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আয়েন উদ্দিন, ইঞ্জিনিয়ার এনামুল হক, আবদুল ওয়াদুদ দারা ও বেগম আক্তার জাহান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আল-আসাদ মো. আসিফুজ্জামান। নতুন ভবনের ফলক উন্মোচন করে আইনমন্ত্রী বেলুন উড়িয়ে ভবনটির উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী রাজশাহীর আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত আটতলার নতুন আদালত ভবনে ১০টি এজলাস বসানো হয়েছে বলে জানান রাজশাহী গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমান উল্লাহ। তিনি বলেন, ২০১২ সালে রাজশাহী মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের নির্মাণকাজ শুরু হয়। দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে ২০১৪ সালের শেষে আইন ও বিচার মন্ত্রণালয়ের কাছে ভবনটি হস্তান্তরের কথা ছিল। কিন্তু নানা জটিলতায় ভবনটির কাজ শেষ হতে সময় লেগেছে পাঁচ বছর। বর্তমানে ভবনটিতে বিচার কার্যক্রম শুরু করার উপযোগী সব সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আমান উল্লাহ আরো বলেন, ভবনটির ভিত্তি কাঠামো ১২ তলার। প্রথম পর্যায়ে আটতলার নির্মাণকাজ শেষ হয়েছে। ভবনের মোট আয়তন ৯৮ হাজার ৯৮৩ বর্গফুট। নিচতলায় চার হাজার বর্গফুটের পার্কিং সুবিধা রয়েছে। এ ছাড়া থাকছে অত্যাধুনিক লিফট ব্যবস্থা। মালখানার আয়তন দুই হাজার ২৪০ বর্গফুট। দ্বিতীয় তলায় রয়েছে পুরুষ ও নারী হাজতখানা। একই তলায় রয়েছে নেজারত শাখা। তৃতীয় তলায় মুখ্য বিচারিক হাকিমের এজলাস ও অফিস। এই তলাতে রয়েছে দুই হাজার ৫০ বর্গফুটের রেকর্ডরুম। চতুর্থ থেকে অষ্টম তলা পর্যন্ত বিভিন্ন আদালতের এজলাসসহ অন্যান্য সুবিধা রয়েছে। চতুর্থ তলায় করা হয়েছে এক হাজার বর্গফুটের সম্মেলন কক্ষ। বিদ্যুৎ সুবিধার জন্য ৫০০ কেভিএ ক্ষমতার একটি সাব-স্টেশনও বসানো হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার জন্য ১০০ কেভিএ ক্ষমতার একটি জেনারেটরও বসানো হয়েছে।

রাজশাহীর পাবলিক প্রসিকিউটর (পিপি) ইব্রাহিম হোসেন জানান, এজলাস সংকটের কারণে এতদিন রাজশাহী মুখ্য বিচারিক হাকিমের আওতাধীন এজলাসগুলো শিফট আকারে পরিচালিত হয়ে আসছিল। নতুন আদালত ভবন হওয়ায় এই সংকট নিরসন হলো। ফলে সার্বিক বিচার কার্যক্রম পরিচালনায় অনেক সুবিধা পাবেন আদালতে আগতরা। এতে মামলার বিচারকাজেও গতি আসবে বলে জানান তিনি।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, দেশের ৬৪ জেলায় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণে ২০০৯ সালে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের প্রথম পর্যায়ে ১৩টি জেলায় আদালত ভবন নির্মাণ শেষ হয়ে বিচারকাজ চলছে। একই প্রকল্পের আওতায় ১০টি জেলায় নির্মিত আদালত ভবন হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া আট জেলায় নির্মাণকাজ অব্যাহত রয়েছে। ২০১৮ সালের মধ্যে ৬৪ জেলায় এসব আদালত ভবন নির্মাণ শেষ হবে বলে জানান তিনি।

Posted in আইন-আদালত, সারা দেশ | Comments Off on তারেক রহমানকে দেশে আনার প্রক্রিয়া চলছে : আইনমন্ত্রী

সংকট নিরসনে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন এরদোয়ান

উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সংকট নিরসনে আগামী সপ্তাহে তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ান সৌদি আরব, কুয়েত ও কাতার সফরে যাচ্ছেন। তুর্কি প্রধানমন্ত্রী বেনালি ইলদিরিম বলেন, অহেতুক কারণে সৃষ্ট এ সংকট নিরসনে আঙ্কারা গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করবে। খবর : দ্য এন আরব নিউজ।

প্রেসিডেন্ট এরদোয়ানের সফর এ প্রচেষ্টারই অংশ বলে উল্লেখ করেন তিনি। খবরে বলা হয়, বেসরকারি সংবাদ সংস্থা দোগান সূত্রে জানা যায়, ২৩ জুলাই সৌদি আরব ও কুয়েত সফর শেষে পরদিন কাতারে যাবেন এরদোয়ান। জুনের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে সৌদি জোট সন্ত্রাসবাদকে সহযোগিতার অভিযোগ এনে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। একই সঙ্গে তারা দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। সম্পর্ক স্বাভাবিক ও অবরোধ প্রত্যাহারের জন্য ২২ জুন চার দেশ কাতারকে ১৩ দফা শর্ত দেয়।

এসব শর্তের মধ্যে রয়েছে, দোহাকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন প্রত্যাহার, আলজাজিরা টিভি নেটওয়ার্ক বন্ধ, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া। প্রথমে শর্ত পূরণে ১০ দিনের সময় বেধে দিলেও পরে কুয়েতের অনুরোধে মেয়াদ আরো দুই দিন বাড়ানো হয়। কিন্তু কাতার এসব শর্তকে অবাস্তব, অগ্রহণযোগ্য বলে ঘোষণা দেয়। পরবর্তীতে সৌদি জোটের সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কাতারের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

Posted in আইন-আদালত | Comments Off on সংকট নিরসনে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন এরদোয়ান

বঙ্গবন্ধুর খুনি মুঈনুদ্দিন নাম ইন্টারপোলের তালিকায়

ডেস্ক রিপোর্ট : ব্রিটেনে মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় বঙ্গবন্ধুর খুনি চৌধুরী মুঈনুদ্দিনের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক পুলিশ সংগঠন (ইন্টারপোল)। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তিনি। এই তালিকায় চৌধুরী মুঈনুদ্দিন ছাড়াও আরও ২৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। গ
তকাল মঙ্গলবার ইন্টারপোলের বরাত দিয়ে ব্রিটেনের সংবাদ মাধ্যম মিরর অনলাইন এক প্রতিবেদন প্রকাশ করেছে। ১৯৭১ সালে চৌধুরী মুঈনুদ্দিনের সংঘটিত অপরাধের বর্ণনাও দেওয়া হয়েছে ইন্টারপোলের তালিকায়।

এতে বলা হয়, ৬৭ বছর বয়সী চৌধুরী মুঈনুদ্দিন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাংবাদিক, শিক্ষক এবং চিকিৎসক হত্যার অভিযোগে দণ্ডিত একজন অপরাধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃতু্দণ্ড দেয়। লন্ডনে বসবাসরত চৌধুরী মঈন উদ্দিন বিচার চলাকালে আদালতে হাজিরা দেননি এবং সব সময় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া ও ভারত নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য খুঁজছে এমন ব্যক্তিও রয়েছেন এই ২৫ ব্রিটিশ অপরাধীর মধ্যে। ছবিসহ প্রকাশিত এই অপরাধী তালিকায় প্রত্যেকের অপরাধের কথাও বর্ণনা করা হয়েছে। এই তালিকায় তিনজন নারীও রয়েছেন। এদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানিয়ে আসছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা।

সূত্র জনকন্ঠ।

Posted in আইন-আদালত, আন্তর্জাতিক, সারা দেশ | Comments Off on বঙ্গবন্ধুর খুনি মুঈনুদ্দিন নাম ইন্টারপোলের তালিকায়

বিচার বিভাগকে কোণঠাসা করে দেশের মঙ্গল হয় না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে বলেছেন, ‘একদিন আপনি-আমি থাকবো না। বিচার বিভাগ থাকবে। এই বিচার বিভাগ সবার। বিচার বিভাগকে কোণঠাসা করে দেশের মঙ্গল হয় না।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

সেই সঙ্গে প্রধান  বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, ‘মনে রাখবেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রতি সবারই দায়িত্ব আছে।’

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা  করতে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। মঙ্গলবার রাষ্ট্র পক্ষের করা এক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আরও দুই সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে উপস্থিত ছিলেন রিটকারী ব্যারিস্টার হাসান এমএস আজিম।

Posted in আইন-আদালত | Comments Off on বিচার বিভাগকে কোণঠাসা করে দেশের মঙ্গল হয় না: প্রধান বিচারপতি

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আরও দুই সপ্তাহ

ডেস্ক রিপোর্ট : নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থগিতাদেশ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে সুপ্রিম, কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে হাইকোর্টের রায় স্থগিতের মেয়াদ বাড়াতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ।

এর আগে গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১১টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট।

একইসঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়। এরপর ১৪ মে এই রায় স্থগিত করেন সুপ্রিমকোর্টের চেম্বার আদালত।

সূত্র : সময়টিভি অনলাইন।

Posted in আইন-আদালত | Comments Off on নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আরও দুই সপ্তাহ

আদালত প্রাঙ্গণে ইমরানের উপর ডিম হামলা

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর মানহানির মামলায় জামিন নিয়ে ফেরার পথে আদালত প্রাঙ্গণেই আক্রান্ত হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বের হওয়ার সময় তার গাড়িতে ডিম ছুড়ে মারে একদল লোক।
এসময় ‘জয় বাংলা/জয় বঙ্গবন্ধু’, ‘ইমরানের দুই গালে/ জুতা মারো তালে তালে’ শ্লোগান দিতে থাকেন তারা, যাদের মধ্যে সংশ্লিষ্ট মামলার বাদীও ছিলেন।
ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করার অভিযোগে দায়ের করা মামলায় এদিন আদালতে আত্মসমর্পণ করেন ইমরান ও গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস।

 ঢাকার মহানগর হাকিম এসএম মাসুদ জামান তাদের জামিনের আবেদন শুনে পাঁচ হাজার টাকা মুচলেকায় তা মঞ্জুর করেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী গত ৩১ মে এই মামলা দায়ের করেন। আর্জিতে তিনি বলেন, গত ২৮ মে মশাল মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘যে কটূক্তি’ করা হয়েছে, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি ক্ষুব্ধ, অপমানিত।
ইমরান ও সনাতনের পক্ষে জামিনের শুনানি করেন আইনজীবী প্রকাশ বিশ্বাস, জীবনানন্দ জয়ন্ত ও তানজিম আল ইসলাম। বাদীপক্ষে ছিলেন নোমান হোসাইন তালুকদার।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান, বেলা ১২টার দিকে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় ২৫-৩০ জনের একটি দল ইমরানের গাড়ির দিকে পচা ডিম ছুড়ে মারে। তখন গাড়িটি ঘুরে আবার আদালত চত্বরে ঢুকে যায়।
তিনি বলেন, “এসময় মামলার বাদীসহ অন্যরা চিৎকার করে বলতে থাকেন, ‘কত বড় সাহস! ছাত্রলীগই তাকে ইমরান বানিয়েছে। আর এখন সে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে’।”
ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন। এর পরপরই নিরাপত্তারক্ষীরা আদালতের ফটক বন্ধ করে দেয়।
ইমরানদের অন্যতম আইনজীবী জীবনানন্দ জয়ন্ত বলেন, “এটা পরিকল্পিত হামলা বলে আমাদের ধারণা।”

পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমরান ফেইসবুকে লিখেছেন, “আদালত চত্বরে আমাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা। আদালতেও যদি হামলা হয় তাহলে আদালতের প্রতি মানুষ কীভাবে শ্রদ্ধা জানাবে?
“আদালতেও যখন পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তখন এই দেশটাকে আর কোনোভাবেই সভ্য দেশ বলা যায় না। এই দেশটা এখন মাস্তান, সন্ত্রাসী আর ছিনতাইকারীদের অভয়ারণ্য।”
এদিকে আহ্বায়কের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ন্যক্কারজনক এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ (রোববার) বিকাল ৫টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”

ইমরানের উপর হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

তাদের এক যুক্ত বিবৃতিতে বলা হয়, “তার উপর যে হামলা চালানো হয়েছে, তা আইনের শাসনের প্রতি হুমকিস্বরূপ। আদালত প্রাঙ্গণে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম মানুষকে ভীত-সন্ত্রস্ত করে তুলেছে।”

Posted in আইন-আদালত | Comments Off on আদালত প্রাঙ্গণে ইমরানের উপর ডিম হামলা

বিজিবির প্রশংসায় বিএসএফের মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট : বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) একটি দক্ষ, চৌকষ এবং প্রশিক্ষিত বাহিনী বলে মূল্যায়ন করেছেন বিএসএফ এর মহাপরিচালক কে কে শর্মা। রবিবার (১৬ জুলাই) সকালে বিজিবি’র ৯০তম ব্যাচ রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মূল্যায়ন করেন।

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে’ এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রবিবার বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এসময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘একটি বলিষ্ঠ ও দক্ষ বাহিনী গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, সৎ চরিত্র, মানসিক দৃঢ়তা, অধ্যবসায়, শৃঙ্খলাবোধ এবং সঠিক নেতৃত্ব।’ এসময় তিনি সৈনিক জীবনে আনুগত্য, শৃঙ্খলা, ধর্মীয় বিশ্বাস, মানবিক এবং নৈতিক মূল্যবোধ অনুশীলনের প্রতি গুরুত্বারোপ এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বসুলভ মনোভাব বজায় রাখার উপদেশ দেন।
প্রধান অতিথি ৯০তম রিক্রুট ব্যাচ এর ৪৩৩ জন নবীন সৈনিকদের মধ্যে বিষয়ভিত্তিক ১ম স্থান অর্জনকারী ও সর্ববিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিকের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি শ্রেষ্ঠ নবীন সৈনিক নং- ১০৩০৯৪ সিপাহী (জিডি) পাপিয়া আক্তারকে অভিনন্দন জানান।
এসময় চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বোমাং সার্কেলের রাজা প্রকৌশলী উচ প্রু চৌধুরীসহ নবীন সৈনিকদের অভিভাবকরা উপস্থিত থেকে এ সমাপনী কুচকাওয়াজ উপভোগ করেন। কুচকাওয়াজের প্যারেড কমান্ডার ছিলেন মেজর এ টি এম আহসান হাবীব এবং প্যারেড এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. শাহাদত হোসেন।

উল্লেখ্য, ২০১৫ সালের আগস্টে বিএসএফের আমন্ত্রণে বিএসএফ প্রশিক্ষণ একাডেমিতে প্রধান অতিথি হিসেবে তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বিজিবির তৎকালীন মহাপরিচালক। এরই ধাবাহিকতায় এবার বিএসএফ মহাপরিচালক আমন্ত্রিত হয়ে বিজিবি প্রশিক্ষণ সেন্টারে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন।

সূত্র : বাংলাট্রিবিউন।

Posted in আইন-আদালত | Comments Off on বিজিবির প্রশংসায় বিএসএফের মহাপরিচালক

‘রাজধানীর প্রতিদিনের বর্জ্য থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব’

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে প্রতিদিন উৎপাদিত বর্জ্যের অর্ধেক দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তা ব্যবস্থাপনার মাধ্যমে ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ লক্ষে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। বুধবার (১২ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তার কাছে জানা যায় এসব তথ্য।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর ছিল প্রশ্নোত্তর পর্ব। এ সময় সরকারি দলের সদস্য বজলুল হক হারুণের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দৈনিক উৎপাদিত বর্জ্যের পরিমাণ প্রায় ৬-৭ হাজার মেট্রিক টন। উৎপাদিত এই বর্জ্যের মাত্র অর্ধেক (তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন) বর্জ্য স্তুপিকরণ এলাকা বা ডাম্পিং সাইটে যায়। এই পরিমাণ বর্জ্য দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্ভব।’

বিজ্ঞানভিত্তিক পরিবেশসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে বর্জ্য থেকে বিদ্যুৎ ও এনার্জি উৎপাদন করা যায় তা নিয়ে সরকার ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান নসরুল হামিদ। তার ভাষ্য, ‘ঢাকার অদূরে কেরানীগঞ্জে বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে এক মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এর কার্যক্রম চলমান আছে। এই প্রকল্পে দৈনিক নির্দিষ্ট পরিমাণ বর্জ্য সরবরাহের লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি চুক্তি সই হয়েছে। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে ১৮ মাসের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।’

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, একটি পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় সাড়ে চার হাজার আবাসিক প্রি–পেইড মিটার স্থাপন করা হয়েছে। জরিপে প্রকল্পের ফল সন্তোষজনক। গ্রাহকদের দায়িত্বপূর্ণ ব্যবহারের সুবাদে প্রতিটি ডাবল বার্নার চুলায় গড়ে ৩৩ ঘনমিটার গ্যাস সাশ্রয় হতে দেখা যায়। এডিবির অর্থায়নে ৮ হাজার ৬০০টি আবাসিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। জাপান সরকারের ৩৫তম ওডিএ লোন প্যাকেজের আওতায় টিজিটিডিসিএল কর্তৃক দু্ই লাখ আবাসিক প্রি–পেইড মিটার স্থাপন প্রকল্প আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে। এছাড়া ২০১৮ সালের জুনের মধ্যে চট্টগ্রাম এলাকায় ৬০ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হবে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশে এখন পর্যন্ত ২৬টি গ্যাসক্ষেত্র, পাঁচটি কয়লাক্ষেত্র, একটি কঠিন

শিলাক্ষেত্র, একটি চুনাপাথরক্ষেত্র ও কয়েকটি পিট ডিপোজিট আবিষ্কৃত হয়েছে। ২৬টি গ্যাসক্ষেত্রের মধ্যে ২০টির উৎপাদন চলমান আছে। চারটির উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং দুটি ক্ষেত্র এখনও উৎপাদনে যায়নি।

সূত্র : বাংলাাট্রিবিউন।

Posted in আইন-আদালত, জতীয় সংসদ | Comments Off on ‘রাজধানীর প্রতিদিনের বর্জ্য থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব’

সাভারে ২ তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে লিটন

ডেস্ক রিপোর্ট : সাভারে দুই মডেলকে আটকে রেখে ধর্ষণ ঘটনার মূলহোতা ও গোয়েন্দা পুলিশের সোর্স লিটন আলী মণ্ডল (৩৪) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে পুলিশের আরও দুই সদস্যের জড়িত থাকার কথাও জানিয়েছে লিটন। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা শহীদ সোহরাওয়ার্দী এ তথ্য জানান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘ডিবি পুলিশের সোর্স লিটনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আজ বুধবার (১২ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হবে।

লিটন আলী মণ্ডলকে মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরখলসী গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন) শহীদ সোহরাওয়ার্দী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাতে সাভারের ডিবি কার্যালয়ের পাশের একটি ভবনে ধর্ষণের শিকার হন দুই তরুণী। মডেল বানানোর কথা বলে তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তারা। শুক্রবার (৭ জুলাই) ভোরে তাদের ওই ভবন থেকে উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকালে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন এক তরুণী। মামলায় দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজান এবং ডিবি পুলিশের সোর্স লিটনকে আসামি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, লিটনই এই ঘটনার মূলহোতা। সে ঝিনাইদাহ জেলার সদর থানার গোসালপুর এলাকার শমসের আলী মণ্ডলের পুত্র। তবে তার সহযোগী জাহাঙ্গীরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সূত্র : বাংলাট্রিবিউন।

Posted in আইন-আদালত, সারা দেশ | Comments Off on সাভারে ২ তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে লিটন

ফিরে আসা জঙ্গিদের পুনর্বাসনে নজর সরকারের

ডেস্ক রিপোর্ট : জঙ্গি দমনের পাশাপাশি জঙ্গিদের পুনর্বাসনেও নজর দিয়েছে সরকার। এর অংশ হিসেবে জঙ্গিদের সুপথে ফিরে আসারও আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিবাদ ছেড়ে সুপথে ফিরে আসার সংকল্প নিয়ে আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসন করা হবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, যেসব জঙ্গি কোনও হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িত হয়নি, তারা যদি ফিরে আসে, তাহলে তাদের সামাজিকভাবে পুনর্বাসন করা হবে। ১৪ থেকে ১৫ জনকে পুনর্বাসন করলেও তা গোপন রাখতে চায় পুলিশ। তবে সুপথে ফিরে আসার অঙ্গীকার নিয়ে যে সাত জঙ্গি আত্মসমর্পণ করেছিল, তাদের প্রত্যেককে পুনর্বাসনের অংশ হিসেবে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয় র‌্যাবের পক্ষ থেকে। এর বাইরে আর কোনও জঙ্গিকে পুনর্বাসন করার কথা জানা যায়নি। 

সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও ফিরে আসার আহ্বানে সাড়া দিয়ে বেশ কয়েকজন জঙ্গি আত্মসমর্পণ করে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদের অপরাধ স্বীকার করে সঠিক পথে ফিরে আসার অঙ্গীকার করে আত্মসমর্পণ করেছে। পুলিশের পক্ষ থেকেও বিষয়টি ইতিবাচকভাবে নেওয়া হচ্ছে। যশোরে হিযবুত তাহরীরের সাত সদস্য পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করে। কয়েকদিন পর বগুড়ায় র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে নব্য জেএমবির সাত সদস্য। আত্মসমর্পণের পর তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, কথিত ধর্মগুরুরা কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের বিভ্রান্ত করে জঙ্গিবাদে জড়িয়েছিল।

জঙ্গি দমনে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে যদি কেউ ফিরে আসতে চায়, তাহলে তাকে সেই সুযোগ দেওয়া হবে। তাকে কোনও মামলায় হয়রানি বা গ্রেফতার দেখানো হবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের আইনি সহায়তাও দেওয়া হবে। তবে তাদের সবসময় গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হবে।

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক পুলিশ সদর দফতরের এক অনুষ্ঠানে বলেছেন, ‘জঙ্গিরা ঘরে ফিরে এলে তাদের পুলিশ কোনও ডিস্টার্ব করবে না। যারা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে কিন্তু বড় ধরনের কোনও অপরাধে জড়ায়নি, তারা ফিরে এলে পুলিশ সব ধরনের সহযোগিতা দেবে।’

এছাড়া অন্য এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যারা জঙ্গি হয়েছেন, তাদের প্রতি অনুরোধ, সঠিক পথে ফিরে আসুন। স্বাভাবিক জীবনে ফিরে এসে পরিবারের অশান্তি দূর করুন। আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে সহযোগিতা দেবে। সরকারও তাদের সাধারণ ক্ষমা করবে।’

জঙ্গিবাদ মনিটরিংয়ে পুলিশ সদর দফতরের বিশেষায়িত সেল এলআইসি শাখার প্রধান ও এআইজি (গোপনীয়) মনিরুজ্জামান জঙ্গিদের পুনর্বাসনের বিষয়ে বলেন, ‘যারা সুপথে ফিরে আসতে চাইবে, তাদের অবশ্যই স্বাগত জানাব। তবে এখন পর্যন্ত ওইভাবে পুনর্বাসন করা হয়ে ওঠেনি।’ কত জন জঙ্গি আত্মসমর্পণ করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা গোপনই থাক। তবে ১৪-১৫ জন সদস্যকে সামাজিকভাবে পুনর্বাসন করা হয়েছে।’

একই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘আত্মসমর্পণের আহ্বান জানানোর পর অনেকেই সেই সুযোগ নিয়েছে। কেউ কেউ আত্মসমর্পণ করেছে। তারা নাম-ঠিকানা প্রকাশ করতে চায় না, আমরাও চাই না। কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের ভুল শোধরানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের জনসম্মুখে আনা হচ্ছে না। কারণ জঙ্গিরা ইতোমধ্যে তাদের ক্ষতি করার হুমকি দিয়ে লিফলেট বিলি করেছে।’

র‌্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ‘এখন পর্যন্ত সাত জঙ্গি আত্মসমর্পণ করেছে। তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়। তাদের প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে গেছে।’

র‌্যাবের কাছে যারা আত্মসমর্পণ করে তারা হচ্ছে, ‘যশোরের কদমতলার আবদুল আজিজের ছেলে তানজিব ওরফে আশরাফুল, তার ভাই তানজির আহমেদ ও বোন মাছুমা আক্তার, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ফখরুল আলম তুষার, যশোরের খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল, ধর্মতলা মোড় এলাকার আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ ও কদমতলা এলাকার এ কে এম শারাফত মিয়ার ছেলে মেহেদী হাসান পলাশ। তারা প্রত্যেকেই হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ছিল।

Posted in আইন-আদালত, সারা দেশ | Comments Off on ফিরে আসা জঙ্গিদের পুনর্বাসনে নজর সরকারের

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud