May 4, 2026
বিনােদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে ভারতে তীব্র বিতর্ক উস্কে দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। এমনকি তাকে মুম্বই হামলার মূল হোতার সঙ্গে তুলনা করা হয়েছে। এমন সময় তার পাশে এসে দাঁড়ালো শিব সেনা। তারা বলেছে, শাহরুখ খান একজন ভারতীয়। মুসলিম হওয়া সত্ত্বেও শাহরুখ খান, সালমান খান ও দিলিপ কুমার ভারতে সুপারস্টার হতে পেরেছেন। দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সম্প্রতি যে অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়েছে তার প্রতিবাদে সুপরিচিত, পুরস্কারপ্রাপ্ত লেখকরা তাদের পুরস্কার ফেরত দিচ্ছেন।

বিশেষ করে গরুর মাংস খাওয়া, গরু জবাই করা নিয়ে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে কয়েকজন মুসলিমকে। এ নিয়ে ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, কে কি খাবেন তা তার নিজস্ব বিষয়। এক্ষেত্রে কোন রাষ্ট্র বা অন্য কেউ তাকে নিষেধাজ্ঞা বাতলে দিতে পারেন না। সেখানে বেশ কয়েকটি রাজ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিভিন্ন দলের রাজনীতিকরা সম্প্রতি একটি সভা করেছেন। সেখানে গরুর মাংস খেয়ে এ সিদ্ধান্ত ও এ নিয়ে সৃষ্ট উত্তেজনার নিন্দা জানানো হয়েছে।
এই যখন অবস্থা তখন পুরস্কার ফেরত দেয়া লেখকদের সমর্থন করেছেন বলিউড কিং শাহরুখ খান। অমনি তাকে ধরে ফেলেছে ক্ষমতাসীন বিজেপি দল। এ দলের এমপি যোগী আদিত্যনাথ শাহরুখ খানকে তুলনা করেছেন মুম্বই হামলার মূল হোতার সঙ্গে। তবে শাহরুখ খানকে সমর্থন করে বুধবার রাজ্যসভার শিবসেনা দলের এমপি সঞ্জয় রাউত বলেছেন, শাহরুখ খান ভারতীয় একজন সুপারস্টার। তাকে পাকিস্তানের মুসলিমদের সঙ্গে তুলনা করা যেতে পারে না। তিনি যেহেতু একজন ভারতীয় তাই তাকে টার্গেটে পরিণত করার কোন কারণই থাকতে পারে না। তিনি বলেন, মুসলিম হওয়া সত্ত্বেও শাহরুখ খান, সালমান খান ও দিলিপ কুমার ভারতের মতো দেশে সুপারস্টার হতে পেরেছেন।
এমনটা বিশ্বের মধ্যে শুধু ভারতেই ঘটতে পারে। এ থেকে পরিষ্কার হয় যে, বিশ্বের মধ্যে ভারতই সবচেয়ে পরমত সহিষ্ণু জাতি। তবে সঞ্জয় রাউত শাহরুখ খানকে অসহিষ্ণুতা ইস্যুতে পানি ঘোলা না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এমন লেজেগোবরে হওয়া একটি ইস্যুতে একজন অভিনেতা জড়িত হওয়া উচিত নয়। প্রায় ২৫ জন মানুষ তাদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। এর অর্থ এই নয় যে ভারতের ১২৫ কোটি মানুষ অসন্তুষ্ট। এটা এক রকম কাদার মতো। এর মধ্যে আপনি যদি আপনার বাক্যকে তীরের মতো ছোড়েন তাহলে আপনার পোশাকে ময়লা লাগবে।
নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় বুধবার সকালে কুপিয়ে পুলিশ হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বুধবার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের ওয়েবসাইটে এ দাবি করেছে।
বুধবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়ায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ছোরা-চাপাতি দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করেন। হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র বের করে কয়েকটি ফাঁকা গুলিও ছোড়েন। চাপাতি-ছুরিকাঘাতে আহত কনস্টেবল মুকুল হোসেন (২৫) ঘটনাস্থলের পাশে অবস্থিত একটি ভাতের হোটেলে গিয়ে উপুড় হয়ে পড়েন। হাতে ও পেটে চাপাতির আঘাত নিয়ে কনস্টেবল নূরে আলম রাস্তা পার হয়ে নন্দন পার্কের দিকে দৌড় দেন। তাদের সঙ্গে থাকা অপর তিন কনস্টেবল প্রতিরোধে এগিয়ে না এসে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত দুজনকে হাসপাতালে পাঠালে কনস্টেবল মুকুলকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
এর আগে দুই বিদেশি হত্যা ও পুরান ঢাকার হোসেনী দালানের সামনে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে বোমা হামলার দায় আইএস স্বীকার করেছিল বলে ওই সময় জানিয়েছিল সাইট। তবে সরকার এ দাবি অস্বীকার করে আসছে।
নিউজ ডেস্ক: ন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু বেপারী ওরফে পিচ্চি সেন্টু (৩৫) নিহত হয়েছে। এ সময় ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার কাঠাদিয়া এলাকায় রাস্তার পাশে এ ঘটনা ঘটে। সেন্টু উপজেলার সোনারং গ্রামের মৃত: জয়নাল বেপারীর ছেলে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সন্ত্রাসী পিচ্চি সেন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র উদ্ধারের জন্য রাত ৩টার দিকে কাঠাদিয়া এলাকায় তাকে নিয়ে যাওয়া হয়। সে সময় ওত পেতে থাকা তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং পুলিশের সঙ্গে প্রায় ২০ মিনিট গোলাগুলি চলে। এক পর্যায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পিচ্চি সেন্টু গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশে খেতে পড়ে থাকে। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, এ ঘটনার পর ওই স্থান থেকে ২ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, ২ টি রামদা উদ্ধার করা করা হয়। এসময় দায়িত্বে থাকা টঙ্গীবাড়ি থানার এসআই জসিম উদ্দিন, কনস্টেবল মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন আহত হয়। আহতদের মুন্সীগঞ্জ জেলারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
রাজবাড়ীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। এতে তিন পুলিশ আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে। নিহতের নাম পিচ্চি শাহিন (৩০)। তবে পলিশের দাবি শাহীন একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। নিহত শাহিন সদরের খানখানাপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে।
বুধবার দিবাগত রাত পৌনে ৩টায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে এ ঘটনা ঘটে।
রাজবাড়ি জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতে শাহিনকে নিয়ে আলীপুর এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় শাহিনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে পালাতে গিয়ে ঘটনাস্থলেই শাহিন নিহত হয়। আহত হন পুলিশের তিন সদস্য।
তিনি আরো জানান, পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শ্যুটারগান ও একটি দশমিক ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, পিচ্চি শাহিনের বিরুদ্ধে থানায় ৮টি হত্যা মামলা, ৪টি অস্ত্র মামলা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
ঢাকা: দেশের ইতিহাসে এবারেই প্রথম দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা চলছে। আর এজন্যে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধন অধ্যাদেশ পাওয়ার পরপরই সারাদেশের ২৪৫টি পৌরসভা নির্বাচন আয়োজন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন বিধিমালা অনুযায়ী ডিসেম্বরেই পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে চায় সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা দিতে বিধিমালার সংশোধন নিয়ে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কয়েক দফা বৈঠক করেছে ইসি। সংশোধিত অধ্যাদেশের গেজেট হাতে পাওয়ার পর সন্ধ্যার বৈঠকে নির্বাচন বিধি ও আচরণবিধিমালা সংশোধনের প্রায় সব কাজ শেষ করেছে কমিশন। বুধবার বা বৃহস্পতিবার বিধি চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে ইসি সূত্রে জানা যায়।
ডিসেম্বরে পৌরসভা নির্বাচন নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কমিশনার জানান, নির্দলীয়ভাবে নির্বাচন করতে গেলে আমাদের এত তাড়াহুড়া করতে হতো না। কারণ নির্বাচনের জন্য কী কাজ করতে হবে সব আগে থেকে ঠিক করা থাকে। এখন সরকার স্থানীয় নির্বাচন দলীয় ব্যানারে করতে চাওয়ায় কমিশনকে বিধি সংশোধনসহ সব কাজ দ্রুত করতে হচ্ছে।
তিনি আরো জানান, কিছু পৌরসভার মেয়াদও এর মধ্যে শেষ হয়ে গেছে। এ কারণে এগুলোতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতাও আছে। এ ছাড়া ২ জানুয়ারি ২০১৬ তারিখে নতুন ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। তখন তারা আবার ভোট দাবি করতে পারে। অনেকে মামলাও করতে পারে। তাই এসব ঝামেলা এড়ানোর জন্যই ডিসেম্বরেই এ নির্বাচন করার পক্ষে ইসি।
ইসির বেশ কজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয়ভাবে নির্বাচন হওয়ায় তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে বিধিমালায় প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ, দল মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সংক্রান্ত সংশোধন, প্রচারণায় সরকারি সুবিধাভোগীর বিধিনিষেধ এসব সংশোধন আনছে কমিশন। এছাড়া সবার জন্য সমান সুযোগ সৃষ্টি ও নির্বাচনকে প্রভাবমুক্ত করতে বেশ কিছু ধারা সংযোজন করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পাশাপাশি এমপি ও সিটি করপোরেশনের মেয়ররা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না বলেও বিধিতে এ সংশোধন আনা হচ্ছে।
অন্যদিকে, পৌর নির্বাচনের প্রস্তুতি হিসেবে, কমিশন ইতোমধ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার ২৪৫ পৌরসভার ভোটকেন্দ্র প্রস্তুত করতে সংশ্লিষ্ট পৌরসভাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করতে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে খসড়া ভোটকেন্দ্রের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কমিশন।
ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ডিসেম্বর হতে মার্চ পর্যন্ত সারাদেশে ২৪৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসমুহের ছোট-খাটো মেরামত করে নির্বাচনে ব্যবহার উপযোগী করতে অনুরোধ হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে পৌরসভা নির্বাচনে ২ কোটিরও বেশি ব্যালট মুদ্রণের জন্য বিজিপ্রেস ও আর্মি প্রিন্টিং প্রেসের সঙ্গে বৈঠকও করেছে ইসি।
পৌর নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার নির্বাচন অনেকটা সংসদ নির্বাচনের সাথে সাদৃশ্য থাকবে। এজন্যে নির্বাচনের বিধিমালা ও আচরণ বিধিমালায় সংশোধন করা হচ্ছে। বিধি সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কমিশন অনুমোদন দিলে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ নিয়ে কয়েক দফা বৈঠক করে ইসি। তবে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের অনুপস্থিতির কারণে বিধিমালাটি তার মতামতের জন্য রেখে দেয়া হয়েছে। তিনি কাজে যোগ দিলে কমিশন বৈঠকে বিধিমালা সংশোধন চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণা করা হবে।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘পৌরসভা অধ্যাদেশটি আমরা হাতে পেয়েছি। শিগগিরই খসড়া প্রণীত বিধিমালাটি চূড়ান্ত করে কমিশন বৈঠকে পাঠানো হবে। এরপর তা অনুমোদিত হলে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগেই জেনেছি সরকার দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, তাই নির্বাচনের আচরণবিধি ও নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনের খসড়া করে রেখেছি। এখন অধ্যাদেশের সঙ্গে মিলিয়ে আরো কিছু প্রয়োজনীয় সংশোধন করতে হলে যোগ করে কমিশন বৈঠকে ওঠাব।’
পৌর নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আইনে মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় আমরা ডিসেম্বরেই পৌরসভা নির্বাচন করব। তবে এখনও আমাদের হাতে বেশ কিছু কাজ বাকি আছে।’ ইসির তথ্যমতে, বর্তমানে সারাদেশে পৌরসভার সংখ্যা ৩২৩টি। এর মধ্যে ২০১১ সালে নির্বাচনী উপযোগী ২৬৯টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল সাবেক ড. শামসুল হুদা কমিশন। তবে এবার স্থানীয় সরকারের দেয়া তালিকা অনুযায়ী বর্তমানে ২৪৫টি নির্বাচন উপযোগী রয়েছে। এদিকে সোমবার দলীয় পরিচয়ে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ এর ৫৮ নং আইন) এর অধিতর সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার।
সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর (৫৫ক)-তে বলা হয়েছে, রাজনৈতিক দল আরপিও, ১৯৭২-এর অনুচ্ছেদ ২ (১২ এ)-তে সংজ্ঞায়িত নিবন্ধিত রাজনৈতিক দল। (৬১ক)-তে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী অর্থ কোনো প্রার্থী যিনি কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত নন। (২০ ক) বলেছে, নির্বাচনে অংশগ্রহণ ধারা ১৯ এর বিধান সাপেক্ষে কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। চলতি বছরের ১২ অক্টোবর এই আইনটি মন্ত্রিসভার অনুমোদন পায়।
বাংলামেইল
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী আমস্টারডামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
দেশটির অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলনি ভ্যান শুলজ হারস্যান, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।

বাসসের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ বিমানটি গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে আমস্টারডামের শিফল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি মোটর শোভাযাত্রা সহকারে দেশটির প্রশাসনিক রাজধানী দ্য হেগের একটি অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি ওই হোটেলেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আজ আনুষ্ঠানিক বৈঠকে বসবেন শেখ হাসিনা। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও দ্বিপক্ষীয় কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। রাতে তাঁর সম্মানে মার্ক রুটের দেওয়া এক নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নেদারল্যান্ডস যাওয়ার পথে গতকাল মঙ্গলবার সুযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতি করেন।
নিজস্ব প্রতিবেদক, সাভার ও গাজীপুর প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার নন্দনপার্কের সামনে কালিয়াকৈর-নবীনগর সড়কের চেকপোস্টের দায়িত্বরত শিল্প পুলিশের দুই সদস্যকে ছুরিকাঘাত ও গুলি করেছে দুর্বৃত্তরা। এতে কনস্টেবল মুকুল নিহত ও কনস্টেবল নূর আলম গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) একরাম হোসেন।

এসআই একরামের জানান, আশুলিয়া থানার অধীন শিল্প পুলিশের একটি দল নন্দন পার্কের সামনের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। একটি মোটরসাইকেলে করে দুই যুবক কালিয়াকৈরের দিক থেকে নবীনগরের দিকে যাচ্ছিলেন। সকাল পৌনে আটটার দিকে চেকপোস্টে পৌঁছালে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে থামান। সেটির কাছে যাওয়া মাত্রই ওই দুই যুবক মুকুল ও নুর আলমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় মুকুল ও নূর আলম দৌড়ে সড়কের পাশের একটি হোটেলের মধ্যে ঢুকে পড়েন। পরে ওই দুই যুবক পিছু পিছু এসে ওই হোটেলে ঢুকে আবারও তাঁদের ছুরিকাঘাত করেন এবং গুলি করেন। এরপর কয়েকটি ফাঁকাগুলি করে যুবকেরা চলে যান।
এসআই একরাম আরও বলেন, স্থানীয়রা গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে আশুলিয়া থানা-পুলিশের অ্যাম্বুলেন্সে করে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুকুল মারা যান। এনাম মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আহত নূর আলমের অবস্থাও গুরুতর। এই ঘটনার পর কালিয়াকৈর ও আশুলিয়া থানা-পুলিশ এবং র্যাব-১ এর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
নিজস্ব প্রতিবেদক: জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল করবে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার সকাল ১১টার দিকে আধাবেলা হরতালের শেষ মুহূর্তে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুনেএই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির একাংশের সভাপতি ইমরান এইচ সরকার। এসময় স্বতস্ফূর্ত হরতাল পালনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিলের পাশাপাশি শুক্রবার বিকাল ৩টায় সব পেশাজীবীর অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তিনি। এদিকে প্রকাশককে হত্যার প্রতিবাদে মঙ্গলবার গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবেই চলছে। শাহবাগ মোড়ে গণজাগরণ মঞ্চের কর্মীদের অবস্থানের কারণে ওই মোড় দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ হয়েছে।
পুলিশও রুপসী বাংলা মোড়, শিশুপার্কের সামনের সড়ক এবং আজিজ সুপার মার্কেট সংলগ্ন কাটাবন মোড় বন্ধ করে দিয়েছে। ফলে শহবাগ মোড় হয়ে কোনো যানবাহন চলাচল করছে না। গণজাগরণ মঞ্চের কর্মীরা শহাবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তুলছে ওই এলাকা। রাজধানীর অন্যান্য এলাকায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে অফিস সময়েও রাজধানীর কোথাও যানজট তৈরি হতে দেখা যায়নি। স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।
আজকের সকালের জেএসসি এবং জেডিসি পরীক্ষা পিছিয়ে দুপুর ২টায় করা হয়েছে। রাজধানীর সড়কে প্রাইভেট কার দেখা গেলেও সংখ্যায় ছিল কম। তবে রিকশা দেখা গেছে ব্যাপক সংখ্যায়। বাস চলাচল ছিল স্বাভাবিক। বেশিরভাগ স্টেশন থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে যথারীতি। লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনও যাত্রী নিয়ে সময়মতো ছেড়ে গেছে।
রাজধানী ছাড়াও, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশালসহ বিভিন্ন বিভাগীয় শহরের প্রধান প্রধান পয়েন্টে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মী। এসময় তারা হরতালের সমর্থনে শ্লোগান দিতে থাকে।
গত শনিবার জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে নিজ কার্যালয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা।
অনেকটা ভাগ্যের জোরেই বেঁচে গেছেন বিধ্বস্ত রুশ বিমানের ১৬ যাত্রী। উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে টিকেট বাতিল করায় তারা ওই দুর্ঘটনা থেকে রক্ষা পান। শনিবার ২২৪ আরোহী নিয়ে মিশরের সিনাই থেকে পিটার্সবার্গ যাওয়ার পথে ভেঙে পড়ে মেট্রোজেট এয়ার লাইন্সের ৯২৬৮ ফ্লাইটটি। এই দুর্ঘটনায় বিমানের সকল আরোহী প্রাণ হারিয়েছেন।
সোমবার ওই এয়ার লাইন্সের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, সিনাইয়ের শার্ম আল শেখ অবকাশকেন্দ্র থেকে পিটার্সবার্গ যাওয়ার কথা ছিল আরো ১৬ জনের। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে তারা তাদের টিকেট ক্যান্সেল করান। তারা ঠিক কি কারণে টিকেট বাতিল করেছিল তিনি তা জানাতে পারেননি।
ওই ১৬ জনের একজন হলেন ইকতারিনা গুনিনেন। তিনি তার ছেলেবন্ধুর সঙ্গে লোহিত সাগরের উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র শার্ম আল শেখে ছুটি কাটাতে গিয়েছিলেন। শনিবার তার মেট্রোজেটের বিমানে করে পিটার্সবার্গ ফেরার কথা ছিল। কিন্তু কিছু টাকা বাঁচানোর ধান্ধায় তিনি শেষে মুহূর্তে টিকেট বাতিল করেন। তিনি মেট্রোজেটের টিকেট ক্যান্সেল করে অপেক্ষাকৃত কম টাকায় অন্য বিমানের টিকেট কেটে দেশে ফেরেন।
এ সম্পর্কে তিনি স্থানীয় ‘রাশিয়া টুডে’ পত্রিকাকে জানিয়েছেন,‘ওই ফ্লাইটে উঠলে কি হত আমি জানি না। হয়ত অন্য আরোহীদের সঙ্গে আমিও মারা যেতাম।’ দেশে ফেরার আগে মিশর থেকে ফোন করে মাকে নিজের বেঁচে থাকার খবর জানাতে ভোলেননি ইকতারিনা।
নিউজ ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগার নতুন করে নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। রাজধানীর নাজিমুদ্দিন রোড থেকে শিগগিরই বন্দিদের কেরানীগঞ্জে নতুন এই কারাগারে স্থানান্তর করা হবে। নবনির্মিত কারাগার আগামী ১৫ নভেম্বর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
জেল কর্তৃপক্ষের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কারাগার উদ্বোধন করার জন্য সম্মতিও দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে বন্দিদের উদ্বোধনের দিনই এশিয়ার বৃহত্তম ও আন্তর্জাতিক মানের এই কারাগারে নেওয়া শুরু হবে। কারা কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, নতুন এ কারাগার আন্তর্জাতিক মানের। অপরাধীদের জন্য থাকছে আলাদা করে ভবন ও সেল। ফলে কারাগারে দুর্ধর্ষ খুনির সঙ্গে ছিঁচকে চোর কিংবা ছিনতাইকারীর সম্পর্ক আর তৈরি হওয়ার সুযোগ থাকছে না।
প্রকল্প ফাইল অনুযায়ী জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ব্যাপারে প্রথম ১৯৮০ সালের দিকে সিদ্ধান্ত হয়। কিন্তু সেটি আমলাতান্ত্রিক জটিলতায় আর বাস্তবায়ন হয়নি। মাঝখানে পেরিয়ে গেছে ৩৫টি বছর। সবশেষ ২০০৬ সালে একনেকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ২০১১ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয় আদেশে। কিন্তু পরে তিন দফায় প্রকল্প মেয়াদ বাড়িয়ে করা হয় ২০১৭ সাল পর্যন্ত। ২০০৭ সালে মাটি ভরাট শুরু হলেও ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১১ সালে। প্রথমে ব্যয় ৩১৭ কোটির কিছু বেশি ধরা হলেও পরে ব্যয় বাড়িয়ে ৪০৬ কোটি ৩৫ লাখ টাকা করা হয়।
কারা অধিদফতর সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে ১৯৪ দশমিক ৪১ একর জমির ওপর তৈরি হচ্ছে নতুন এ কারাগার। এর মধ্যে ৩১ একর জমিতে বন্দিদের জন্য ভবনের (পুরুষ-১) নির্মাণকাজ প্রায় সম্পন্ন। আর বাকি জমিতে কারারক্ষীদের থাকার ভবন ও বাউন্ডারি এরিয়া রয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ’।
কেরানীগঞ্জে কারাগার নির্মাণের স্থানে সরেজমিন গিয়ে দেখা যায়, এর আটটি ভবনের মধ্যে পাঁচটির কাজ সম্পন্ন হয়েছে। অপর তিনটির মধ্যে একটির ৪০ ভাগ, একটির ৩০ ভাগ ও আরেকটির ২০ ভাগ কাজ বাকি আছে। কারাভ্যন্তরের অন্য সব কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ ছাড়া সেল ভবন, শ্রেণিভিত্তিক বন্দিদের ভবন, কিশোর অপরাধীদের ভবন, মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী আসামি ভবনের কাজও সম্পন্ন হয়েছে।
কারাগারটিতে সাত থেকে আট হাজার বন্দি থাকতে পারবে। এর বেশিও থাকতে পারে। যদিও এর ধারণক্ষমতা রয়েছে ৫ হাজার। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি ধারণক্ষমতা কাগজে-কলমে ২ হাজার ৮২৬ জন থাকলেও বন্দি সংখ্যা ৭ হাজারের বেশি। মাঝেমধ্যে সেটাও ছাড়িয়ে যায়।
নতুন কারাগারে প্রতিটি ভবনের নিচতলায় একটি করে ডাইনিং হল থাকবে। প্রতিটি ভবনের পাশেই রয়েছে একটি করে রান্নাঘর, একটি পাম্পহাউস ও ২০টি করে টয়লেট। এ ছাড়া প্রতিটি কক্ষের সঙ্গে একটি করে টয়লেট ও হাত-মুখ ধোয়ার ব্যবস্থা রয়েছে।
কারাগারটিতে প্রতিটি সেল ভবনের ধারণক্ষমতা হবে ১০০ জনের। এর বেশিও থাকতে পারবে। কারণ, প্রতিটি ভবনে ১১২টি করে কক্ষ রয়েছে। কারা অভ্যন্তরের দক্ষিণে সেল ভবনের সামনে সীমানাপ্রাচীরের কাছাকাছি করা হয়েছে ফাঁসির মঞ্চ। ভবনের পাশে গুদাম, ময়দার কল, ধোপাখানা, লন্ড্রি ও সেলুনের ঘর। সীমানাপ্রাচীরের বাইরে চার কোনায় চারটি ওয়াচ টাওয়ার রয়েছে। যার উচ্চতা ৪০ ফুট।
কারাগারের বাইরে দর্শনার্থীদের ঘর, কারা কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের জন্য আলাদা ভবন, অফিসার্স ক্লাব, স্টাফ ক্লাব, স্কুল, মসজিদ ও মিলনায়তন নির্মাণ করা হচ্ছে।
এ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন জানান, ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে নতুন কারাগার উদ্বোধনের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তার আগে সব কাজ শেষ করতে জোর তৎপরতা চলছে।
তিনি জানান, এ কারাগারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো থাকবে। সীমানাপ্রাচীরের ভেতরে আরো একটি ছোট প্রাচীর নির্মাণ করা হয়েছে। যার ভেতরে ও বাইরে কারারক্ষীরা পাহারা দেবে। রাইজিংবিডি
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
১৬ সদস্যের এই দলে ফিরেছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাবভাও।
আগামী ৭ নভেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া সীমিত ওভারের এই সিরিজে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দেবেন এল্টন চিগুম্বুরা।
কিছুদিন আগে হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে খেলা চাকাবভা। ওই ম্যাচের পারফরম্যান্স চাকাবভার দলে ফেরার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। আর ক্রেমার গোঁড়ালির ইনজুরি কাটিয়ে ফিরেছেন।
কদিন আগে ঘরের মাঠে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে সিরিজ হারের হতাশা জিম্বাবুয়ে দ্রুতই কাটিয়ে উঠবে বলে বিশ্বাস দলটির নির্বাচক প্যানেলের আহ্বায়ক কেনয়ন জিয়েহলের।
দল ঘোষণার পর তিনি বলেন, ‘আমরা সিনিয়র জাতীয় দল নির্বাচন করেছি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের হতাশা আমরা দ্রুতই কাটিয়ে উঠব বলে বিশ্বাস করি। বাংলাদেশে গিয়ে দেখিয়ে দেব যে, আমরা প্রতিযোগিতা করতে সক্ষম।’
এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে দল :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, চামু চিভাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুমবামি, তাউরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার ও শেন উইলিয়ামস।