পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভেনেজুয়েলায় বিরোধীদের গণভোটে গুলি, নারী নিহত

ভেনেজুয়েলায় বিরোধী দলগুলোর আয়োজিত এক অনানুষ্ঠানিক গণভোটে বন্দুকধারীদের হামলায় এক নারী নিহত হয়েছেন।

নিহত জিওমারা সোলেদাদ স্কট (৬১) নার্সের কাজ করতেন বলে জানিয়েছে বিবিসি। রোববার রাজধানী কারাকাসের ক্রাতিয়া এলাকার একটি বুথের বাইরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকে আসা বন্দুকধারীরা ভোট দেওয়ার অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালালে চারজন আহত হন। হাসপাতালে নেওয়ার পরপরই জিওমারা মারা যান।

বিরোধীরা এ হামলার জন্য ‘আধাসামরিক’ বাহিনীর সদস্যদের দায়ী করেছেন। ভিডিও ফুটেজে গুলির পরপরই আতঙ্কিত লোকজনকে দৌড়ে কাছাকাছি চার্চের দিকে পালিয়ে যেতে দেখা গেছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ হামলার ঘটনা খতিয়ে দেখছেন।

২০১৮-র আগেই নতুন নির্বাচনের দাবিতে বিরোধীরা এ গণভোটের আয়োজন করেছিল।

বিভিন্ন এলাকার নাট্যমঞ্চ, খেলার মাঠ ও চৌরাস্তার মাথায় বসেছিল বুথ। বুথগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেথা গেছে বলে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন।

ভেনেজুয়েলার বাইরে শতাধিক দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের জন্যও ভোটের আয়োজন করা হয়েছিল বলে দাবি বিরোধী দলগুলোর।

মাদুরো এই গণভোটকে ‘অর্থহীন’ অ্যাখ্যা দিয়েছেন।

৩০ জুলাই দেশটিতে আনুষ্ঠানিক এক গণভোট হওয়ার কথা, যেখানে একটি নতুন অ্যাসেম্বলির প্রস্তাব করা হয়েছে যারা সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিলুপ্তির এখতিয়ার রাথবে।

সমালোচকরা বলছেন, নতুন এই সাংবিধানিক অ্যাসেম্বলি মাদুরোর ‘একনায়কতন্ত্র’কে আরো দীর্ঘায়িত করবে।

সাম্প্রতিক বছরগুলোতে ভেনেজুয়েলা গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটকাল অতিক্রম করছে। বিরোধী দলগুলো প্রেসিডেন্ট মাদুরোর শাসনের অবসানে তুমুল আন্দোলন চালিয়ে যাচ্ছে।

চলতি এপ্রিলের পর থেকে কেবল রাজনৈতিক সংঘর্ষেই দেশটিতে একশ’ জনেরও বেশি নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
সূত্র : বিডিনিউজ২৪।

Posted in আন্তর্জাতিক | Comments Off on ভেনেজুয়েলায় বিরোধীদের গণভোটে গুলি, নারী নিহত

পঞ্চাশ হাজার ডলার পেয়েছেন ট্রাম্পপুত্রের আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনী শিবির ট্রাম্পের বড় ছেলের প্রতিনিধিত্বকারী আইনী প্রতিষ্ঠানকে ৫০ হাজার ডলার দিয়েছে।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও রাশিয়ার আইনজীবীর বৈঠক নিয়ে সম্প্রতি গণমাধ্যমে ঝড় ওঠার মাত্র কয়েকদিন আগে প্রতিষ্ঠানটিকে এই অর্থ দেওয়া হয়।

শনিবার প্রকাশ করা যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনে নথি থেকে জানা গেছে, ২৭ জুন প্রতিষ্ঠানটিকে ওই অর্থ দেওয়া হয়। এর কয়েকদিনের মধ্যে গণমাধ্যমে ট্রাম্পপুত্রের সঙ্গে রুশ আইনজীবীর বৈঠকের তথ্য ফাঁস হয়।

ওই আইনী প্রতিষ্ঠানটি ট্রাম্প জুনিয়রের আইনজীবী অ্যালান এস ফুতারফাসের। ‘আইনী পরামর্শ’ ফিসের নাম করে প্রতিষ্ঠানটিকে ওই অর্থ দেওয়া হয়। কীসের জন্য বা কাকে পরামর্শ দিতে এই অর্থ দেওয়া হয়েছে সে সম্বন্ধে কোনো তথ্য নথিটিতে উল্লেখ নেই।

গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসে ট্রাম্প জুনিয়র ও রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলিনৎস্কায়ার বৈঠক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ফিউতেরফাস জুনিয়রের আইনজীবি হিসেবে গণমাধ্যমে কথা বলেন।

ট্রাম্প জুনিয়রের আইনজীবী হিসেবে কবে থেকে নিয়োগ পেয়েছেন সে বিষয়ে মুখ খোলেননি ফিউতেরফাস। কেন তারা ফিউতেরফাসকে অর্থ দিয়েছেন, এমন প্রশ্নে ট্রাম্পের পুনঃনির্বাচনী শিবিরের মুখপাত্রও কোনো মন্তব্য করেননি। 

নাতালিয়ার সঙ্গে ওই বৈঠককে রাশিয়ার সঙ্গে ট্রাম্পশিবিরের যোগাযোগের অংশ বলে দাবি করছে বিরোধীরা। হিলারির ‘ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে’ এমন তথ্য পাওয়ার আশায় ট্রাম্পপুত্র আগ্রহ নিয়ে বৈঠকটিতে অংশ নিয়েছিলেন বলে মার্কিন গণমাধ্যমের খবর।

যদিও সেই বৈঠকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছেন ট্রাম্প জুনিয়র।

রাশিয়ান আইনজীবি নাতালিয়াও ক্রেমলিনের সঙ্গে তার যোগসাজশের কথা অস্বীকার করে বলেছেন, হিলারিকে নিয়ে তথ্য দেওয়ার মতো অবস্থায় তিনি কখনোই ছিলেন না।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং রিপাবলিকান শিবিরের সঙ্গে তাদের যোগাযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও বিচার বিভাগের তদন্তের মধ্যেই ট্রাম্পপুত্রের এই বৈঠকের খবর নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বৈঠকে সোভিয়েত আমলের এক সাবেক গোয়েন্দাও উপস্থিত ছিলেন বলে এনবিসির এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প অবশ্য শুরু থেকেই রাশিয়ার সহায়তায় নির্বাচনে জয়ী হওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। অন্যদিকে মস্কোও যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে দাবি করে আসছে।

নির্বাচনে জয়ের পরপরই ট্রাম্প শিবির ২০২০ এর নির্বাচনে অংশ নেওয়ার আবেদন জমা দেয়। এর মাধ্যমে ট্রাম্প হোয়াইট হাউজে থাকা অবস্থায়ও তার ‘পুনঃনির্বাচনী প্রচার শিবির’ সমর্থকদের কাছ থেকে অর্থ তোলা ও খরচ করার অনুমোদন পায়।

২০১৭-র দ্বিতীয় ভাগে ট্রাম্পের পুনঃনির্বাচনী শিবির আট মিলিয়ন ডলার উত্তোলন করেছে বলে ফেডারেল ইলেকশন কমিশনে দেওয়া তথ্যে জানা যায়।  এই অর্থের বেশিরভাগই এসেছে সমর্থকদের দেওয়া ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের মাধ্যমে।

Posted in আন্তর্জাতিক | Comments Off on পঞ্চাশ হাজার ডলার পেয়েছেন ট্রাম্পপুত্রের আইনজীবী

চীনে এক বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে দোতলা একটি বাড়িতে আগুন লেগে অন্তত ২২ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার সময় জিয়াংসুর চাংশু শহরের ওই বাড়িতে আগুন লাগে।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 
সাংহাইয়ের উত্তর-পশ্চিম দিকের শহরটির ওই বাড়িতে কতো লোক বাস করত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

Posted in আন্তর্জাতিক | Comments Off on চীনে এক বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত ২২

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিযে যাবো: ম্যাক্রোঁ

ডেস্ক রিপোর্ট : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের নিস শহরে হামলার এক বছর পূর্তিতে হামলাস্থলে শ্রদ্ধা জানিয়ে এ প্রত্যয় জানান তিনি। এ উপলক্ষে সামরিক কুচকাওয়াজেও অংশ নেন তিনি। এর আগে বাস্তিল দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনে যোগ দেন তিনি।

এ যেন আলোর নাচন, বর্ণিল আতশবাজির খেলায় রাতের আঁধারেও যেন আকাশের আলোর ছটা। আইফেল টাওয়ার ঘিরে নানা আতশবাজির এ রঙের খেলা দেখতে প্যারিসে ভীড় করেন বিভিন্ন শহর থেকে আসা ফরাসিরা। শুক্রবার ফ্রান্সের বাস্তিল দিবস উপলক্ষে সবশেষ আয়োজন ছিলো এই আতশবাজির প্রদর্শনী। রঙ আর আলোর প্রদর্শনী বিমোহিত করে রাখে দর্শর্ণার্থীদের।

এর আগে বাস্তিল দিবস উপলক্ষে মার্কিন এবং ফরাসি বাহিনী যৌথভাবে সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করে। যেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সস্ত্রীক যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুচকাওয়াজের পাশাপাশি যুদ্ধ বিমানের প্রদর্শনী ও নানা কসরত দেখান বৈমানিকরা। এসময় ম্যাক্রোঁ বলেন, কোন কিছুই যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সুসম্পর্ক ভাঙতে পারবে না।

এরপর ম্যাক্রোঁ যান ফ্রান্সের নিস শহরে। যেখানে গত বছর বাস্তিল উৎসবে উপলক্ষে জড়ো হওয়া মানুষের ওপর দ্রুতগতিতে ট্রাক চালিয়ে নৃসংশ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলো ৮৬ জন,আহত হয় অর্ধশতাধিক। হতাহতদের প্রতি শ্রদ্ধা জানান ম্যাক্রোঁ। তাদের স্মরণে উপস্থিত সবাই ১ মিনিট নিরবতা পালন করেন। দিনটি উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করে নগর কর্তৃপক্ষ। কুচকাওয়াজের পাশাপাশি যুদ্ধবিমান প্রদর্শনীরও আয়োজন করা হয়।

ঐ হামলায় হতাহতদের সাহায্যকারী দুজন পুলিশ, একজন দমকলকর্মী ও দুই বেসামরিক নাগরিককে সম্মানজনক মেডেল পরিয়ে দেন ম্যাক্রোঁ। ব্যক্তিগতভাবে তিনি ওই হামলায় হতাহতদের পরিবারের সঙ্গে কথাও বলেন। তিনি বলেন, তার সরকার সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাবে।

ম্যাক্রোঁ বলেন, ‘যে মানুষগুলো হামলায় নিহত হয়েছে আমরা কি তাদের ভুলে যাবো? আমরা তাদের কোনভাবেই ভুলবো না। আমাদের ওপর হামলাকারী সন্ত্রাসীরা আমাদের চোখে অশ্রু দেখে নারকীয় আনন্দ পেতে চায়। ক্ষমাহীন ও কঠোরভাবে আমরা তাদের জবাব দেব। সীমান্তের ভেতর এবং বাইরে সবজায়গায় আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিযে যাবো।’

নিস হামলায় এক বছর পূর্তিতে হতাহতদের স্মরণে শুক্রবার বিশেষ কনসার্টেরও আয়োজন করা হয়। ফ্রান্সে এমন ভয়াবহ হামলার পুণরাবৃত্তি যাতে না ঘটে এবং সবাই যেন নিরাপদে থাকে সে প্রার্থনাই করেন সবাই।

Posted in আন্তর্জাতিক | Comments Off on সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিযে যাবো: ম্যাক্রোঁ

গ্যাস আমদানিতে কাতার-বাংলাদেশ ১৫ বছরের চুক্তি

পেট্রোবাংলার নামপ্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্তকর্তার বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল প্ল্যাটস জানিয়েছে, চুক্তিতে সই করার জন্য বুধবার কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান রাসগ্যাসের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। বৃহস্পতিবার দোহা এবং ঢাকার মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে ওই চুক্তি সম্পন্ন হয়। কাতারের রাসগ্যাস এবং বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত পেট্রোবাংলা এই চুক্তিতে সই করে। নগরীর পেট্রোসেন্টারে সই হওয়া এই প্রাথমিক চুক্তি অনুযায়ী ১৫ বছরের ধরে বছরে প্রায় ২.৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে বাংলাদেশ।

গ্লোবাল প্ল্যাটস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাসের বিপুল চাহিদা পূরণের জন্য বাংলাদেশ প্রথমবারের মতো এই জ্বালানি আমদানি করতে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার সেই কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেই চুক্তিটি হওয়ার কথা ছিল। কিন্তু মূল্য নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত তখন চুক্তিটি থেমে যায়। বৃহস্পতিবার দুই পক্ষ আবারো মূল্য-বিষয়ক বিভিন্ন ফরমুলা নিয়ে আলোচনা করে। পরে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মূল্যের আলোকে গ্যাসের দাম নির্ধারণ করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়। প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবারের বৈঠকে দাম পরিশোধের পদ্ধতি, চুক্তির মেয়াদ, গ্যাসের মান ইত্যাদি নিয়ে আলোচনা হয়। তবে ওই কর্মকর্তা এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। তিনি এগুলোকে ‘অতি গোপন’ বিষয় হিসেবে অভিহিত করেন।

গত জুনে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফাইজুল্লাহ গ্লোবাল প্ল্যাটসকে বলেছিলেন, কাতার সফরকালে কাতারের রাসগ্যাসের সাথে সরকারি পর্যায়ে প্রাথমিক আলোচনা চূড়ান্ত করেছেন। তারা মূল্য ছাড়া সব ইস্যুর সমাধান করেছেন।

Posted in আন্তর্জাতিক | Comments Off on গ্যাস আমদানিতে কাতার-বাংলাদেশ ১৫ বছরের চুক্তি

হাওয়াইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনলুলুতে ৩৬ তলা একটি ভবনে আগুন লেগে অন্তত তিনজন মারা গেছেন।

শুক্রবারের এ ঘটনায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আরও দুইজন অসুস্থ হয়ে পড়েছেন বলে গণমাধ্যমের খবর।

ওই দিন দুপুর সোয়া ২টার দিকে বহুতল ভবন মার্কো পোলোর ২৬ তলায় আগুনের সূত্রপাত হয়ে কিছুক্ষণের মধ্যেই ওপরে-নিচে বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।

বিভিন্ন গণমাধ্যমে সম্প্রাচারিত ফুটেজে ভবনটির কয়েকটি তলায় আগুন জ্বলতে ও সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। এ সময় ওই তলাগুলোর জানালা থেকে পোড়া ভস্ম নিচে পড়তেও দেখা যায়।

আগুন নিয়ন্ত্রণে আনতে একশরও বেশি দমকল কর্মী কাজ করছেন। অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, দমকল কর্মীরা ভবনটির অন্যদিকের বারান্দা থেকে আগুনে পানি ছিটাচ্ছেন আর ভবনটির ওপরে একটি হেলিকপ্টার চক্কর দিচ্ছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে হাওয়াইয়ের দমকল প্রধান ম্যানুয়েল নেভেস জানান, ভবনটির ২৬ তলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে আর বিস্তারিত কিছু জানানি তিনি।
চিকিৎসা কর্মীরা বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ধোঁয়ার শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়া অন্তত দুইজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল হলেও অপরজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভবনটির অ্যাপার্টমেন্টগুলোতে লোকজনের আটকা পড়ার কথা জানিয়েছেন দমকল কর্মকর্তারা, তবে কতোজন আটকা পড়েছেন তা নিশ্চিত করতে পারেননি তারা।
ভবনটি থেকে সরিয়ে আনা লোকজনকে স্থানীয় একটি পার্কের অস্থায়ী আশ্রয়ে রাখা হয়েছে বলে টুইটারে জানিয়েছে হাওয়াই রেডক্রস।

আগুনের কারণে বহুতল ভবনটির সামনের বড় সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে একই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে হনলুলু পুলিশ বিভাগ।
একমাস আগে ১৪ জুন লন্ডনে ২৪ তলা একটি ভবনে লাগা আগুনে পুড়ে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছিল। 

Posted in আন্তর্জাতিক | Comments Off on হাওয়াইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩

পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে বিতর্কের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে এখনও সেই সময় আসেনি বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

৭ জুলাই জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের প্রথম দিন শুক্রবার প্রথমবারের মত ট্রাম্প-পুতিন মুখোমুখি বৈঠক করেন।
প্রায় সোয়া দুইঘণ্টার ওই বৈঠকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে পুতিনকে কড়া কথা না বলায় ডেমোক্রেটিক নেতারা ট্রাম্পের সমালোচনা করেছেন।
গতবছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় রুশ হ্যাকারদের হস্তক্ষেপের অভিযোগে তদন্ত
চলছে।

ট্রাম্পকে জেতাতে মস্কোর নির্দেশে হ্যাকিং হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

গত বছর জুনে নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্প টাওয়ারে রাশিয়ার আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎস্কায়ার সঙ্গে সাক্ষাতের কথা সম্প্রতি স্বীকার করেছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের জন্য ক্ষতিকর তথ্য থাকতে পারে এমন প্রস্তাবের পর ভেসেলনিৎস্কায়ার সঙ্গে দেখা করেন বলেও জানিয়েছেন ট্রাম্প জুনিয়র।

এ বিষয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, রুশ আইনজীবীর সঙ্গে ছেলের সাক্ষাতের খবর তার কাছে ছিল না।

সূত্র : বিডিনিউজ২৪।

Posted in আন্তর্জাতিক | Comments Off on পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন ট্রাম্প

বাংলাদেশকে ৭০টি রেল ইঞ্জিন দেবে সুইজারল্যান্ড

রেল যোগাযোগ নেটওয়ার্ককে জোরদার করতে  বাংলাদেশকে ৭০টি রেল ইঞ্জিন দেবে সুইজারল্যান্ড। এজন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে।

সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত ক্রিস্টিন ফটশ্চ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী রেলওয়ে খাতে সহযোগিতার জন্য সুইস সরকারকে ধন্যবাদ জানান।’

শেখ হাসিনা বলেন, ‘এই সহযোগিতার ফলে প্রতিবেশী দেশ ও দেশের মধ্যে রেল যোগাযোগের উন্নতি হবে ।’
সুইস রাষ্ট্রদূত বিগত বছরগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও অব্যাহত জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেন।
তার দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘সুইজারল্যান্ডের একটি কোম্পানি বাংলাদেশে এলএনজি রফতানির লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।’

বৈঠকে প্রধানমন্ত্রী এখানকার সাশ্রয়ী শ্রম বাজার ও অন্যান্য সুবিধার প্রেক্ষাপটে বাংলাদেশে বিনিয়োগ করতে সুইস বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পূর্বাঞ্চলের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর স্বপ্ন বাস্তবায়নের আগেই এই মহান নেতাকে হত্যা করা হয়।’

প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক আরও সম্প্রসারণে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।’
সূত্র: বাসস

Posted in আন্তর্জাতিক, জাতীয় | Comments Off on বাংলাদেশকে ৭০টি রেল ইঞ্জিন দেবে সুইজারল্যান্ড

সহযোগিতা বাড়াতে একটি চুক্তি, ১৩টি সমঝোতা বাংলাদেশ ও শ্রীলঙ্কার

ডেস্ক রিপোর্ট : দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহনি যাতায়াতে একটি চুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ১৩টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

শুক্রবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতায় সই হয়।
দ্বিপক্ষীয় বৈঠকে শ্রীলঙ্কার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপ্রধান হিসাবে বাংলাদেশে প্রথম সফরে আসা সিরিসেনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান শেখ হাসিনা।

দুই নেতার একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে করবীতে তাদের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতায় সই হয়।
চুক্তি:

দুই দেশের কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ছাড়া যাতায়াতে চুক্তি
সমঝোতা:
>> কৃষি খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও সিলন শিপিং করপোরেশনের (সিএসসি) মধ্যে সমঝোতা স্মারক
>> উচ্চ শিক্ষা খাতে সহযোগিতা বিষয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ ফরেইন সার্ভিস একাডেমি (এফএসএ) ও শ্রীলঙ্কার বন্দরনায়েক ডিপ্লোমেটিক ট্রেইনিং ইনস্টিটিউটের (বিআইডিটিআই) মধ্যে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও লক্ষণ কাদিরাগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (এলকেআইআইআরএসএস) মধ্যে সমঝোতা স্মারক
>> আর্থিক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ডের মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক
>> দুই দেশের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিএসটিআই ও সিএলএসআইয়ের মধ্যে সমঝোতা স্মারক
>> তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও শ্রীলঙ্কার জাতীয় সংবাদ সংস্থা লঙ্কাপুভাত লিমিটেডের মধ্যে তথ্য ও সম্প্রচার সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক
>> দুই দেশের রেডিও, টিভি ও চলচ্চিত্র শিল্পে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক
>> চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিআইএফটি) ও শ্রীলঙ্কা ইনস্টিটিউট অব অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইলের (এসএলআইটিএ) মধ্যে যোগাযোগ বাড়াতে সমঝোতা স্মারক
>> বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক
দ্বিপক্ষীয় বৈঠক এবং চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
পররাষ্ট্র সচিব বলেন, “আজ সন্ধ্যায় বা কাল একটা জয়েন্ট স্টেটমেন্ট আমরা ইস্যু করব। জয়েন্ট স্টেটমেন্টের নেগোশিয়েশন হয়ে গেছে। এটা ৩৫ প্যারার।”

এই প্রথম বাংলাদেশ ও শ্রীলঙ্কার একটি যৌথে বিবৃতি আসছে জানিয়ে সচিব বলেন, এর মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) পাচ্ছে।
“আগে যেটা ছিল যে, এই সম্পর্কটা ভাসা ভাসা থাকত। হয়তো কোনো সময় কিছু একটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, অনেকদিন পর আমরা ভুলে যেতাম কি হয়েছে। এই ১৪টা ইন্সট্রুমেন্ট ও জয়েন্ট স্টেইটমেন্টের মধ্য দিয়ে  দুই দেশের সম্পর্কের একটা স্ট্রাকচার হল।”

এই যৌথ ঘোষণায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার  করার অঙ্গীকারের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কের রূপরেখাও আরও স্পষ্ট হবে বলে পররাষ্ট্র সচিব জানান। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
এই সফরে সিরিসেনা থাকছেন ঢাকার সোনারগাঁও হোটেলে। রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশে এটা তার প্রথম সফর হলেও এর আগে ২০১৩ ও ২০১৪ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি ঢাকা ঘুরে গেছেন।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট সিরিসেনা। সেখানে তার সম্মানে দেওয়া এক ভোজেও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে থাকবেন।
শনিবার ঢাকা ছাড়ার আগে একটি বাণিজ্য সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার।

Posted in আন্তর্জাতিক, জাতীয়, ব্যবসা-অর্থনীতি, রাজনীতি | Comments Off on সহযোগিতা বাড়াতে একটি চুক্তি, ১৩টি সমঝোতা বাংলাদেশ ও শ্রীলঙ্কার

সিরিসেনার সফরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ১০টি চুক্তি হবে

তাকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
উড়োজাহাজ থেকে নামার পরপরই রীতি অনুযায়ী দুটি শিশু শ্রীলঙ্কান প্রেসিডেন্টকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় তাকে; তিন বাহিনীর সুসজ্জিত দল তাকে দেয় গার্ড অব অনার।

গার্ড পরিদর্শন শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, কূটনৈতিক কোরের ডিন বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়াসুজা গুনাসেকারা, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং তিন বাহিনীর প্রধান।

সিরিসেনার সফর উপলক্ষে রাজধানী ঢাকার পাশাপাশি বিমানবন্দর এলাকাও বর্ণিল সাজে সাজানো হয়েছে। টার্মিনালের উপরে এবং সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপুল সংখ্যক পতাকা রয়েছে সেই সাজে।

ভিভিআইপি টার্মিনালের দু’পাশে দুই রাষ্ট্র প্রধানের দুটি বড় ছবি স্থাপন করা হয়েছে এবং টার্মিনালের উপরে বড় করে লেখা ‘স্বাগতম হে মহামান্য অতিথি’। এর সঙ্গে স্বাগত বক্তব্যের ইংরেজি অনুবাদও রয়েছে।

রাষ্ট্রপ্রধান হিসেবে মাইথ্রিপালা সিরিসেনার প্রথম বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে অন্তত ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৩ ও ২০১৪ সালে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশ ঘুরে গিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
পরে তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করবেন।

শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন সিরিসেনা। সেখানে তার সম্মানে দেওয়া এক ভোজেও অংশ নেবেন তিনি।
শনিবার ঢাকা ছাড়ার আগে এক বাণিজ্য সংলাপে অংশ নেবেন তিনি।

Posted in আন্তর্জাতিক, রাজনীতি | Comments Off on সিরিসেনার সফরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ১০টি চুক্তি হবে

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud