পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আবারো প্রটোকল ভাঙ্গলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিরাপত্তা প্রোটোকল ভেঙে প্রবাসী বাংলাদেশিদের কাছে ছুটে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেনের স্টকহোমে এ দৃশ্যটি মোবাইলে ধারণ করেন এক বাংলাদেশি সাংবাদিক।

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়ি হোটেলে আসার আগেই সড়কের উল্টোপাশে তাঁর জন্য অপেক্ষা করছিলেন প্রবাসী বাঙালিরা। গাড়ি থেকে নামার পর প্রধানমন্ত্রীকে করতালি দিয়ে শুভেচ্ছা জানান তারা।

এরপরই নিরাপত্তা বলয় ভেঙে প্রায় দৌঁড়ে সড়ক পার হয়ে তাঁদের কাছে ছুটে যান বঙ্গবন্ধু কন্যা। এসময় সবার সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। জানতে চান তাদের নানা সুবিধা-অসুবিধার কথা। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা।

 

সুইডেনের রাজধানী স্টকহোমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশ…

সুইডেনের রাজধানী স্টকহোমে প্রোটকল ভেঙ্গে প্রবাসী বাংলাদেশীদের সাথে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশল বিনিময়। ভিডিও কারটেসিঃ Mamunur Rashid

Posted by Zunaid Ahmed Palak on Friday, June 16, 2017

Posted in জাতীয়, প্রবাসী জীবন, রাজনীতি | Comments Off on আবারো প্রটোকল ভাঙ্গলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্বিপাক্ষিক সফর শেষে প্রধানমন্ত্রী এখন ঢাকায়

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফ্যান লোফভেনের আমন্ত্রণে অনুষ্ঠিত তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ন’টার কিছু আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

বিমান বন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সুইডেনে সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী গতকাল স্থানীয় সময় বিকেল ৬টার পর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করেন।

সুইডেনে তিনদিনের সফরে প্রধানমন্ত্রী দেশটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও, বৈঠক করেছেন সেদেশের ব্যবসায়ীদের সঙ্গে।

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on দ্বিপাক্ষিক সফর শেষে প্রধানমন্ত্রী এখন ঢাকায়

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে তিনদিনের সরকারি সফর শেষে আজ  শুক্রবার (১৬ জুন) লন্ডন হয়ে ঢাকার উদ্দেশে স্টকহোম ত্যাগ করেছেন। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে সুইডেনের অরল্যান্ড বিমান বন্দর থেকে ছেড়ে যায়।

সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এটি ছিল সুইডেনে বাংলাদেশের কোনও সরকার প্রধানের প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক সরকারি সফর।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এই বৈঠকের আগে একই স্থানে উভয় নেতা একান্তে বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রীর দেওয়া ভোজসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী রয়্যাল প্যালেসের অডিয়েন্স হলে সুইডেনের রাজা ষোড়শ গুস্তাভ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার টোবিয়াস বিলস্টর্মের সঙ্গে বৈঠক করেন।

সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেলা লোভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মর্গান জোহানসন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গ্র্যান্ড হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ-সুইডেন বাণিজ্য ও বিনিয়োগ ফোরামের একটি বিজনেস ডায়ালগে অংশ নেন এবং প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

সফরকালে এইচ এন্ড এম কার্ল-জোহান পেরসন এর সিইও এবং ইনভেস্টর জ্যাকব ওয়ালেনবার্গ এর প্রেসিডেন্ট, ইনভেস্টর মার্কুস ওয়ালেনবার্গ এর ভাইস-প্রেসিডেন্ট এবং এবিবি সুইডেন জোহান সডারস্টর্ম এর সিইও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র- বাসস।

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পাহাড় ধসের উদ্ধার কাজ ও পুনর্বাসনে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের তিন জেলায় পাহাড় ধসে শতাধিক লোকের প্রাণহানি ও অনেকে আহত হয়েছেন। লন্ডন থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার কাজ ও পুনর্বাসন সম্পর্কে নিজের মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
বুধবার (১৪ জুন) রাঙামাটি পার্বত্য জেলার মানিকছড়ি, ভেদভেদি সদর হাসপাতাল ও অন্যান্য আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল। ঘটনাস্থল থেকে শেখ হাসিনার সঙ্গে কথা বলে সবশেষ পরিস্থিতি জানিয়ে দিকনির্দেশনা নেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সঙ্গে ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। পরে ড. নাসের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা দেন।
প্রসঙ্গত, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের দ্বিপক্ষীয় সফর করতে গেছেন শেখ হাসিনা। স্টকহোমের পথে লন্ডনে ২৪ ঘণ্টার যাত্রাবিরতি করেন তিনি। সুইডেনে বাংলাদেশের কোনও সরকার প্রধানের এটি হবে প্রথম সফর।
সূত্র: বাসস
Posted in জাতীয়, রাজনীতি, সারা দেশ | Comments Off on পাহাড় ধসের উদ্ধার কাজ ও পুনর্বাসনে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

স্টকহোমের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের লন্ডনে ২৪ ঘণ্টার যাত্রাবিরতি শেষে বুধবার (১৪ জুন) স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্টকহোমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন তিনি।
স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি (এসকে-৫২৮) শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
স্টকহোমের পথে লন্ডনের উদ্দেশ্যে মঙ্গলবার (১৩ জুন) ঢাকা থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। সুইডেনে বাংলাদেশের কোনও সরকার প্রধানের এটি হবে প্রথম সফর।
শেখ হাসিনা বুধবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। বৈঠকে তিনি ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এছাড়া সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন ও ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও ভোজসভার আগে রয়্যাল ক্যাসলে সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ হবে তার।
এদিন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা এবং ১৬ জুন বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে এইচ অ্যান্ড এম-এর সিইও কার্ল-জোহান পারসন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনের সুইডেন সফর শেষে ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on স্টকহোমের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ৬০ সদস্যের উদ্ধার টিম

কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় ধসে পার্বত্য জেলা রাঙামাটিতে বুধবার (১৪ জুন) রাত পর্যন্ত ১০৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হলেও বৃহস্পতিবার সকাল থেকে তা পুনরায় চালু হবে। এ কাজে যোগ দিতে চট্টগ্রাম থেকে রাঙামাটি পৌঁছেছে ৬০ সদস্যের একটি টিম। সকাল থেকে উদ্ধার অভিযানে যোগ দেবে টিমটি।
বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে কমপক্ষে ১৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতেই সেনা কর্মকর্তাসহ নিহতের সংখ্যা ১০৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ৬০ সদস্যের উদ্ধার টিম সন্ধ্যায় রাঙামাটি এসে পৌঁছেছে। সকালে তারা উদ্ধার অভিযানে যোগ দেবে। বৃহস্পতিবার উদ্ধার অভিযান শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসক মানজুরুল মান্নান জানান, রাঙামাটি সদরে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্যসহ ৫৩ জন, কাপ্তাইয়ে ১৮ জন ও কাউখালীতে ২৩ জন, বিলাইছড়িতে ২ জন ও জুড়াইছড়িতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাঙামাটি সদর হাসপাতালে আহত ৫৬ জন ভর্তি রয়েছেন।
রাঙামাটিতে গত ১২ জুন থেকে শুরু হওয়া বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। ধসে পড়া মাটির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে।
বুধবার জেলা প্রশাসক সরকারি সব বিভাগের প্রধানদের নিয়ে একটি বৈঠক করেছেন।
এ বৈঠকে দুটি কমিটি গঠন করা হয়েছে। জেলার সরকারি সব বিভাগের প্রধানদের নিয়ে করা হয়েছে ত্রাণ বিতরণ কমিটি। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারকে আহ্বায়ক করে ৫ সদস্যের ত্রাণ বিতরণ ও পুনর্বাসন উপদেষ্টা কমিটি।
পাহাড় ধসের ক্ষয়ক্ষত নিরূপণ করতে একটি অ্যাসেসমেন্ট কমিটিও গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। এতে স্থানীয় সব ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড সদস্যরা থাকবেন। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পশু সম্পদ বিভাগের একজন করে প্রতিনিধিও থাকবেন কমিটিতে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার জানিয়েছেন, রাঙামাটিতে এ পর্যন্ত ৪০ লাখ টাকা ত্রাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে। মঙ্গলবার ১০টি আশ্রয়কেন্দ্রে ৮ শতাধিক মানুষ থাকলেও বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮।
সরেজমিনে দেখা গেছে, জেলায় বিদ্যুৎ নেই, মোবাইল ফোনের নেটওয়ার্কেও সমস্যা দেখা দিয়েছে। বুধবার সড়ক পথে অভ্যন্তরীণ যোগাযোগ চালু হয়েছে। তবে আন্তঃজেলা বাস চলাচল এখনও বন্ধ। স্থানীয়দের আশঙ্কা, দু’দিনের মধ্যে শহরে যদি পণ্য ঢুকতে না পারে পুরো জেলায় খাদ্যাভাব দেখা দিতে পারে। সিএনজিসহ যানবাহনের জ্বালানি তেল সংগ্রহে পাম্পগুলোতে উপচেপড়া ভিড়। পাম্পগুলোতে বৃদ্ধি পেয়েছে ডিজেলের দাম। অনেক পাম্পে ছোটখাটো বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।
Posted in জাতীয়, সারা দেশ | Comments Off on চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ৬০ সদস্যের উদ্ধার টিম

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে দেশটির রাজধানী স্টকহোম যাওয়ার পথে মঙ্গলবার (১৩ জুন) বিকালে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-০০১) ফ্লাইটটি স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে ফোনে বাসসকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতি শেষে শেখ হাসিনা বুধবার (১৪ জুন) বিকালে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্টকহোমের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

বাংলাদেশের কোনও সরকারপ্রধানের স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে এটি হবে প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরে শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ জুন) সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সফরে প্রধানমন্ত্রী সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন করবেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও ভোজসভার আগে শেখ হাসিনা রয়্যাল ক্যাসলে সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
প্র

ধানমন্ত্রী ১৫ জুন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠান এবং ১৬ জুন বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ অ্যান্ড এম-এর সিইও কার্ল-যোহান পার্সন, ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকোব ওয়ালেমবার্গ ও ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

তিন দিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী শনিবার (১৭ জুন) লন্ডন হয়ে দেশে ফিরবেন।

সূত্র : বাসস।

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দেশে শূন্য পদ রয়েছে ৩ লাখ ২৮ হাজার: জনপ্রশাসনমন্ত্রী

বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদ রয়েছে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় সংসদে একথা জানিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ মন্ত্রী বলেন, শূন্য পদ পূরণের কাজ চলছে। মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার অনুযায়ী কর্ম কমিশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৮ম-১২তম গ্রেড) শূন্যপদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এছাড়া ১৩-২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগ জনবল নিয়োগ দিয়ে থাকে।
তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন। বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন। এর মধ্যে প্রথম-নবম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদে ১ লাখ ৪৮ হাজার ৮১৯টি।
দেশ দুধ ও ডিমের ঘাটতি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক জানান, দেশে প্রতিদিন দুধের ঘাটতি ২ কোটি ৩ লাখ ১৭ হাজার ৮০৮ লিটার। আর ডিমের ঘাটতি ১ কোটি ৩২ লাখ ২৬০টি।
এমপি পিনু খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিন ৪ কোটি ২ লাখ ৪৯ হাজার ৩১৫ লিটার দুধের চাহিদার বিপরীতে ১ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৫০৭ লিটার এবং ৪ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৯৭৩টি ডিমের বিপরীতে ৩ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৭১৩টি ডিম উৎপাদিত হয়।
এই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ২৬০ প্রজাতির মিঠাপানির মাছ, ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ, ১২ টি বিদেশি প্রজাতির মাছ, ২৪ প্রজাতির মিঠাপানির চিংড়ি ও ৩৬ প্রজাতির সামুদ্রিক চিংড়ি রয়েছে। আইইউসিএন তথ্য অনুযায়ী, ২৮ প্রজাতির মিঠা পানির মাছ বিলুপ্তির পথে, ৫৪টি প্রজাতি হুমকিতে, ১২টি প্রজাতি খুবই বিপদগ্রস্ত ও ১৪টি প্রজাতি ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে।
বৈশ্বিক উষ্ণতায় টেকসই উন্নয়নে বাধা: সরকার দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাবের ফলে বাংলাদেশ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
সরকার দলের এমপি আবুল কালামের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, ভারতের সঙ্গে আলোচনা করে তিস্তা চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিস্তা ছাড়াও ফেনী নদীর অন্তবর্তীকালীন পানি বন্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নদীর পানি বণ্টন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র : বাংলাট্রিবিউন।
Posted in জতীয় সংসদ, জাতীয়, রাজনীতি | Comments Off on দেশে শূন্য পদ রয়েছে ৩ লাখ ২৮ হাজার: জনপ্রশাসনমন্ত্রী

অনলাইনে স্বপ্নের টিকিট

এ মাসের শেষেই ঈদুল ফিতর। দীর্ঘ লাইন,রোজা থেকে সারাদিন অপেক্ষার হেনস্তা ও টিকিট বিক্রেতাদের কালোবাজারি ঠেকাতে, সরাসরি কাউন্টারে টিকিট বিক্রির পাশাপাশি এবার বেশ কিছু বাস কোম্পানি অনলাইনেও তাদের টিকিট বিক্রি করছে। কিন্তু মিলছে কি সেই স্বপ্নের টিকিট? বিক্রেতা প্রতিষ্ঠানের দাবি, চাহিদার মাত্র ১০ থেকে ৩০ শতাংশ টিকিট অনলাইনে ছেড়েছে বাস কোম্পানিগুলো। আর বাস মালিকরা বলছেন, সম্পূর্ণ অনলাইন সার্ভিস চালু করতে প্রয়োজন আরও অবকাঠামোগত উন্নয়ন।
দেশ ট্রাভেলস,ন্যাশনাল ট্রাভেলস,এস আর ট্রাভেলস,নাবিল ট্রাভেলস,টিআর ট্রাভেলসসহ অনেক কোম্পানিই টিকিট বিক্রির জন্য নির্ভর করছে অনলাইনের ওপর । এছাড়া ট্রেনের টিকিটের শতকরা পঁচিশ ভাগ বরাদ্দ রয়েছে অনলাইনে বিক্রির জন্য। তবে যেসব ব্যক্তি নির্বিঘ্নে অনলাইনে টিকিট পেয়েছেন, তারা স্বস্তির কথা বলছেন।

তথ্য প্রযুক্তির উন্নয়নের এই যুগে ঘরে বসে বাস কিংবা ট্রেনের টিকিট কাটা খুবই জনপ্রিয় একটি বিষয়। ঈদে মানুষের গ্রামে যাত্রাকে সহজ করতে সহজ ডট কম,বাস বিডি ডট কম-এর মতো ওয়েবসাইট বিভিন্ন বাস কোম্পানির টিকিট অনলাইনে বিক্রি করছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার চেয়ে ঘরে বসে টিকিট কাটতে চান অনেকেই। কিন্তু চাইলেই তো হবে না। বাংলাদেশের মতো দেশে অনলাইনে টিকিট কাটা একদিকে যেমন জনপ্রিয়, অন্যদিকে অনেকের কাছে ভোগান্তির কারণ।
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুন্নাহার মিষ্টি। গ্রামের বাড়ি রাজশাহীতে যাওয়ার জন্য তিনি টিকিট কিনেছেন বাস বিডি ডটকম থেকে। তিনি বলেন, ‘ঘরে বসে সহজেই বাড়ি যাবার টিকিট পেয়ে গেলাম। এই বৃষ্টির মধ্যে বাইরে যেয়ে ভোগান্তির শিকার হতে হলো না। তবে অনলাইনে টিকিট কাটা নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা ও অনিশ্চয়তা কাজ করে। আর এর জন্য চাই সঠিক মনিটরিং এবং নিশ্চয়তা।’

নলাইনে টিকিট বিক্রির জনপ্রিয় ওয়েবসাইট সহজ ডট কম এর অপারেশন ম্যানেজার তোফায়েল আহমেদ মজুমদার  জানান, এবার ঈদে প্রায় ৪৫টি বাস সার্ভিস আমাদের মাধ্যমে টিকিট বিক্রি করছে। বাস কোম্পানিগুলো অনলাইনে যত বেশি টিকিট দেবে গ্রাহকদের জন্য তত ভালো হবে। বাইরে লাইনে না দাঁড়িয়ে থেকে অনলাইনে টিকিট কেনাটা বুদ্ধিমানের কাজ। তবে মোট টিকিটের মাত্র ১০ থেকে ৩০ ভাগ টিকিট আমাদের দেওয়া হয়। অনলাইনে আরও বেশি টিকিট বিক্রির সুযোগ থাকলে যাত্রীদের ভোগান্তি অনেক কমে যেত। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সেবা দিতে পারছি না। আমাদের যে সক্ষমতা এবং যে পরিমাণ চাহিদা, তার খুব কমই আমরা পূরণ করতে পারছি।’

সক্ষমতা থাকার পরও কেন অনলাইনে টিকিট বিক্রিতে মনোযোগ দেওয়া হচ্ছে না প্রশ্নে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ তালুকদার ফয়সাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবার অবকাঠামো আছে এমন না,এটা সক্ষমতার ব্যাপার। আমাদের যোগাযোগ ব্যবস্থার ডেভেলপমেন্টের ইতিহাস যদি খেয়াল করেন, তাহলে দেখবেন প্রথমে ছিল হাতে লেখা টিকিট । তারপর আসলো কম্পিউটারাইজড প্রিন্ট করা টিকিট, আর এখন অনলাইন আসছে । আস্তে আস্তে সবাই অনলাইনের দিকে ঝুকছে। সংখ্যা বাড়ছে। এটাতো আর হুট করে হবে না।’

তিনি আরও বলেন, ‘সারাদেশের সকল কোম্পানি একই দিনে অনলাইনে আসবে সে আশা করাও ঠিক না। আবার সবাই অনলাইনে টিকিট করে স্বস্তি বোধ করেন এমনও না।’

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন মুন্না। তিনি অনলাইনে টিকিট কাটা নিয়ে ভোগান্তির কথা জানালেন। মুন্না আজকের ঘটনা উল্লেখ করে বলেন, ‘আমি সকাল ৭ টায় সহজ ডট কম থেকে গাইবান্ধা যাবার একটি টিকিট কিনি। টিকিট কনফার্ম হবার পর আমি প্রিন্টও দিয়েছি। এর ৩০ মিনিট পর সহজ ডটকম-এর অফিস থেকে কল দিয়ে আমাকে জানানো হয়, আমি যে বাসের টিকিট ক্রয় করেছি সেই বাসটি বাতিল করা হয়েছে। বিকালের মধ্যে আমি আমার টাকা ফেরত পেয়ে যাবো। কিন্তু আমার টিকিটের তাহলে কী হবে। টিকিট কোথায় পাবো? ’

হানিফ, সোহাগ কিংবা শ্যামলীর মতো বড় বড় বাস কোম্পানিগুলো টিকিট বিক্রির জন্য প্রচলিত পদ্ধতিই অবলম্বন করছে। তাদের টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার থেকেই। অন্যদিকে ট্রেনের টিকিটের মোট ২৫ শতাংশ বিক্রি হচ্ছে অনলাইনে। এছাড়া মোট টিকিটের পাঁচ শতাংশ ভিআইপিদের জন্য এবং আরও পাঁচ শতাংশ রেলের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে। প্রতিদিন সরাসরি এবং অনলাইনে ট্রেনের মোট ২২ হাজার ১২২ টি টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শিতাংশু চক্রবর্তী এসব তথ্য জানিয়েছেন ।

সূত্র : বাংলাট্রিবিউন।

Posted in জাতীয়, সারা দেশ | Comments Off on অনলাইনে স্বপ্নের টিকিট

সুইডেনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

সুইডেনে তিন দিনের দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফর করছেন। বাংলাদেশের কোনও সরকার প্রধানের এটিই হবে প্রথম সুইডেনে দ্বিপক্ষীয় সফর। লন্ডন হয়ে প্রধানমন্ত্রী সুইডেন যাবেন। তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরে আসবেন। এই সফরে প্রধানমন্ত্রী একটি ব্যবসায়ী দলসহ ৪৭ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গত সোমবার জানিয়েছিলেন, ‘এই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে করবেন।’

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আজ স্থানীয় সময় সন্ধ্যায়  ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতির পর শেখ হাসিনা ১৪ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশ্যে রওনা হবেন। একই দিন স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে স্টকহোম অরিয়ান্দা বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।
সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড হোটেলে নিয়ে যাওয়া হবে। সুইডেনে সফরকালে এই হোটেলেই তিনি অবস্থান করবেন। ১৫ জুন প্রধানমন্ত্রী সুইডিশ পার্লামেন্টে যাবেন এবং পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার টোবিয়াস বিলস্ট্রমের সঙ্গে বৈঠক করবেন। পরে শেখ হাসিনা রয়্যাল ক্যাসল-এ সুইডিশ রাজা ষোড়শ কার্লের  সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে ১৫ জুন দুপুরে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি সুইডিশ প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন।

সুইডিশ উপ-প্রধানমন্ত্রী ইসাবেলা লেভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মরগান জোহানসন শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী ১৫ জুন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তিনি আগামী ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ-সুইডেন ব্যবসা ও বিনিয়োগ ফোরামে যোগদান করবেন। তিনি এইচ অ্যান্ড এম কার্ল-জোহান পার্সন এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট অব ইনভেস্টর জ্যাকব ওয়ালেনবার্গ, ভাইস প্রেসিডেন্ট মার্কাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেন এর সিইও জোহান সোডারস্টর্মের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে।

গত ১১ জুন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘সফরকালে দুই নেতার শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করে একটি যৌথ ইশতেহার অথবা ঘোষণাপত্র সই হতে পারে। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদারে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এসবিবিসি) এবং নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই, ঢাকা) মধ্যে একটি সমঝোতা স্মারকও সেই হতে পারে।’
তিনি আরও জানান, ‘এই সফর দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এজেন্ডা ২০৩০) অর্জন ও দুই দেশের মধ্যে অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রেও সহযোগিতা জোরদার করবে।’

Posted in জাতীয়, রাজনীতি | Comments Off on সুইডেনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud