May 6, 2026
বিনোদন ডেস্ক: দারুণ জমেছিলো ‘ডন’ ও ‘ডন-২’তে শাহরুখ-প্রিয়াঙ্কার পর্দা রসায়ন। সেই সুবাদে ছবিটি বেশ সাফল্যও পেয়েছিলো। তবে সেই ধারাবাহিকতা বজায় থাকছে না ছবিটির পরবর্তী সিক্যুয়েলে। শোনা যাচ্ছে, ‘ডন-৩’ তে ভিলেন হিসেবে কিং খান শাহরুখ থাকলেও বাদ পড়েছেন প্রিয়াঙ্কা। মুম্বাই মিরর সূত্রে জানা গেছে, ছবিটির প্রযোজক রীতেশ সিদ্ধানি নিয়ে আসতে চলেছেন এক চমক। ‘ডন’র এই সিক্যুয়েলে সম্ভবত দেখা মিলবে না প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু ভিলেন রূপে দেখা যাবে কিং খানকে।
এর আগে ২০০৬ সালে বিগ বির ‘ডন’র রিমেক করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন বলিউড বাদশা। এরপর ‘ডন-২’ তেও বেশ সাবলীল ছিলেন তিনি। এই দুটি ছবিতেই প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাওয়া গেছে। ছবিটির পরিচালনা করবেন ফারহান আখতার। এর পাশাপাশি শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং ফারহান ও সিদ্ধানির এক্সেল এন্টারটেনমেন্ট একসঙ্গে প্রযোজনা করবে।
ঢকা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে দাম না কমার ইঙ্গিত দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মো. নাসরুল হামিদ। তিনি বলেন পেট্রোল ডিজেলের দাম না কমিয়ে এ সব জ্বালানির মান উন্নয়নের চেষ্টা করছে সরকার। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে আমরা কাঁচামাল হিসেবে কয়লার ওপর জোর দিচ্ছি। কারণ আমাদের প্রচুর কয়লার মজুদ রয়েছে।’ কয়লা উত্তোলনে আধুনিক পদ্ধতি অনুসরণে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে বলেও যোগ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টাস ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি, ছয় আইকন ক্রিকেটারের সর্বোচ্চ দাম ধরা হয়েছে ৩৫ লাখ টাকা মাত্র। সেই অর্থে সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মাশরাফি বিন মুর্তজাদের মত ক্রিকেটাররা ৩৫ লাখ টাকার বেশি আয় করতে পারবেন না। অথচ, টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান করতেই ব্যয় হবে তিন কোটি টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এই তথ্য জানা গেছে। উদ্বোধনী ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে।
আগামী ২০ নভেম্বর ‘হোম অব ক্রিকেট’-এ বিকেল চারটা থেকে শুরু হয়ে উদ্বোধনী অনুষ্ঠান চলবে রাত দশটা পর্যন্ত। আর সেই অনুষ্ঠানে যে বিদেশিদেরই প্রাধান্য থাকবে সেটাই আগেই জানিয়ে দেয়া হয়েছিল।
অনুষ্ঠান মাতাবেন বলিউড তারকা ঋত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, ও সঙ্গীত শিল্পী কেকে’র মতো তারকারা। পাশাপাশি থাকবেন বাংলাদেশের আইয়ুব বাচ্চু, রুনা লায়লা, মমতাজের মতো শিল্পীরা।
দর্শকদের জন্য রয়েছে সরাসরি অনুষ্ঠান দেখার সুব্যবস্থা। এজন্য টিকিটের মূল্য পড়বে ৩০০ থেকে ১০,০০০ টাকা। তবে পরিস্থিতি ভেবে টিকেটের মূল্য আরো বাড়ানো হতে পারে বলে জানা গেছে।
এর সাথে, লেজার শো ও আতশবাজির মাধ্যমে থাকবে নির্মল বিনোদন ব্যবস্থা। সব মিলিয়ে, তিন কোটি টাকা খরচ হওয়াটা অস্বাভাবিক কোন ব্যাপর নয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় চারজন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে রেখে ৭টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা দোকানগুলোর সিন্দুক ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। শুক্রবার গভীর রাতে উপজেলা দিঘিরপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, দিঘিরপাড়া বাজারের ৭টি দোকানের মধ্যে ৪টি দোকান থেকে ৮ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ৩টি দোকানে কোনো স্বর্ণালঙ্কার ছিল না। খবর পেয়ে রাত ৩টার দিকে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গাইবান্ধা: গাইবান্ধায় আদালত প্রাঙ্গণে শিশু গুলিবিদ্ধ ঘটনায় অভিযুক্ত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ ব্যপক লাঠিচার্জ করে। এর আগে বুধবার রাতে ঢাকায় গ্রেপ্তারের পর আদালতে নেয়ার আগে কঠোর নিরাপত্তায় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি সাদা মাইক্রোবাসে এমপি লিটন, তার আগে আইনজীবীর প্রাইভেটকার, পেছনে তার ব্যবহৃত লাল গাড়িতে তার স্ত্রীসহ দলের কয়েকজন কর্মী ও সামনে পেছনে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে আসা হয় সরাসরি পুলিশ সুপারের কার্যলায়ে।
ভোর রাত থেকে সংবাদকর্মীরা এসপি কার্যালয়ের আশে পাশে ভিড় জমালেও কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত লিটনকে পুলিশ সুপারের কার্যালয়ে বসিয়ে রাখা হয়। রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান।
রাস্তায় একটু অন্যমনস্ক হয়ে হাঁটছেন, হঠাৎই গাড়ির হর্নের শব্দে পিলে চমকানোর অবস্থা। এমন পরিস্থিতি এখন স্বাভাবিক! তাহলে হর্নের শব্দে সড়কের পাশে বসবাসকারী মানুষের কী অবস্থা ভেবেছেন? আর এই যন্ত্রণার সবচেয়ে বড় যোগানদাতা বাস ও ট্রাকে ব্যবহৃত উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ন। অন্যগাড়ির সঙ্গে পাল্লা দিয়ে মাত্রা বাড়িয়ে অতিরিক্ত পর্যায়ে চলে এসেছে যা যেমনটা ক্ষতি করছে প্রাণিস্বাস্থ্য, তেমনি এর প্রভাব পড়ছে পরিবেশেও।
‘হে আল্লাহ হাইড্রোলিক হর্নের নির্যাতন থেকে মুক্তি চাই’- এটি পরিবেশ অধিদপ্তর বা পরিবেশবাদী কোনো সংস্থার প্রচারের ব্যানার নয়। শব্দ দূষণে অতিষ্ঠ মিরপুরের কালসী রোড এলাকায় বসবাসকারী মানুষের যন্ত্রণার বহিঃপ্রকাশ। মঙ্গলবার সকালে কালসী এলাকার অনেকেই বাস ও ট্রাকে ব্যবহৃত উচ্চমাত্রার হাইড্রোলিক হর্নের বিরক্তির কথা জানান। তারা বলছেন, এই হর্নের প্রচণ্ড শব্দের কারণে রাতে শান্তিতে ঘুমানো যায় না। আর দিনের বেলায় এর শব্দে কান ঝালাপালা হয়ে যায়।
শুধু কালসীই নয় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরগুলোতেও এর ব্যবহারে অতিষ্ঠ হচ্ছে মানুষ। শব্দদূষণে সৃষ্ট শারীরিক ও মানসিক ক্ষতিরোধ করতে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করা হলেও যানবাহন মালিক, চালকরা তা মানছেন না। এই হর্নের উচ্চমাত্রার শব্দ মানুষের উচ্চ রক্তচাপ, মানসিক ভারসাম্যহীনতা, শিশুদের ও বয়স্কদের নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। পরিবেশ অধিদপ্তর ক্ষেত্রভেদে কোথায় শব্দের সীমা সর্বোচ্চ কত হবে তা নির্ধারণ করে দিলেও কেউই এটি মেনে মানছেন না।
নীরব এলাকার জন্য দিনে ৫০ ডেসিবল ও রাতে ৪০ ডেসিবল, আবাসিক এলাকায় ৫৫ ডেসিবল ও রাতে ৪৫ ডেসিবল, মিশ্র এলাকায় ৬০ ডেসিবল ও রাতে ৫০ ডেসিবল, বাণিজ্যিক এলাকায় ৭০ ডেসিবল ও রাতে ৬০ ডেসিবল এবং শিল্প এলাকায় ৭৫ ডেসিবল ও রাতে ৭০ ডেসিবল শব্দের মাত্রা নির্ধারণ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু সংস্থাটি সম্প্রতি রাজধানীর ৬৬টি এলাকায় জরিপে চালিয়ে একটিতেও নিয়ন্ত্রিত মাত্রার শব্দসৃষ্ট এলাকা খুঁজে পায়নি।
জরিপ অনুযায়ী শব্দ দূষণপ্রবণ এলাকার শীর্ষে অবস্থান করছে যাত্রাবাড়ী। যেখানে শব্দের মাত্রা রয়েছে ৮৭.৬ ডেসিবল। ২০১৪ সালে তিন দফায় চালানো জরিপে সাত মসজিদ (কনফিডেন্স টাওয়ার) মোহাম্মদপুর এলাকায় ৬১.৪, পপুলার ডেন্টাল কেয়ারের সামনে ৭৬.৪ ডেসিবল, মোহাম্মদপুর প্রিপারেটরি হাই স্কুলের সামনে ৬১.২ ডেসিবল, সিটি হাসপাতাল এলাকায় ৭১.৬ ডেসিবল, ফার্মগেট এলাকায় ৮৭ ডেসিবল, কাওরান বাজারে ৮৬ ডেসিবল, মতিঝিল শাপলা চত্ত্বরে ৮২ ডেসিবল, পল্টন মোড়ে ৭৫.২ ডেসিবল, শাহবাগ মোড়ে ৭১.৬ ডেসিবল, গাবতলীতে ৮০.২ ডেসিবল, মহাখালী বাসষ্ট্যাণ্ড এলাকায় ৭৭.৩ ডেসিবল, বিজয় সরণি ও জিয়া উদ্যান এলাকায় ৭৭ ডেসিবল, টেকনিক্যাল মোড়ে ৭৭ ডেসিবল, শ্যামলী শিশুমেলা এলাকায় ৭৬.২ ডেসিবল শব্দের মাত্রা পাওয়া গেছে।
এছাড়াও ২০১৫ সালের মার্চে একই সংস্থার অপর এক জরিপে আগারগাঁও মোড়ে ৬৮.৫ ডেসিবল, জিয়া উদ্যান এলাকায় ৬৯.৫ ডেসিবল, বিজয় সরণি ৭৩.৫ ডেসিবল, ফার্মগেটে ৭৬.৫ ডেসিবল, পুরানা পল্টনে ৭৫.২ ডেসিবল, সিটি হাসপাতাল এলাকায় ৭১.৬, মানিক মিয়া এভিনিউয়ে (পূর্ব) ৬৯.৬ ডেসিবল, শ্যামলী বাসস্ট্যাণ্ডে ৭৭.২ ডেসিবল, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় ৭২.১ ডেসিবল, মানিক মিয়া এভিনিউ (দক্ষিণ) ৬৮.৫ ডেসিবল, আসাদ গেট এলাকায় ৭০ ডেসিবল, কলেজ গেট ৭২ ডেসিবল, শিশুমেলায় ৭৬.২ ডেসিবল, কল্যাণপুর বাসস্ট্যাণ্ড ৭১.২ ডেসিবল, টেকনিক্যাল মোড়ে ৭৫.৩ ডেসিবল, গাবতলী এলাকায় ৮০.২ ডেসিবল শব্দের মাত্রা পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ৮৫ ডেসিবলের বেশি মাত্রার শব্দ সৃষ্ট এলাকায় ৮ ঘণ্টা সময় অবস্থান করলে মানুষের শ্রবণশক্তি লোপ পায়। আর ১১০ ডেসিবল মাত্রার শব্দ দূষণ মাত্র দেড় মিনিট অবস্থান করলেও একই পরিণতি হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৬০ ডেসিবল শব্দে মানুষের শ্রবণশক্তি সাময়িকভাবে এবং ১০০০ ডেসিবল শব্দে শ্রবণশক্তি চিরতরে হারাতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক, কান, গলা বিভাগের অডিওলজি শাখায় পাঁচ বছর আগে ৮ শতাংশ রোগীর বধিরতার কারণ হিসেবে শব্দ দূষণকেই দায়ী করা হতো। যেটা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৯.৬ শতাংশ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এর মাত্রা আরো বেশি। তারা সামান্য দূষণেই এ রোগে আক্রান্ত হয়ে পড়ে। ফলে দিন দিন এর সংখ্যা আরো বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আনোয়ার খান মডার্ন হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর চৌধুরী বলেন, শব্দ দূষণ মানবদেহ এবং মস্তিষ্কে বড় ধরনের প্রভাব ফেলে । অতিরিক্ত শব্দ শোনার কারণে একজন ব্যক্তির কানে ব্যথা, কানের ভেতর ঝিমঝিম করা, মাথা ব্যথা, দুশ্চিন্তা, মেজাজ খিটখিটে হওয়া, বদহজম, পেপটিক আলসার, ঘুমের ব্যঘাতসহ নানা সমস্যার সৃষ্টি হয়ে থাকে। অতিরিক্ত শব্দ শুনলে বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি ব্রেন টিউমারের মতো রোগও হতে পারে। তিনি জানান, রাজধানীতে এ জাতীয় রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ট্রাফিক পুলিশ, বাস-ট্রাক, লেগুনা, সিএনজির ড্রাইভার, হেলপার, কন্টাকটর ও ফুটপাতের ব্যবসায়িরা।
ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান আনিস বলেন, ‘কাজ শেষ করে বাসায় গেলে টিভি দেখার সময় ভলিউম বাড়িয়ে দিয়ে খবর শুনতে হয়। অল্প কথায় মেজাজ চড়ে যায়।’ যারা এ পেশায় ২০ বছরের বেশি দিন আছেন তাদের মাথা ও কান ব্যথা করে বলে জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, রাজধানীতে শব্দ দূষণের অন্যতম কারণ উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন। ব্যবহার নিষিদ্ধ থাকলেও এর ব্যবহার এখনো বন্ধ হচ্ছে না। রাজধানীর স্কুল-কলেজ, হাসপাতালসহ বিভিন্ন এলাকায় উচ্চ শব্দে হর্ন বাজানো নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তরের জরিপে রাজধানীতে শব্দ দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে- মাইক, লাউড স্পিকার, ইট ও পাথর ভাঙার মেশিন, জেনারেটর, শিল্পকারখানা, কনস্ট্রাকশন, দালান ভাঙার কাজ ইত্যাদি।বাংলামেইল
অভিভাবক না থাকার বঞ্চনা ঘুচেছে আগেই, পেয়েছেন নতুন পরিচয় ও রাষ্ট্র। শুরু হয়েছে উন্নয়নমুখী নানা কার্যক্রম। এবার প্রধানমন্ত্রী সরাসরি আসলেন তাদের কাছে। সদ্য বিলুপ্ত কুড়িগ্রামের দাশিয়ারছড়ায় বৃহস্পতিবার সকালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনে কুড়িগ্রামের দাশিয়ারছড়া ছিটমহলের লোকজনের উচ্ছ্বাসও বাঁধভাঙা।
চারদিকে সাজ সাজ রব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত তোরন, ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে পুরো এলাকা। ৬৮ বছর পর নতুন সাজে সেজেছে সদ্য বিলুপ্ত ওই ছিটমহল। এ দাশিয়ারছড়ার নতুন নাম হবে মুজিব-ইন্দিরা ইউনিয়ন।
উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ৬৮ বছরের নাগরিক সুবিধাবঞ্চিত এলাকায় চলছে উন্নয়নের জোয়ার। ফুলবাড়ী থানা সদর থেকে কালিরহাট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় ইতিমধ্যে ইট বিছানোর কাজ শেষ হয়েছে। এ সড়ক পথেই ফুলবাড়ী থেকে প্রস্তাবিত মুজিব-ইন্দিরা ইউনিয়নে (সদ্য বিলুপ্ত ছিটমহল দাশেরছড়া) প্রবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাশিয়ারছড়ায় ৬৪৩ পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করবেন তিনি। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রতিটি পরিবারে (১৯০৬টি) বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য বিলুপ্ত ছিটমহলে ৩৩ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৬৩৭ টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে একটি অত্যধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক, নিু মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা স্থাপন করা হবে। তৈরি করা হবে তিনটি স্বাস্থ্য সেবা কেন্দ্র। এলজিআরডির বিশেষ বরাদ্দে হবে একটি পাবলিক লাইব্রেরি কাম কমিউনিটি সেন্টার। উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও গভীর নলকূপ স্থাপনেরও ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া একটি পুলিশ তদন্ত কেন্দ্রসহ কৃষি খাতের সাতটি, বিআরডিবির সাতটি, সমবায় অধিদফতরের ছয়টি ও মহিলা ও শিশু মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের নতুন এ ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষকে নাগরিক সুযোগ-সুবিধা দেয়া হবে। এসবের জন্য শিগগিরই বিলুপ্ত ছিটমহলগুলোর বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরু হবে। সবার জন্য উন্মুক্ত থাকবে একটি বাড়ি একটি খামার প্রকল্প।
উৎসবমুখর দাশিয়ারছড়া : কুড়িগ্রাম জেলার ১২টি ছিটমহলের মধ্যে সদর উপজেলায় একটি, ফুলবাড়ীতে একটি ও ভুরুঙ্গামারিতে ১০টি। এর মধ্যে সবচেয়ে বড় ছিটমহলটিকে শিগগিরই ইউনিয়ন ঘোষণা করবে সরকার। প্রশাসনিক সবকিছু প্রায় চূড়ান্ত হলেও নাম ঘোষণা এখনই হচ্ছে না। ৬৮ বছরের বঞ্চনার কথা তুলে ধরেন বয়োবৃদ্ধ আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, এতদিন নামে ভারতের অংশ থাকলেও কোনো নাগরিক সুযোগ ছিল না। আর ২০০৫ সালে ভারত জমি রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়ে কার্যত দাশিয়ারছড়াকে তাদের অংশ হিসেবেও অস্বীকার করে। তিনি বলেন, দেশ ছাড়া থাকার কি জ্বালা তা জীবনভর হাড়ে হাড়ে বুঝেছি। কিন্তু আমার নাতি-নাতনিরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বেড়ে উঠবে, এ ভেবেই সান্ত্বনা পাচ্ছি।
বাংলাদেশে বিদেশি হত্যাকাণ্ডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগসাজশ রয়েছে-অাবারও এমন অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যারাই এই খুনে জড়িত তারা কোনো ছাড় পাবে না। আমরা তাদের ছাড়ব না।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। ‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়।
সরকারপ্রধান বলেন, “বাংলাদেশ যখনই বাধাবিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে চায়, বাংলার মানুষ যখনই মাথা উঁচু করে বাঁচতে চায়, তখনই দেশি-বিদেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। আন্তর্জাতিক সম্প্রদায় যে সময় আমাদের কাজকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করছে, ঠিক তখনই দু’জন বিদেশিকে হত্যা করা হল। এসব হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তাদের খুঁজে বের করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবই। তাদের আমরা ছেড়ে দেব, এটা যেন কেউ না ভাবে।” বিএনপি-জামায়াত জোটের ৯০ দিনের হরতাল-অবরোধে সহিংসতার ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া দেশে মানুষ হত্যার পর এখন বিদেশে গিয়ে মানুষ হত্যা করছেন।
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ১৪.৬৮ শতাংশ পরীক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। এ ইউনিটে ৩১ হাজার ১৫২ জন আবেদনকারীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৫১ জন। গত শুক্রবার (৯ অক্টোবর) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক: রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির মরদেহ দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কোথায় দাফন করা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু জানান, কুনিও হোশিকে দাফন করার জন্য গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর কাছ থেকে অনুমতি নেয় স্থানীয় প্রশাসন। র্যাব সূত্র নিশ্চিত করেছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে রংপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত জায়গায় কুনিওর মরদেহ দাফন করা হয়েছে।
গত ৩ অক্টোবর নগরের উপকণ্ঠে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোশি। এরপর থেকে তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়। কিন্তু কুনিও হোশির স্বজনদের পক্ষ থেকেও তাঁর লাশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়নি। আবার বাংলাদেশে দাফন করার ব্যাপারে জাপান সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে। তাই রংপুরের স্থানীয় প্রশাসনকে জাপান দূতাবাসের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি রংপুরের বিভাগীয় কমিশনারকে পাঠানো হয়। কুনিও হোশি মুসলমান হয়েছিলেন বলে নিশ্চিত হয়েছে জাপান ও বাংলাদেশ সরকার। তাই তাঁকে মুসলিম রীতিতে দাফন করতে জাপান দূতাবাস আগ্রহ প্রকাশ করেছে। মুসলমান হওয়ার সপক্ষে অঙ্গীকারনামায় কুনিওর নাম গোলাম মোহাম্মদ কিবরিয়া।