পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের ১৬ জন বহিষ্কার

8223085বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় সংগঠনটির ১৬ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে সিন্ডিকেটের সদস্য রাশেদা আক্তারকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে প্রক্টর তপন কুমার সাহা প্রথম আলোকে জানান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈর পক্ষের নেতা-কর্মীরা একই হলের ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত ভোর রাত চারটার দিকের ওই হামলার ঘটনায় ফয়সালসহ অন্তত সাতজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সালের পক্ষের নেতা-কর্মী বেশির ভাগই হলের দক্ষিণ পাশে মেঘনা হাউসের তৃতীয় তলায় থাকতেন। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কে এম নুরুন নবীসহ সাত-আটজন কর্মী রামদা, রড, লোহার পাইপ ও হকিস্টিক নিয়ে সেখানকার ১৭টি কক্ষে হামলা চালান। এ সময় ৩১০ ও ৩১৩ নম্বর কক্ষের দরজা ভেঙে ফয়সাল সমর্থকদের ওপর হামলা চালানো হয়। ঘটনার পর হলে তল্লাশি চালিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করা হয়নি। অনিন্দ বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘আমার অনেক নেতা-কর্মীকে সভাপতি পক্ষের নেতা-কর্মীরা হল থেকে বের করে দিয়েছে। ওরাই আমার ওপর আগে হামলা করেছে। তাই আত্মরক্ষার্থে আমার পক্ষের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়।’

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

প্রশ্নপত্র ফাঁসের ‘বিভ্রান্তি’ সৃষ্টির জন্যও ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ‘বিভ্রান্তি’ সৃষ্টির জন্যও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে। এ জন্য আইন সংশোধন করছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সভার এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, nahidপ্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতও কাজ করবে। পাবলিক পরীক্ষায় ৩২ সেট প্রশ্ন তৈরি করা হবে। তাই প্রশ্ন যদি ফাঁসও হয়, তার পরও শিক্ষার্থীদের বইয়ের সবকিছু পড়তে হবে। বর্তমানে পাবলিক পরীক্ষার জন্য চার সেট প্রশ্নপত্র তৈরি করা হয়। কিন্তু ছাপা হয় দুই সেট। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি বেশিসংখ্যক প্রশ্নপত্রের সেট করে সেখান থেকে পরীক্ষার দিন সকালে লটারির মাধ্যমে কোন সেটে পরীক্ষা হবে তা নির্ধারণের সুপারিশ করেছিল।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

পরীক্ষায় ফেল করে রাজধানীতে আত্মহত্যার চেষ্টায় ১০ শিক্ষার্থী

16_FNS_N_13_08_2014ঢাকা: চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মো. সেলিম। পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতে ঢাকায় ফার্মগেটের একটি ছাত্রাবাসে ওঠে। তারপর ইউসিসিতে কোচিং করছিল। ফল প্রকাশের পর দেশের নামকরা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে- এমনটা প্রত্যাশা ছিল তার। কিন্তু কথায় আছে- ‘কপালের লিখন না যায় খণ্ডন’। বুধবার ফল প্রকাশের পর সেলিম জানে সে ফেল করেছে। তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল! এরপর আত্মহত্যার সিদ্ধান্ত। চুপে চুপে গিয়ে বিষও জোগাড় করা হলো। তার আগে বাবা-মার উদ্দেশে একটি চিঠি লেখে সে। তাতে নিজের মৃত্যুর জন্য কাউকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়। গর্ভধারণ ও জন্ম থেকে কষ্ট করে লালন-পালন করার জন্য মা-বাবার প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়।

এরপর চিঠিটি পকেটে রেখে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। গুরুতর অবস্থায় সহপাঠীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসকদের মুখে সুস্থ হওয়ার আশ্বাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সহপাঠীরা। পরে তার পকেট থেকে পাওয়া চিঠি পড়ে সবাই জানতে পারেন সেলিম আত্মহত্যার চেষ্টা করেছিল। সুমনের মতো এমন আরো অনেকে এইচএসসি পরীক্ষায় ফেল হয়েছে জেনে আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ হয়েছে। এখন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে রয়েছে- সুমা, ঊর্মি, লাবনি, সুরভি, রিয়া, শারমিন ও হিমেলসহ অন্তত ১০ জন।

হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক এ প্রতিবেদককে বলেন, “জীবনের সব ক্ষেত্রে পাশ-ফেল থাকবেই। এটি জীবনেরই অংশ। সবারই প্রত্যাশা থাকে ভালো কিছু অর্জনের। তবে কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ হয়ে জীবন বিসর্জন দেয়ার সিদ্ধান্ত একেবারেই অনুচিত। কারণ সামান্য কিছু পাওয়ার চেয়ে জীবনের মূল্য অনেক।”

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

৪০ বছর পর এইচএসসি পাশ

40-year-HSCচুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা চিৎলার কুলপালা গ্রামের রইচ উদ্দীন (৫৬) দীর্ঘ ৪০ বছর পর এইচএসসি পাশ করেছেন। চলতি বছরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে এইচএসসি পাস করেছেন তিনি। জানা গেছে, কুলপালা গ্রামের রইচ উদ্দিন মাস্টার ১৯৭৪ সালে এসএসসি পাস করার পর বিভিন্ন কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়েন। এরপর নিজেসহ আশপাশের লোকজনের সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয় খুলে শিক্ষকতা করতেন। বর্তমানে বিদ্যালয়টি জাতীয়করণ করায় বাধ্য হয়েই সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ প্রায় ৪০ বছর পর নিয়মিত ছাত্রদের সঙ্গে পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৬০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

চট্টগ্রামে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

01ebc93dac8c657fa71748e326098286-14চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গত বারের চেয়ে ৮ দশমিক ৮৪ শতাংশ পাশের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গত বছর দুই হাজার ৭৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে দুই হাজার ৬৪৬ জন। এরমধ্যে এক হাজার ৩৫৭ জন ছাত্র এবং এক হাজার ২৮৯ জন ছাত্রী। তবে বোর্ডের সামগ্রিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্ত। চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৭০ দশমিক ০৬ শতাংশ। গত বার এ হার ছিল ৬১ দশমিক ২২ শতাংশ। এবার ছাত্র পাশের হার ৬৯ দশমিক ৩৯ ও ছাত্রী পাশের হার ৭০ দশমিক ৭০ শতাংশ। বিজ্ঞানে পাশের হার ৭৯ দশমিক ২, মানবিকে ৬২ দশমিক ১১ ও ব্যবসায় শিক্ষায় ৭২ দশমিক ৬১ শতাংশ।

বিজ্ঞানে ছাত্র পাশের হার ৭৭ দশমিক ৮৫, ছাত্রী পাশের হার ৮০ দশমিক ৮৫, মানবিকে ছাত্র পাশের হার ৬০ দশমিক ২৬ ছাত্রী ৬৩ দশমিক ১৮ এবং ব্যবসায় শিক্ষায় ছাত্র পাশের হার ৭০ দশমিক ৬০, ছাত্রী পাশের হার ৭৫ দশমিক ০২ শতাংশ। চট্টগ্রাম মহানগরে পাশের হার ৭৯ দশমিক ৮৭ শতাংশ, চট্টগ্রাম জেলায় পাশের হার ৬৩ দশমিক ৯০, মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাশের হার ৭১ দশমিক ১৭ শতাংশ, কক্সবাজারে ৭২ শতাংশ, রাঙ্গামাটিতে ৫৯ দশমিক ৫২, খাগড়াছড়িতে ৬৩ দশমিক ২৮ ও বান্দরবান জেলার ৬৫ দশমিক ২০ শতাংশ। এবার একটি কলেজে পাশের হার শূণ্য। শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ৩। গতবার এ সংখ্যা ছিল ২।

বুধবার বেলা চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ে ২০১৪ সালের এইচএসসির ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক ড.পিযূষ দত্ত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ কমলেও পাশের হার বাড়ায় সামগ্রিক ফলফলে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সামগ্রিক ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে গত বারের চেয়ে পাশের হার বাড়লেও খুব বেশি অতীতের ধারাবাহিকতার মধ্যেই আছে। গত বছর ছিল ব্যতিক্রম। তার অনেক কারণও ছিল।

গতবারের চেয়ে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমে যাওয়ার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সব সময় একই মানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় না। পাশের হার বাড়লেই যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়বে এমন মনে করা ঠিক হবে না। পরীক্ষায় জিপিএ- প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়তেও পারে আবার কমতে পারে।

এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিনে ২০৫টি কলেজ থেকে মোট ৭৭ হাজার ৫২৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫৪ হাজার ৩১২জন। এর মধ্যে ছাত্র পাশের সংখ্যা ২৬ হাজার ৫৮১ ও ছাত্রী সংখ্যা ২৭ হাজার ৭৩১।

বিজ্ঞান বিভাগে মোট পাশের সংখ্যা ৯ হাজার ৪৭৭ জন, মানবিকে ১৬ হাজার ২৭২ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৯ হাজার ৫৬৩জন। এরমধ্যে বিজ্ঞানে ছাত্র ৫ হাজার ৬৯৮ ও ৩ হাজার ৭৭৯ ছাত্রী, মানবিকে ছাত্র ৫ হাজার ৭৮৬ ছাত্রী ১০ হাজার ৪৮৬ এবং ব্যবসায় শিক্ষায় ছাত্র ১৫ হাজার ৯৭ ও ১৩ হাজার ৪৬৬ জন ছাত্রী।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

image_13198নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক পর্বের শিক্ষা শেষে আগামী ২৩ নভেম্বর পরীক্ষায় বসবে পঞ্চম শ্রেণিপড়ুয়া প্রায় ৩১ লাখ শিক্ষার্থী। রোববার সচিবালয়ে ‘প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৪ এর জাতীয় স্টিয়ারিং কমিটি’র সভায় এই তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ পরীক্ষা হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। গত বছর ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবার প্রাথমিক সমাপনীতে সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ২৭ লাখ ৯৯ হাজার ৬১৩ জন। আর ইবতেদায়ীতে ৩ লাখ ১১ হাজার ২৬৫ জন। রবীন্দ্রনাথ বলেন, আগামী ২৮ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেয়া হবে। এবার প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে বলে জানিয়ে জনসংযোগ কর্মকর্তা বলেন, এবার এক উপজেলার উত্তরপত্র অন্য উপজেলায় পাঠিয়ে মূল্যায়ন করা হবে। প্রশ্নপত্রের প্যাকেট সিলগালা না করে এবার ‘সিকিউরিটি টেপ’ ব্যবহার করা হবে বলেও জানান রবীন্দ্রনাথ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এই পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল দেয়া হচ্ছে। গত বছর থেকে এই পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

প্রাথমিক সমাপনী সূচি

২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ৩০ নভেম্বর গণিত।

ইবতেদায়ী সমাপনী সূচি

২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ৩০ নভেম্বর গণিত।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

এক কেন্দ্রে ৬০ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার

lalmoninhat_27294লালমনিরহাট প্রতিনিধি: পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় আজ লালমনিরহাটের নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ৬০ জন ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে । জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজা মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

ছাত্র খুন, যশোর বিশ্ববিদ্যালয় বন্ধ

jessore-university-student-যশোর প্রতিনিধি: ছাত্রলীগের ‘দুই পক্ষের কোন্দলের’ জেরে সংগঠনটির একজন কর্মী ছুরিকাঘাতে নিহত হওয়ার পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সোমবার রাত ৯টা এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামিম হাসানকে সাময়িক বহিষ্কার করেছে বলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সাত্তার জানান। নিহত নাইমুল ইসলাম রিয়াদ (২৫) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকার সেগুন বাগিচা এলাকার ব্যবসায়ী তাজুল ইসলামের ছেলে। কোতোয়ালী থানার ওসি সহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হামলা চালিয়ে রিয়াদকে হত্যা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ অভিযোগ করেন, দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামিম হাসানের নেতৃত্বে ৫/৬ জন যুবক রিয়াদের ওপর হামলা করে। ছুরিকাঘাতে মারাত্মক জখম রিয়াদকে যশোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিয়াদের সহপাঠী নাজমুল হোসেন বলেন, গত ১৬ মে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন হওয়ার একদিন পর রিয়াদসহ ১৬ জন ওই কমিটি থেকে পদত্যাগ করেন। রিয়াদ ওই কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। রোববার ছিল ওই কমিটির ইফতার মাহফিল। সেখানে অনুপস্থিত থাকা নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে তার জেরেই রিয়াদকে খুন করা হয় বলে অভিযোগ করেন নাজমুল।

এই পরিস্থিতিতে বিকালে জরুরি বৈঠক করে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয় বলে উপাচার্য আব্দুস সাত্তার জানান। তিনি বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামিম হাসানকে সাময়িক বরখাস্ত করেছে বলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সাত্তার জানান।
তিনি বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে এবং হামলার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোতোয়ালী থানার ওসি সহিদুল ইসলাম জানান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল জানান, বহিষ্কৃত দুই ছাত্রের মধ্যে সুব্রত ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আর শামিম জিনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। উপাচার্য আব্দুস সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন করার কোনো সুযোগ নেই। তারপরও ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে সাংগঠিনক কার্যক্রম চালিয়ে আসছে।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

বিরতিহীন পরীক্ষার সিদ্ধান্ত হয়নি: নাহিদ

nahid-v1ঢাকা: এসএসসি-এইচএসসি পরীক্ষা বিরতিহীনভাবে নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই পরীক্ষার রুটিন করা হবে। এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রীর এক বক্তব্যের জের ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যেই নিজেই এ ঘোষণা দিলেন নাহিদ। শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে প্রশিক্ষাণার্থী শিক্ষকদের সাথে এক সভায় একথা বলেন। নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বিষয়ক তদন্ত কমিটি প্রশ্নপত্র ফাঁস রোধে প্রযুক্তির উচ্চমানের ব্যবহারসহ কয়েকটি সুপারিশ করেছে। কমিটি সেই সঙ্গে তিন মাসব্যাপী এসএসসি পরীক্ষা গ্রহণের সময় কমিয়ে আনার কথা বলেছে। তারা ক্লাস ও পড়াশুনার সময় বৃদ্ধি ও দীর্ঘদিন পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে আবদ্ধ করে না রাখার লক্ষ্যে পূর্বের ন্যায় দিনে দু’পেপার বা বিরতিহীন বা অন্যভাবে সময় কমানোর পরামর্শ দিয়েছেন। কমিটির রিপোর্টের সব সুপারিশই প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছিল।

গত ২ জুলাই তদন্ত কমিটির সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী দাবি করে বলেন, একটি মহল বিরতিহীনভাবে বা পরীক্ষায় কোনো গ্যাপ থাকবে না বলে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদেরকে বিভ্রান্ত করে শিক্ষার্থীদেরকে রাজপথে নামাতে চেষ্টা করছে। এতে আমাদের শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন। পরীক্ষার রুটিন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি উলেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের মতো দিনে দু’পেপার পরীক্ষা দিতে অভ্যস্ত নয়, তারা মাঝে মাঝে গ্যাপ দিয়ে পরীক্ষা দিতে অভ্যস্ত। রুটিন করার সময় এটি বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেবো।

তিনি পরীক্ষার রুটিন বিষয়ে যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।নায়েমের মহাপরিচালক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

‘পাবলিক পরীক্ষায় বিরতি থাকছে না’

নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষার মধ্যে সরকারি ছুটির দিন ছাড়া অন্য কোনো বন্ধ রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রতি বোর্ডে আলাদা প্রশ্ন, দিনে দুটি পরীক্ষার সুপারিশ আসছে এইচএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, “দেড় মাস ধরে পরীক্ষা নেয়া আর সম্ভব না। আমরা পাঁচ দিনে পরীক্ষা দিয়েছি। অবশ্যই পরীক্ষা পদ্ধতি বদলাতে হবে। “পরীক্ষার মধ্যে বন্ধ ছাড়া অন্য কোনো গ্যাপ থাকবে না। ক্লাসরুমে পড়াশোনা করে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।” নাহিদ বলেন, “পরীক্ষায় অবশ্যই পরিবর্তন আনব। আগের মতো আর পরীক্ষা হবে না। তদন্ত প্রতিবেদনের সাজেশন আমরা গ্রহণ করব। তবে পরীক্ষা পদ্ধতিতে কতটুকু পরিবর্তন আনতে পারব এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করব।”20140506_104352

এবারের এইচএসসির বাতিল হওয়া ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছাড়াও ঢাকা বোর্ডের গণিত দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস হয়েছে বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে মন্ত্রী বলেন, “বোর্ড কর্তৃপক্ষ দুটি বিষয়ের প্রশ্ন ফাঁসের বিষয়ে নিশ্চিত হওয়ায় সম্পূর্ণ নতুন প্রশ্ন ছাপিয়ে ওই বিষয়গুলোর পরীক্ষা নেয়া হয়েছে।” নাহিদ জানান, প্রশ্ন প্রণয়ন ও বিতরণে ডিজিটাল ব্যবস্থা চালু, লাটারির মাধ্যমে সেট নির্ধারণ করে পরীক্ষার দিন সকালে প্রশ্ন ছাপানো, ২০ সেট প্রশ্নের পাণ্ডুলিপি তৈরি করে সেখান থেকে পাঁচ সেট নির্ধারণ এবং প্রশ্ন তৈরি, রেটিং, মডারেশন ও ডিজিটাল প্রিন্টিং সিস্টেমে ছাপার উপযোগী আউটপুট পাওয়ার জন্য সফটওয়ার তৈরি- এই চারটি প্রধান সুপারিশ করেছে তদন্ত কমিটি। এছাড়া বিজি প্রেস ছাড়া অন্য কোথাও প্রশ্ন ছাপানো, পাবলিক পরীক্ষার কেন্দ্র সংখ্যা সীমিত রাখা এবং ঝুঁকিপূর্ণ, জেলা ও উপজেলা সদর থেকে দূরবর্তী কেন্দ্র বাতিলের সুপারিশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বোর্ডভিত্তিক ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার পাশাপাশি সম্ভব হলে পরীক্ষার মধ্যে কোনো গ্যাপ না রেখে দিনে দুটি করে পরীক্ষা নেয়ারও সুপারিশ করা হয়। এছাড়া পাবলিক পরীক্ষার বিষয় সংখ্যা ‘যৌক্তিকভাবে’ কমিয়ে অনধিক পাঁচটি বিষয়ের পরীক্ষা নেয়া এবং এমসিকিউ প্রশ্নের নম্বর কমিয়ে আনার বিষয়েও মত দিয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদনে পাবলিক পরীক্ষা আইনে শাস্তির মাত্রা বাড়িয়ে কঠোরভাবে তা প্রয়োগেরও সুপারিশ করা হয়েছে।

এসব সুপারিশ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, “যারা প্রশ্ন পেয়েছিলেন তারাও সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি, কোনো সূত্রও দেননি তারা। আমরা তাদের কাছ থেকে ওই ধরনের কোনো সহযোগিতাও পাইনি।” ‘তিন সেট প্রশ্ন ছাপাতে চাইলেও বিজি প্রেস ছাপাতে রাজি হয় না’- জানিয়ে নাহিদ বলেন, “তারা দুই সেটের বেশি প্রশ্ন ছাপাতে চায় না। প্রশ্ন ছাপানোর বিকল্প কোনো জায়গাও নেই।” বিজি প্রেস শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত না হওয়ায় এ বিষয়ে হস্তক্ষেপ করা যায় না বলেও জানান নাহিদ।

প্রশ্ন প্রণয়ন, ছাপানো ও বিতরণে সবার মতামত নিয়ে ভবিষ্যতে সুদূরপ্রসারী পরিকল্পনা নেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর আগে গত রোববার ১২৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন তদন্ত কমিটির প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) সোহরাব হোসাইন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গত ৯ এপ্রিল ঢাকা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। পরদিন সোহরাব হোসাইনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি করে এদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে শিক্ষা মন্ত্রণালয়। পরে এই কমিটি কয়েক দফা সময় বাড়িয়ে নেয়। এই কমিটিকে প্রশ্ন ফাঁসের অভিযোগের সার্বিক বিষয় তদন্ত করে এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব পাবলিক পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট সুপারিশ দিতে বলা হয়েছিল। শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন ছাড়াও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud