May 7, 2026
বিনেদন প্রতিবেদক : একই রকম পোশাক পরে ঈদে ঘুরে বেড়াবেন ঢাকাই চলচ্চিত্রের দুই নায়িকা। আলোচিত মডেল, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী ও মিষ্টি জান্নাত ঈদ উপলক্ষে একই রকম পোশাক কিনেছেন।
ঈদের দিন ওই পোশাক পড়ে ঢাকায় ঘুরবেন বলে জানান হ্যাপী। ‘কিছু আশা কিছু ভালোবাসা’ তারকা বলেন, ‘মিষ্টির সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব। এবারের ঈদে দুই বান্ধবী একই রকম পোশাক পড়ে ঘুরে বেড়াব। এরই মধ্যে কোথায় কোথায় যাবো সেটা ঠিক করে ফেলেছি। এখনই বলতে চাই না। তবে ঈদের দিন খুবই মজা করব।’
হ্যাপী আরও বলেন, ‘প্রতি বছর ঢাকাতেই ঈদ করি। ছোটবেলায় গ্রামের বাড়িতে যেতাম। এবার যাওয়া হচ্ছে না। ঢাকাতে অনেক আত্মীয়-স্বজন, বন্ধুরা আছে। সবার সঙ্গে আড্ডা, গল্প আর ঘুরাঘুরি নিয়েই সময় কাটবে আশা করছি।’
এবারের ঈদে হ্যাপীর জন্য কিছু স্পেশাল উপহার অপেক্ষা করছে। তিনি বলেন, ‘ঈদে প্রতি বছরই বিশেষ উপহার পেয়ে থাকি। এবারও পাবো। অপেক্ষায় আছি। এরই মধ্যে জেনে গেছি বিশেষ উপহারটি কী হতে যাচ্ছে। হাতে না আসা পর্যন্ত বলতে চাই না।’
ঈদ। খুশি ও আনন্দের দিন। আগামী শনি অথবা রবিবার মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ইতোমধ্যে ঈদের পোশাক, জুতা ও জুয়েলারিসহ আনুষঙ্গিক সবই প্রায় কেনা শেষ। আর এখন সময় নিজেকে একটু পরিপাটি করে তোলার। তরুণ-তরুণী, মধ্যবয়সী সবাই চান উৎসবমুখর এ দিনটিতে নিজেকে একটু পরিপাটি রাখতে। তাই হাতে সময় রেখে সবাই এখন ছুটছেন পার্লারগুলোতে।
উৎসবে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে তারা ছুটছেন খ্যাতনামা বিউটি পার্লারে। পরামর্শ নিচ্ছেন রূপ বিশেষজ্ঞদের। উৎসবের দিন নিজেকে আরও স্মার্ট, আরও আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি নিচ্ছেন।
আর তাই এখন রূপ সচেতন তরুণীদের পদচারণায় মুখর নগরীর বিখ্যাত বিউটি পার্লারগুলো। এমনকি অলিগলির, ঘরোয়া পরিবেশের বিউটি পার্লারগুলোতেও ধুম পড়েছে। রাজধানীর পারসোনা, গ্লামার টাচ, ওমেন্স কেয়ার, রূপকথা, গ্লোরি, শাহনাজ, আকাঙ্খাস গ্লামার ওয়ার্ল্ড, লোভাস স্পা, অপ্সরী, কেয়ার, তানিস, প্রিতুলা হারবাল, শী সাইন্স, টিউলিপ বিউটিপার্লারগুলো ঘুরে দেখা গেছে দীর্ঘ সিরিয়ালে সেবা গ্রহীতারা ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছেন। সেখানে কর্মীদের দম ফেলার সময় নেই। দেখা গেছে, নিজেকে বিশেষভাবে উপস্থাপন করার জন্য তরুণী, মধ্যবয়সীদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চলছে পরিচর্যা।
নানা বয়সী নারীর চেহারার সঙ্গে মানানসই নিত্যনতুন ডিজাইনে চুল কাটা, রঙ করা, ফেসিয়াল, রিবন্ডিং, হ্যান্ড এ্যান্ড ফুট কেয়ার, ব্লিচ, স্কিন পলিশ, মেহেদি রাঙানোতে ব্যস্ত পার্লারগুলো। গৃহিণী থেকে শুরু করে তরুণী, কিশোরীদের অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে পার্লারের অভ্যর্থনা কক্ষে।
বিউটি পার্লারের কর্মীরা জানান, ঈদের বেশ কিছুদিন আগে থেকেই তরুণীরা নিজেদের পরিপাটি করতে ব্যস্ত হয়ে ওঠেন। তাই রমজান মাসের শুরু থেকেই অনেকে ভিড় জমান পার্লারে। বিউটিশিয়ানরাও ব্যস্ত সময় কাটান তাদের মনের মতো করে সাজাতে।
রাজধানীর রামপুরা রোডে অবস্থিত আকাঙ্খাস বিউটি পার্লারের কর্ণধার জুলিয়া আজাদ বলেন, ‘সাজসজ্জা হচ্ছে নিজের রুচি ও ভাললাগার বহিঃপ্রকাশ। যে কোনো সাজ নিজের কাছে যেমন ভাল লাগতে হবে, অন্যের কাছেও তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। এবারের ঈদ হচ্ছে বর্ষায়। বৃষ্টি শুরুর আগে ভ্যাপসা গরম আবার কখনো ঠাণ্ডা মিলিয়ে মিশ্র আবহাওয়া থাকে। কখনো রোদ, কখনো শীতল বাতাস। তাই মেকআপের প্রসাধনী অবশ্যই এসপিএফ ফিল্টার সমৃদ্ধ ও ওয়াটার প্রুফ দেখে ব্যবহার করা ভাল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনে আসে ভিন্নতা। সে সঙ্গে পরিবর্তন আসে সাজেও। এবার ঈদের সাজে কিছুটা হলেও ভিন্নতা থাকছে।’
ফ্যাশন সচেতন নারীদের স্টাইল বাড়িয়ে দিতে লেয়ার গ্র্যাজুয়েশন নামের নতুন ধরনের লেটেস্ট হেয়ার কাট এনেছে পার্লারটি। সেই সঙ্গে চুলে নতুন মাত্রা যোগ করতে সিল্ক এ্যান্ড সাইনিং রিবন্ডিং, রোলার কার্লিং অথবা স্মুথনিং করা যাবে। এ সব করাতে আগে ৮ হাজার টাকা খরচ হলেও এখন নেওয়া হচ্ছে যথাক্রমে একজনের জন্য ৫ হাজার টাকা, দুইজনের ৯ হাজার ৫০০ টাকা এবং তিনজন একত্রে ১৪ হাজার টাকা। এ ছাড়া যে কোনো ধরনের চুলে মিল্ক রিবন্ডিং করা যাবে মাত্র ৪০০০ হাজার টাকায়।
উত্তরার পারসোনা বিউটি পার্লারে দেখা যায় দাঁড়ানোর জায়গাটুকু নেই। কয়েকজন জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পারসোনার কর্মীদেরও দেখে মনে হল, তাদেরও দম ফেলার সুযোগ নেই। উত্তরখান থেকে আসা ফারজানা ইয়াসমিন জানান, তিনি ফেসিয়াল ও চুল কাটতে এসেছেন। সঙ্গে এসেছেন তার মা জোবাইদা রহমান।
ওমেন্স ওয়ার্ল্ডের কর্ণধার কণা আলম বলেন, ‘ঈদ উপলক্ষে রমজানে গ্রহীতাদের জন্য বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ফেসিয়ালসহ বিভিন্ন স্কিন থেরাপির প্যাকেজে গ্রাহকরা বেশি সাড়া দিচ্ছেন। বিশেষ করে ত্রিশোর্ধ্ব নারীদের জন্য ডিপ কোলাজেন ফেসিয়াল ও তরুণীদের জন্য হারবাল ব্রাইটেনিং বেশি চলছে। ডিপ কোলাজেনের দাম পড়বে ২ হাজার ৫০০ টাকা ও হারবাল ব্রাইটেনিংয়ের দাম পড়বে ১৬০০ টাকা। আর চুলের কাটের মধ্যে ভলিউম কাট ও লেয়ার কাট বেশি চলছে।’
পারসোনায় মেকআপের পাশাপাশি ফ্রুট ফেসিয়াল, অরেঞ্জ, এলোভেরা, ভেজ-পিল, হোয়াইটেনিং ফেসিয়াল তরুণীদের বেশি পছন্দ। চলছে লংস্লাইড, লেজার, লেয়ার, মাল্টিপল লেয়ার, বেঙ্কস হেয়ার কাট। এবার ঈদের তালিকায় নতুন যুক্ত হয়েছে- ইমো, ভলিউম লেয়ার কাট, স্পেশাল ফেসিয়াল উইথ নেকস, বডি মাসাজ।
ঈদকে সামনে রেখে রাজধানীর ক্লিওপেট্রা বিউটি স্যালুন ও হারমনি স্পা দিচ্ছে আকর্ষণীয় কয়েকটি প্যাকেজ। গ্রাহকদের জন্য এ সব প্যাকেজে থাকছে শতকরা ১৫ ভাগ ছাড়। সৌন্দর্য সেবায় এ ছাড় চলবে চাঁদ রাত পর্যন্ত।
এ সময়ের অন্যতম আধুনিক পার্লার ধানমন্ডির ওমেন্স গ্ল্যামার ওয়ার্ল্ড দিচ্ছে বিশেষ ছাড়। রমজানজুড়ে যে কোনো কাজ করালেই থাকছে ফ্রি ঈদ মেহেদি। এ ছাড়া ব্রাইডাল মেকআপের সঙ্গে পার্টি মেকআপ, বডি শাইনিং ম্যাসাজের সঙ্গে হেয়ার স্পা অথবা নরমাল ম্যাসাজ এবং হেয়ার রিবন্ডিংয়ের সঙ্গে হেয়ার কাট গ্রাহকদের একদম ফ্রি দেওয়া হচ্ছে। পাশাপাশি ওমেন্স গ্ল্যামার ওয়ার্ল্ডে ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট স্পাসহ সব ধরনের সেবাতেই গ্রাহকরা ঈদ উপলক্ষে পাচ্ছেন সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়।
মেয়েদের সৌন্দর্যেও পাশাপাশি এখন ছেলেরাও সৌন্দর্যচর্চার জন্য বিভিন্ন পার্লারে যাচ্ছে। আর তাই ঈদকে ঘিরে ছেলেদের পার্লারগুলোতেও এখ
ন প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়। ছেলেদের সৌন্দর্য চর্চায় ধানমন্ডির হেয়ার ক্রেজ দিচ্ছে বিশেষ অফার। হেয়ারকাট ও শেভের সঙ্গে ফ্রি পাবেন শ্যাম্পু ওয়াশ ও ফেস ওয়াশ, গোল্ড ও শাহনাজ ফেসিয়ালের সঙ্গে ফ্রি পাবেন হেয়ারকাট এবং এক বছরের জন্য হেয়ার স্ট্রেইট করালে ফ্রি পাবেন এক বছরের হেয়ার ট্রিটমেন্ট। এ ছাড়া পেডিকিউর, মেনিকিউর, বডি ম্যাসাজ ও পার্টি মেকআপসহ অন্যান্য সেবায় থাকছে ২০ ভাগ পর্যন্ত ছাড়।
এই সব জেন্টস পার্লারে রয়েছে পুরুষদের রূপসজ্জার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ সুবিধা। এর মধ্যে হেয়ার কাটিং ও বিয়ার্ড শেভিং সবচেয়ে পরিচিত। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের শ্যাম্পুর সাহায্যে চুল ধোয়া, যেগুলোর মধ্যে রয়েছে এন্টি ড্যানড্রাফ শ্যাম্পু, হারবাল শ্যাম্পু, সুগন্ধি শ্যাম্পু প্রভৃতি। অন্যদিকে আরামদায়ক বডি ম্যাসাজ, স্পা, স্টিম বাথ প্রভৃতিরও সুযোগ রয়েছে এ সব পার্লারে। তবে সর্বাধুনিক সংযোজন হল শরীরে ট্যাটু করানো ও শরীর ফোড়ানো। ঢাকার পরিচিত কিছু জেন্টস পার্লার : গুলশানের রতন’স জেন্টস পার্লার ও ক্রেজ জেন্টস পার্লার, উত্তরার নেক্সাস হেয়ার ডিজাইন, বনানীর রেজর্স এন সিজর্স ও জনসন বিউটি কেয়ার এবং ধানমন্ডিতে পারসোনা এডামস, ব্যু মঁদ সিসিলি বিউটি কেয়ার, হাবিব আলভিরাজ বিউটি কেয়ার ও হেয়ারোবিকস গ্রুমিং পার্লার।
ধানমন্ডির জেন্টস পার্লার মেনজ অপশন ঈদ উপলক্ষে চারটি প্যাকেজে দিচ্ছে বিশেষ ছাড়। হেয়ারকাট, শেভ, ফেয়ারপলিশ, চন্দন হারবাল ফেসিয়াল, হেয়ার কালার, শাইনিং, হেয়ার ট্রিটমেন্ট থাকছে এসব প্যাকেজে। ঈদের আগের রাত পর্যন্ত ১ হাজার ৮৮০ টাকার ১ নাম্বার প্যাকেজটি বিশেষ ছাড়ে গ্রাহকরা পাচ্ছেন ১ হাজার ৬০০ টাকায়, ৩ হাজার ২৮০ টাকার প্যাকেজটি ২ হাজার ৮০০ টাকায়, ৩ হাজার ৯০০ টাকার প্যাকেজটি ৩ হাজার ৫০০ টাকায় এবং ৬ হাজার ৫০ টাকার প্যাকেজটি ৫ হাজার টাকায়।



লাইফস্টাইল ডেস্ক : অনেকেরই কাছেই টিপ ছাড়া সাজসজ্জা অসম্পূর্ণ। দুই ভুরুর মাঝে টিপ যেমন স্টাইলের পরিচয় বহন করে, তেমনি করে তোলো আরো মোহময়ী। তবে যেকোনো টিপ পরলেই হবে না। আপনার মুখের আদল অনুযায়ী বাছতে হবে টিপ। অন্যথায় সাজটাই হবে বৃথা।
ডিম্বাকৃতি মুখের জন্য টিপ: যাদের মুখ ডিম্বাকৃতি ধরনের, তাদের যেকোনো ধরনের টিপ মানায়। কারণ এই ধরনের মুখের ক্ষেত্রে দেখা যায় কপাল ও চিবুকের আকৃতি অনেকটাই একই হয়। ফলে যেকোনো ধরনের টিপ ডিম্বাকৃতি মুখের জন্য মানানসই। তবে বেশি বড় টিপ পড়বেন না। এতে মুখের আকার বেশি বড় মনে হবে।
গোলাকৃতি মুখের জন্য টিপ: গোলাকৃতি মুখ যাদের তারা লম্বা টিপ ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন ডিজ়াইনের লম্বা টিপ পাওয়া যায়। এক্ষেত্রে ড্রেসের সঙ্গে মানানসই টিপ পড়ুন। তবে বড় টিপ এড়িয়ে যাওয়াই ভালো।
পান আকৃতির মুখের জন্য টিপ: পান আকৃতির মুখ যাদের হয়, তাদের কপালের অংশ অনেকটা চওড়া হয়। তাই তারা বড় আকারের টিপ এড়িয়ে চলুন। লম্বা টিপও এ ধরনের মুখের ক্ষেত্রে একেবারেই মানানসই নয়। এরা ছোট টিপ ব্যবহার করুন।
তিনকোণা মুখের জন্য টিপ: এই ধরনের মুখাকৃতি যাদের হয়, তাদের কপাল অনেকটাই ছোটো হয়। ফলে এই ধরনের মুখের আদলের জন্য যেকোনো ধরনের, যেকোনো আকৃতির টিপ মানানসই।
বিনোদন ডেস্ক : মুক্তির আগেই মাহিয়া মাহির ঈদের ছবি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে চারদিকে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে সাটানো অগ্নি টু-এর একটি পোস্টারের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অন্যদিকে সিনেমাটির অন্যতম পরিচালক ইফতেখার চৌধুরী সিনেমাটি কেন ঈদের সেরা ছবি- এ নিয়ে তার কয়েকটি যুক্তি তুলে ধরেছেন।
এবার ঈদের তিন সিনেমার অন্যতম আকর্ষণ যৌথভাবে প্রযোজিত এই সিনেমাটির দেশিয় প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও ভারতীয় প্রযোজক এসকে মুভিজ। সিনেমাটি যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু।
অগ্নির মতো এই সিক্যুয়ালেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। এই ছবিতেও ভিন্নধারার অ্যাকশন লুকে দেখা যাবে মাহিকে।
বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে অগ্নি টু্-এর ওপরের পোস্টারটি। এই পোস্টারটির সঙ্গে হলিউডি সিনেমা ইনসার্জেন্ট (২০১৫)-এর একটি পোস্টারের হুবহু মিল দেখা যাচ্ছে। পোস্টার দুটির একটি কোলাজ ছবি বানিয়ে বিভিন্নজন ফেসবুকে শেয়ার করছেন। সেখানে অনেকেই পোস্টার নকলের অভিযোগ এনে সিনেমাটি সংশ্লিষ্টদের সমালোচনা করেছেন।
অনেকেই আবার কৌতুক করে বলেছেন, পোস্টার দুটি কি করে নকল! আমাদের মাহির পা তো এখনো মাটিতেই আছে। আর বিদেশি নায়িকাতো উল্টো হয়ে আকাশে উঠে গেছে!’
এদিকে ইফতেখার চৌধুরী সিনেমাটিকে অন্যগুলো থেকে আলাদা বলে দাবি করেছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে ইংরেজিতে যা লিখেছেন তার বাংলা করলে দাড়ায়-
‘অন্য সিনেমার চেয়ে যে কারণে অগ্নি টু আলাদা … ১. আন্তর্জাতিক মানের কাস্টিং, ২. দারুণ মারামারি, ৩. লোকেশন, লোকেশন, লোকেশন, ৪. দারুণ সংগীত (গান ও আবহ সংগীত), ৫. ৫.১ সারাউন্ড সাউন্ড, ৬. সবশেষে সিনেমাটির নির্মাণ আমি দারুণ উপভোগ করেছি। সুতরাং দারুণ অভিজ্ঞতার জন্য অগ্নি টু উপভোগ করুন।’
অগ্নি টু সিনেমাটি ঈদে মুক্তির পর পরই বিশ্বের আরো ৮টি দেশে প্রদর্শিত হবে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, ঈদের পর আগামী ১৪ আগস্ট থেকে ভারত, চীন (চায়না ভাষায়), হংকং, মালেশিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও আমেরিকা’তে প্রদর্শিত হবে সিনেমাটি।
বিনোদন সেস্ক : শোবিজে যারা অনস্ক্রিন কাজ করেন তাদের সারা বছরই সিনেমার শুটিংয়ের জন্য নতুন নতুন পোশাক কিনতে হয়। এর পরও ঈদ বলে কথা। শোবিজ তারকারাও ঈদের কেনাকাটা থেকে দূরে নেই। কেউ এরই মধ্যে ঈদের শপিং শেষ করে ফেলেছেন। আবার কেউ কিছু কিনেও আরো কিছু কেনাকাটা বাকি রেখেছেন চাঁদ রাতের জন্য। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়কেদের কেনাকাটা নিয়ে রাইজিংবিডির এ বিশেষ প্রতিবেদন।
চাঁদ রাতে মার্কেটে যাবো : অমিত হাসান
কেনাকাটা করার সুযোগ পাইনি। বাসায় কেনাকাটা হয়েছে বেশ কয়েকবার। আমি এখনও মার্কেটে যেতে পারিনি। তবে চাঁদ রাতে মার্কেটে যাবো। তবে নিজের জন্য কিছু কিনতে নয়। আমার স্ত্রী ও অন্যদের উপহার দেয়ার জন্য। আমার জন্য উপহার অনেক চলে এসেছে। তাই পছন্দের কিছু পেলে কিনব আর পছন্দ না হলে কিনব না।
অনেক উপহার চলে এসেছে : আমিন খান
ঈদের কেনাকাট অলমোস্ট শেষ। প্রথমে আমার নিজেরটা কেনা হয় না। প্রথমে পরিবারের অন্যদের জন্য কেনা হয়। তার পরে যাদের উপহার দেয়া হয় তাদের জন্য কিনি। এর পরে অনেক সময় আমারটা খুব একটা কেনাকাটা করা হয় না। কারণ আমার স্ত্রী সব সময়ই আমাকে বিভিন্ন কিছু উপহার দেয়। এছড়া অন্যেরাও উপহার দেয়। এজন্য নিজেরটা আর কেনা দরকার হয় না। গিফটের ড্রেস পরতেই ভালো লাগে। বিশেষ করে আমার স্ত্রী দেওয়া উপহারের পোশাক পরতে বেশি ভালো লাগে। এরই মধ্যে অনেক উপহার চলে এসেছে।
কেনাকাটা শব্দটাই বাদ দিয়েছি : ওমর সানি
সাত-আট বছর ধরে কেনাকাটা শব্দটাই বাদ দিয়েছি। মাঝে-মধ্যে বউ, ছেলে-মেয়ে, অথবা বোন কিনে দেয়। আমি নিজে কোনো কিছু কিনি না।
মায়ের জন্য আগে শাড়ি কেনা হয়েছে : আনিসুর রহমান মিলন
আমি আসলে নিজের জন্য সব সময় ঈদের আগের দিন কেনাকাটা করি। ঈদের দিনের জন্য একটা নতুন পাঞ্জাবি পরা প্রয়োজন বলে একটি নতুন পাঞ্জাবি ও পাজামা কিনি। কখনও স্যান্ডেল কিনি কখনও কিনি না। আমাদের বাসার রেওয়াজ সবার প্রথমে বাসার মুরব্বিদের জন্য আগে কিনতে হবে। আমার মা সবার মুরব্বি। তাই মায়ের জন্য আগে শাড়ি কেনা হয়েছে। এটা অনেক আগে থেকে আমাদের পরিবারের রেওয়াজ। এরপরে অন্যান্যদের জন্য কেনা শুরু হয়। আমাদের পরিবারে প্রয়োজনের বাহিরে কেনাকাটা করি না। একটি নতুন ড্রেস প্রয়োজন তাই একটি নতুন ড্রেসই কেনা হয়।
চাঁদ রাতেই কিনি সবসময় : চঞ্চল চৌধুরী
ঈদের কেনাকাটা এখনও করা হয়নি। আরো পরে শপিং করব। চাঁদ রাতেই কিনি সবসময়।
আরো কিছু কিনতে হবে : সাইমন সাদিক
ঈদের কেনাকাটা শেষ করেছি। এবারের ঈদে পাঞ্জাবি কেনা হয়েছে কয়েকটা। অন্যান্য জিনিস কম কেনা হয়েছে। কারণ সারা বছরেই এগুলো কেনা হয়। গিফ্ট দেয়ার জন্য কেনাকাটা করেছি, আরো কিছু কিনতে হবে।
স্ত্রী জন্য কিছু শপিং হয়েছে : ইমন
কেনাকাটা এখনও করতেছি। ঈদের জন্য পাঞ্জাবি কেনা হয়। শুটিংয়ের জন্য সারা বছরই কেনাকাটা করতে হয়। তার পরও ঈদের জন্য শখ করেই কেনাকাটা করতে যাওয়া। আমার স্ত্রী জন্য কিছু শপিং হয়েছে আরো কিছু বাকি আছে।
পাঞ্জাবি-পাজামা কেনা হবে : নিরব
আমি এখনও কোন কিছু কিনি নি। বউয়ের জন্য একটা ড্রেস কেনা হয়েছে। পাঞ্জাবি-পাজামা কেনা হবে।
পরিবারের সবার জন্য কিনবো : আরেফিন শুভ
ঈদের কেনাকাটা করার তেমন সময়ই পাইনি। অনেক দিন দেশের বাহিরে ছিলাম। খুব শিগগিরি ঈদের কেনাকাটা শুরু করব। প্রতিবছরই ঈদের অনেক উপহার পাই, এবারও পাচ্ছি। নিজের জন্য তেমন কিছু কিনি না। পরিবারের সবার জন্য কিনব। এবারে আমার সহর্ধমীনির জন্য স্পেশাল কিছু কিনব।
আব্বু-আম্মুর জন্য কেনাকাটা করব : শাহরিয়াজ
ঈদের কেনা-কাটা করব তবে নিজের জন্য নয়। আব্বু-আম্মুর জন্য কেনাকাটা করব। ঈদের জন্য কেনাকাটা করা আমার ইচ্ছে নেই।
আন্তর্জাতিক ডেস্ক : বাবা-মার সঙ্গে নারিকেল কুড়াতে গিয়ে ঘন জঙ্গলের মাঝে হারিয়ে যায় ৭ বছর বয়সী জেসিকা প্যাট্রিসিয়া এরিয়াস। এ ঘটনার ১৮ দিন পর ওই মেয়েশিশুকে জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিবিসির মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার উত্তরাঞ্চলের তায়রোনা ন্যাশনাল পার্কের ঘন জঙ্গল থেকে এরিয়াসকে উদ্ধার করা হয়েছে। শতাধিক পুলিশ কর্মকর্তা এরিয়াসকে উদ্ধারের অভিযানে অংশ নেয়। অভিযানে বিমানও ব্যবহার করা হয়।
উদ্ধারের সময় অপুষ্টি ও পানির অভাবে ভুগছিল এরিয়াস।
স্থানীয় পুলিশের কর্মকর্তা আলবেইস ফয়েন্তেস জানান, মেয়েটির পায়ের ক্ষত থেকে বুঝা যাচ্ছে সে অনেক পথ হেঁটেছে।
জেসিকার মা এলিনা কার্তেস বলেন, ‘সৃষ্টিকর্তাই এতদিন আমার মেয়েকে বাঁচিয়ে রেখেছেন। সৃষ্টিকর্তা ও পুলিশ সদস্যদের ধন্যবাদ।’
মেয়েটিকে উদ্ধার করা হলেও এখনও একটি রহস্যের সমাধান হয়নি। মেয়েটির অবস্থান সম্পর্কে অজ্ঞাত স্থান থেকে ফোন পান পুলিশ সদস্যরা। তারা এখন তদন্ত করছেন, কে মেয়েটির খবর জানিয়ে ফোন করেছিলেন।
কিছুদিন আগে পশ্চিম কলম্বিয়ার একটি জঙ্গল থেকে বিমান দুর্ঘটনার শিকার মা-শিশুকে পাঁচ দিন পর জীবিত উদ্ধার করা হয়।
লাইফস্টাইল ডেস্ক: দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে এলো। কেনাকাটা এরই মধ্যে আমরা গুছিয়ে এনেছি। এবার রান্নার প্রস্তুতি:

ছানার পোলাও
যা যা লাগবে: ছানা ১ কাপ, কর্নফাওয়ার ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, বেসন ১ টেবিল চামচ, জাফরান রং আধা চা চামচ, সিরার জন্য চিনি ২ কাপ, পানি ৪ কাপ, ভাজার জন্য তেল।
প্রস্তুত প্রণালী:
১ কাপ ছানা কাটের পিঁড়িতে হাত দিয়ে খুব ভালভাবে মেখে নিন। এবার ছানার সঙ্গে বেসন কর্নফাওয়ার ও ময়দা মেশান। আবারও হাত দিয়ে খুব মিশিয়ে নেবেন।
জাফরান রং মিশিয়ে নিন। মাঝারি আকারের ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে করে মেশানো ছানা আবারও মাখান। এতে করে ছিদ্র দিয়ে নানা আকারের হয়ে ছানা প্লেটে পড়বে।

এবার সেগুলো গরম তেলে ভেজে তুলুন।
চিনির সিরায় ডুবিয়ে রাখুন আধাঘন্টা। চিনির সিরা থেকে তুলে প্লেটে পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করুন।
বন্ধুরা, ঈদে মজাদার মিষ্টি আইটেমের মধ্যে থাকতে পারে এই জর্দাটাও।
যা যা লাগবে: আনারস কুচি ২ কাপ, পোলাওয়ের চাল ২ কাপ, চিনি ২ কাপ, গোলাপ জল ২ চা চামচ, কেওড়া ২ চা চামচ, মাওয়া ৪ টেবিল চামচ, জর্দার রং সামান্য, এলাচ ৪ টি।
সাজানোর জন্য পেস্তাবাদাম, মাওয়া এবং ছোট মিষ্টি।
প্রথমে চাল সেদ্ধ করে ভাত রান্না করে ঠাণ্ডা করে নিন। কুচানো আনারস ঘিয়ে ভাজুন।
এবার অন্য একটি পাত্রে ঘি দিয়ে ভাতগুলো ছাড়ুন। এরপর চিনি, ঘি, এলাচ, গোলাপ জল, কেওড়া ও জর্দার রং দিয়ে চুলায় বসান।
চিনি শুকিয়ে এলে পাত্রের নিচে তাওয়া দিয়ে আনারসগুলো দিয়ে দমে রাখুন। আধাঘণ্টা পর ওপরে মাওয়া পেস্তাবাদাম কুচি এবং ছোট ছোট মিষ্টি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
নওয়াবি বিরিয়ানি
উপকরণ: বাসমতি চাল ৩২৫ গ্রাম, খাশির মাংস(ছোট টুকরো করে কাটা) আধা কেজি, পেঁয়াজ কুচি ৩টি, আদা রসুন বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ ৩টি, দারচিনি ১ টুকরো, দই আধা কাপ (ফেটানো), এলাচ ৩টি, গোল মরিচ ৫টি, লবঙ্গ ৫টি, শাহীজিরা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জাফরান সামান্য সঙ্গে আধা কাপ দুধ, ধনে বা পুদিনাপাতা কুঁচি ১ চা চামচ, আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল, ঘি, লবণ স্বাদ মতো।

প্রণালী: পাত্রে ঘি গরম করে আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল একটু লবণ দিয়ে ভেজে তুলুন।
এবার পেঁয়াজ বেরেস্তা করে নিন।
দই, আদা পেঁয়াজ-রসুন-পেস্ট, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মাংস মেরিনেট করে রাখুন। একটি পাত্রে ঘি গরম করে মাংস দিয়ে রান্না করুন।
এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে চাল দিন। এখন লবণ দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে পোলাও রান্না করুন। লক্ষ্য রাখবেন যেন পোলাও কিছুটা কম সেদ্ধ হয়।
বড় একটি পাত্রে প্রথমে কিছু পোলাও তারপর মাংস দিয়ে একটু একটু গরম মসলার গুঁড়া দিন, এভাবে কয়েকটি লেয়ার করুন। জাফরান ভেজানো দুধ দিয়ে দিন। সবশেষে ভাজা আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল দিন এবার ২০ মিনিটের জন্য চুলার আচঁ কমিয়ে পাত্রের মুখে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
নওয়াবি বিরিয়ানি সার্ভিং ডিশে তুলে ওপরে ধনে বা পুদিনাপাতা কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
নওয়াবি বিরিয়ানির সঙ্গে একটি কাবাব হলে নওয়াবি ভোজটা জমবে। দেখে নিন বিফ কাবাবের রেসিপি।
বিফ কাবাব
উপকরণ: গরুর কিমা ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ৪ চা চামচ, পাউরুটি ৪ পিস, টমেটো কেচাপ ৪ টেবিল চামচ, আদা বাটা ২ চা চামচ, গরম মসলা বাটা ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, দুধ আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, তেল ১ কাপ কাঠি প্রয়োজন মতো।
প্রণালী: দুধে পাউরুটি ভিজিয়ে নরম হলে কিমার সাথে মিশিয়ে নিন। বাকি সব মসলা দিয়ে ভাল ভাবে মেখে একঘণ্টা রেখে দিন। মুঠি মুঠি করে মুঠো কাবাব তৈরি করে কাঠির সাথে গেঁথে নিন।
এবার পাত্রে তেল গরম করে কাবাব লাল করে ভাজুন। গরম গরম সস এবং সালাদ দিয়ে পরিবেশন করুন।
গরমের সময় ঈদ হচ্ছে এসব খাবারের সঙ্গে চাই একটি ঠাণ্ডা পানীয়। তৈরি করুন সবার পছন্দের বোরহানি।
বোরহানি

উপকরণ
মিষ্টি দই – ২ কাপ, টক দই – ২ কেজি, কাঁচা মরিচ কাটা – ২ চা চামচ, পুদিনা পাতা বাটা – ২ চা চামচ, সরিষা বাটা – ২ চা চামচ, বিট লবণ – ২ চা চামচ, পানি পরিমাণমতো (পাতলা বা ঘন যেমনটি করতে চাইবেন), চিনি – ২ টেবিল চামচ, লবণ – ২ চা চামচ, সাদা গোল মরিচের গুঁড়া – ২ চা চামচ।
প্রস্তুত প্রণালী
কাঁচা মরিচ, পুদিনা পাতা, একসাথে বেটে নিন। বিট লবণ পাটায় গুঁড়া করে করে নিন। উপকরণগুলো একসাথে অল্প পানি দিয়ে গুলে দই-এর মধ্য দিন। এবার মিষ্টি দই, টক দইসহ সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
নিজস্ব প্রতিবেদক শপথ নিলেন পাঁচ মন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় বঙ্গভবনের দরবার হলে তারানা হালিম, নুরুজ্জামান আহমেদ,নুরুল ইসলাম বিএসসি, ইয়াফেস ওসমান এবং আসাদুজ্জামান কামালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভুইয়া। আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
প্রথমে তিন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, আসাদুজ্জামান খান কামাল এবং ইয়াফেস ওসমানকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি।এর পর প্রতিমন্ত্রী তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদকে শপথ বাক্য পাঠ করান তিনি।
মন্ত্রীদের মধ্যে তারানা হালিম, নুরুজ্জামান আহমেদ এবং নুরুল ইসলাম বিএসসি নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেও আসাদুজ্জামান কামাল এবং ইয়াফেস ওসমান যথাক্রমে স্বরাষ্ট্র এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সিলেট প্রতিনিধি: একসঙ্গে ছয় শিশুর জন্ম দিয়েছেন সিলেটের এক নারী। অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম নেওয়া নবজাতক শিশু ও মা বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের মা হন হোছনা বেগম (২৬)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী। তার তিন বছর বয়সের আরও একটি মেয়ে রয়েছে।
হাসপাতালের সরকারি পরিচালক ডা. আব্দুস সালাম বলেন, প্রসূতির চারটি মেয়ে ও দুটি ছেলে শিশুর জন্ম হয়েছে। মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন।
তবে শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম উল্লেখ করে তিনি বলেন, সাধারণত ১ কেজি ৫০ গ্রাম ওজনের কম ওজনের শিশুদের ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয়। আর এ শিশুদের ওজন ৭০০ গ্রামের চেয়ে কম।
আসিফ সুফিয়ান অর্নব: ‘বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে এ পর্যন্ত সবগুলো হোম সিরিজে আমরা জয়ী হয়েছি। তাই এবারের সুযোগটাও কাজে লাগাতে চাই। ’
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে এভাবেই বাংলাদেশ দলের পরিকল্পনার কথা তুলে ধরেন সাকিব আল হাসান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব আল হাসান।
ম্যাচের গুরুত্ব সর্ম্পকে তিনি বলেন, সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতার সাহস আমাদের আছে। যেহেতু সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ এ সমতা এসেছে। তাই তৃতীয় ওয়ান ডে ম্যাচের গুরুত্ব অনেক বেশি। কারণ আমরা এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে কখনো সিরিজে হারাতে পারিনি।
বাড়তি চাপ রয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, চাপ নেই। পুরো দলের টিমওয়ার্ক নিয়ে ভালো খেলার চেষ্টা করবো। পুরো দলের ভালো পারফরমেন্সের ওপরই জয়ের সম্ভাবনা নির্ভর করবে।
‘ব্যাট-বল-ফিল্ডিং তিনটি বিভাগকেই ভালো করতে হবে। তিনটি বিভাগের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সিরিজ জয় সম্ভব। ’
চট্টগ্রামের গরম আবহাওয়া ও ‘লাকি গ্রাউন্ড’ এর কারণে বাংলাদেশ দল বাড়তি সুবিধা পাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন আওহাওয়ায় খেলে অভ্যস্ত। তারা মানসিকভাবেও বেশ চাঙা। তবে আমাদের সব বিভাগ যদি ভালো করতে পারে তাহলে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারবো।
সংবাদ সম্মেলনের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামে বাংলাদেশ দল।
আগামীকাল ১৫ জুলাই (বুধবার) বিকেল তিনটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পরে একই মাঠে ২১ জুলাই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে উভয় দল।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ঢাকার শের ই বাংলায় অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ এ সমতা আনে।
এবারই প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে সমতা নিয়ে মাঠে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।