May 6, 2026
নিউজ ডেস্ক : বহুল আলোচিত সিলেটে নির্মম নির্যাতনে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান অভিযুক্ত কামরুল ইসলামকে ফিরিয়ে আনতে সৌদি আরব যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের দুই সদস্য এ মাসের মাঝামাঝি সময়ে সৌদি যাচ্ছেন বলে জানা গেছে। এই তিন পুলিশ সদস্য ইন্টারেপালের মাধ্যমে কামরুলকে দেশে ফিরিয়ে আনবেন।
রাজনকে হত্যার পরপরই সৌদি আরব পালিয়ে যায় প্রধান অভিযুক্ত কামরুল ইসলাম। তাকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বর্তমানে রিয়াদে আটক অবস্থায় রয়েছে কামরুল। সৌদি সরকারও তাকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মাসের মাঝামাঝি সময়ে পুলিশের তিন সদস্যকে সৌদি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর।
অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সদর দপ্তর) মাহবুবুল করিমের নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে সৌদি আরব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।
সৌদি আরর যাওয়া-আসা বাবদ প্রায় ৪ লাখ টাকা মন্ত্রণালয় থেকে বরাদ্ধ হয়েছে বলেও জানিয়েছে এই সূত্র। ইতোমধ্যে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষের কাছে কামরুলকে ফেরানোর সব কাগজপত্র প্রেরণ করা হয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান এক পুলিশ কর্মকর্তা। সৌদি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় জেদ্দায় কামরুলকে আটকের পর বর্তমানে সে রিয়াদে ইন্টারপোলের হেফাজতে রয়েছে।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি মিডিয়া) রহমত উল্লাহ বলেন, সৌদি যাওয়ার একটা প্রক্রিয়া চলছে। তবে সরকার থেকে এখনো নির্দেশনা আসেনি।
গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাওয়ে চোর অপবাদ দিয়ে পৈশাচিক কায়দায় পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে। নির্যাতনের দৃশ্য নিজেরাই ভিডিওচিত্রে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ঘাতকরা। ওই ভিডিও দেখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
আলোচিত এই হত্যা মামলার বর্তমানে সাক্ষ্য গ্রহণ চলছে। মোট ৩৮জন সাক্ষীর মধ্যে ৬জনের সাক্ষগ্রহণ করা হয়েছে। সৌদি আরবে পলাতক কামরুল ইসলামসহ ১৩ জনকে আসামি করে গত ১৩ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ১০ জন আটক রয়েছেন। কামরুলসহ ৩ জন এখনো পলাতক রয়েছেন।
কারাবন্দি থাকা ১০ আসামীর মধ্যে ৮ জনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রত্যেকেই রাজন হত্যার জন্য কামরুলকে দায়ী করেছেন। কামরুলের নির্দশেই তারা রাজনকে নির্যাতনে অংশ নেন বলে সাক্ষ্য দেন অভিযুক্তরা।
রংপুর অফিস : জাপান থেকে আসা প্রতিনিধি দলের কাছে বুধবার যে কোনো সময় জাপানী নাগরিক হোচি কুনিওর লাশ হস্তান্তর করা হবে। জাপানী প্রতিনিধি দলে চারজন অপরাধ বিশেষজ্ঞ ও দু’জন পুলিশ সদস্য রয়েছেন। এ প্রতিনিধি দল মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজের মর্গে হোচি কুনিওর লাশ র্যবেক্ষণসহ পরীক্ষা-নিরীক্ষা শেষে মর্গ ত্যাগ করে।
দীর্ঘ দুই ঘণ্টা মর্গের অভ্যন্তরে হিমঘরে থাকা জাপানী নাগরিকের লাশের গুলিবিদ্ধ হওয়া বিভিন্ন ক্ষত চিহ্ন গভীরভাবে পর্যবেক্ষণ করলেও এ ব্যাপারে অপেক্ষমাণ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি জাপান থেকে আগত বিশেষজ্ঞরা। এমনকি জেলা, পুলিশ প্রশাসন ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষও কোনো কথা বলতে রাজি হননি। তবে জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বুধবার যে কোনো সময় হোচি কুনিওর লাশ হস্তান্তর করা হতে পারে। লাশ হস্তান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে কখন কীভাবে লাশ হস্তান্তর হবে তা জানাতে কেউই রাজি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন হাত জোড় করে ক্ষমা চেয়ে দ্রুত চলে যান। প্রসঙ্গত, রংপুর নগরীর মাহিগঞ্জ নাচনিয়া বিলের কাছে আলুটারি এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হোচি কুনিও (৬৬) নামে জাপানী এক নাগরিককে গুলি করে দুর্বৃত্তরা। গুলি তার বুক, ডান কাঁধ ও ডান হাতে লাগে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে স্ত্রী ও সৎ ছেলেকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত দুজন হলেন শাহেরা বেগম (৩০) ও তাঁর ছেলে ফয়সাল (৯)। একই ঘটনায় শাহেরার মেয়ে জান্নাত (১১) আহত হয়েছে। আটক হয়েছেন শাহেরার স্বামী ইহসাক মিয়া। পুলিশের ভাষ্য, শাহেরাকে কুপিয়ে ও ফয়সালকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেয়ে জান্নাত আহত হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী ইহসাককে রাতেই আটক করা হয়। স্থানীয়দের ভাষ্য, এক ছেলে ও এক মেয়েসহ শাহেরাকে সম্প্রতি বিয়ে করেন সুমন। কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ঢাকা: অস্ট্রেলিয়া দলের নিরাপত্তাহীনতার অজুহাতে সিরিজ স্থগিত করা এবং পর পর দুজন বিদেশি নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হবার পর থেকেই উৎকণ্ঠায় আছেন বাংলাদেশে অবস্থানরত অন্যান্য বিদেশি নাগরিকরাও। এই উৎকন্ঠা ছুঁয়েছে জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফদের। তাদের নিয়ে উদ্বেগ আছে বিসিবি কর্মকর্তাদেরও। তাই প্রধান কোচ শ্রীলঙ্কান চান্দিকা হাতুরুসিংহে ও বোলিং কোচ জিম্বাবুইয়ান হিথ স্ট্রিকের জন্য আজ থেকেই নিয়োগ দেওয়া হচ্ছে ‘গানম্যান’।
এ সম্পর্কে বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম দেশের প্রভাবশালী দৈনিক পত্রিকা প্রথম আলোকে বলেন , ‘চান্দিকা হাথুরুসিংহে ও হিথ স্ট্রিকের নিরাপত্তার জন্য আমরা পুলিশের কাছ থেকে দুজন গানম্যান নিয়েছি। আজ থেকেই তারা দায়িত্ব পালন শুরু করবেন।’ এসব গানম্যান মূলত রাস্তায় চলাচলের সময়ই কোচদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন ইমাম।
এছাড়া মূলত নিরাপত্তা নিয়ে ভীতির কারণেই এরই মাঝে ছুটি নিয়ে বাংলাদেশ ছেড়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল, একাডেমির অস্ট্রেলিয়ান ফিজিও ব্রেট হর্প এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অস্ট্রেলিয়ান মহাব্যবস্থাপক স্টুয়ার্ট কার্পিনেন!
বিনােদন ডেস্ক: জনপ্রিয় টিভি ধারাবাহিক নাটক সিকান্দার বক্সের ‘আলগা সিদ্দিক’ চরিত্রের অভিনেতা শাহনেওয়াজ রিপন প্রেম করছেন। সোমবার নিজের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে সেই খবর জানালেন। এর পর অনেকেই অভিনন্দনও জানাচ্ছেন তাকে। একজন তো মন্তব্যে লিখেছেন, “এবার ‘সিকান্দার বক্স’ একটু যদি শান্তি পান।”
কিন্তু রিপন জানালেন প্রেমে পড়ে নয়, প্রেম বিড়ম্বনা থেকে বাঁচতেই তার এই স্ট্যাটাস। সিকান্দার বক্স নাটকে অভিনয়ের পর থেকেই অনেক তরুণীই তাকে বিরক্ত করছেন। তাদের জন্য ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করলেন। সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স’ নাটকের একটি চরিত্রের নাম ‘আলগা সিদ্দিক’। ওই চরিত্রে অভিনয় করেন নাট্য সংগঠন দেশ নাটকের কর্মী শাহনেওয়াজ রিপন। ‘আলগা সিদ্দিক’র মাধ্যমে তিনি বেশ পরিচিত পান। ‘সিকান্দার বক্স’ মোশাররফ করিমে সঙ্গে আলগা সিদ্দিকের অভিনয় দারুণ উপভোগ করেন দর্শক।
রিপন বলেন, ‘আলগা সিদ্দিক’ চরিত্রে অভিনয় করছি তিন বছর। সিকান্দার বক্সের ৮টি সিক্যুয়াল নির্মিত হয়েছে। সবগুলোতে আমি অভিনয় করেছি। নাটকটি আমাকে তারকাখ্যাতি এনে দিয়েছে। আবার বিড়ম্বনাও বেড়েছে। অনেক অপরিচিত নাম্বার থেকে ফোন করে কথা বলতে চায়। কোনো কোনো মেয়ে আবার প্রেমের প্রস্তাবও দিচ্ছে। তাই বিড়ম্বনা থেকে বাঁচতে সবাইকে জানালাম প্রেম করছি। সত্যিই কি প্রেম করছেন— এমন প্রশ্নে রিপন বলেন, ‘প্রেম তো করছিই। তবে প্রেমিকার নাম এখনই বলতে চাই না। সময় হলে সবাইকে জানাব।’
চট্টগ্রাম: চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় পুলিশের অস্ত্র উদ্ধারের অভিযানে গ্রেনেড বিস্ফোরণে জেএমবির সামরিক শাখার কমান্ডার জাবেদ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএমপি পুলিশের তিন সদস্য। মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দরনগরী চট্টগ্রামের ব্যস্ততম এলাকায় বাসা ভাড়া করে বিস্ময়করভাবে আস্তানা গড়ে তুলেছিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। এ জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের সময় সেখানে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আহত হন জেএমবির সামারিক শাখার প্রধান মোহাম্মদ জাবেদ।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়া এলাকায় নুর আহাম্মদ টাওয়ারে অভিযান চালিয়ে পাঁচ জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ছিলেন জেএমবির চট্টগ্রামের সামারিক শাখার প্রধান মোহাম্মদ জাবেদ (২৪)। এই জাবেদ জেএমবির আত্মঘাতী দলের সদস্য বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন। গ্রেফতারকৃত অন্য জঙ্গিরা হল- জেএমবি সদস্য বুলবুল আহমেদ (২৬), মো. সুজন ওরফে বাবু (২৫), মাহবুব (২৪) ও সোহেল (৩২)।
অভিযানে নেতৃত্ব দেয়া নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার জঙ্গি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার আজিমপাড়ায় নূর আহমদ টাওয়ারের নিচতলায় বাসা ভাড়া নিয়ে জেএমবি সদস্যরা দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। সেখান থেকেই তারা সংগঠনের কার্যক্রম ও অপারেশন পরিচালনা করত। ঈদের আগের দিন সদরঘাটে ককটেল হামলা করে টাকা ছিনতাইয়ের ঘটনায় যে দু’জন ছিনতাইকারী মারা যায় তার সূত্র ধরে সোমবার সন্ধ্যায় কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। যেখানে অভিযানটি পরিচালিত হচ্ছিল সেটি ছিল জেএমবির গোপন আস্তানা।
সেখান থেকে বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড, গুলি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ ৫ জঙ্গিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের চট্টগ্রামের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে দলের অন্যান্য সদস্য এবং আর কোথাও কোনো জঙ্গি আস্তানা রয়েছে কি-না সে ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।
২০০৫ সালে সিরিজ বোমা হামলার পরপরই চট্টগ্রামে জেএমবির অস্তিত্ব আবিষ্কার করে পুলিশ। নগরীর কাট্টলী এলাকাসহ একাধিক আস্তানায় অভিযান চালিয়ে জেএমবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদসহ একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়। সেই সময়ে জেএমবির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ও জেএমবির বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষিত কর্মী ও বোমা কারিগর গ্রেফতার হওয়ার পর তাদের কর্মকাণ্ড ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। জেএমবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ, বোমা কারিগর মিজানসহ বিভিন্ন সদস্যের সাজা হয়।
তারা এখন চট্টগ্রাম কারাগারে রয়েছে।সম্প্রতি সদরঘাট এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীও। এ ঘটনার তদন্ত করতে গিয়েই পুলিশ এটি জেএমবির কাজ বলে তথ্য পায়। তথ্য অনুযায়ী সোমবার কর্ণফুলীর দক্ষিণ তীরে খোয়াজনগরে জেএমবির এ গোপন আস্তানা আবিষ্কার করে পুলিশ। এর আগে বায়েজিদ বোস্তামী এলাকায় ন্যাংটা ফকির ও তার খাদেমকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গেও জেএমবির সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ দেশের মানুষকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দুই পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সোমবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক সংবর্ধনা দেয় ঢাকার দুই সিটি করপোরেশন।
এ সংবর্ধনায় ওই দুই পুরস্কার তিনি দেশবাসীকে উৎসর্গ করেন। সংবর্ধনায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অনেক কিছুই অর্জন করেছে। আজকের সব অর্জন বাংলার জনগণকে দিয়ে দিলাম।
বাংলার মানুষের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। এই বিজয় বাঙালি জাতির। বাঙালি বিশ্ব সভায় যেন মর্যাদার আসন পায় সেটাই আমাদের লক্ষ্য। আজকের পুরস্কার বাংলার জনগণকে উৎসর্গ করলাম।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা সারা জীবন বাংলার মানুষকে ভালোবেসেছিলেন।
দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে জনগণের জন্য সবকিছু উৎসর্গ করব। সারা জীবন দেশের মানুষের জন্য কাজ করবই। বাংলার মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। সোনার বাংলা আমরা ইনশা আল্লাহ গড়ে তুলব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মেহনতি মানুষ যেন দুমুঠো ভাত পায় সেটাই আমাদের লক্ষ্য। ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে ১৬ কোটি মানুষের বাস।
উন্নয়ন করতে গেলে স্বাভাবিকভাবেই পরিবেশের ওপর চাপ পড়ে। পরিবেশের ভারসাম্য যেন রক্ষা হয় সেই পরিকল্পনা মতোই কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, আজ বিশ্ব সভায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ এবং ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হবে।
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দীন। সোমবার প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এ মাসের শেষ সপ্তাহে আনু্ষ্ঠানিকভাবে যোগ দেবেন তিনি। গত বিপিএলে সিলেট রয়্যালসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। প্রধান কোচের দায়িত্ব পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দীন বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। এটি একটি সম্মানের বিষয়। নিজে কুমিল্লার ছেলে তাই কুমিল্লার দায়িত্ব পাওয়াটা দ্বিগুণ আনন্দের।’ সালাউদ্দীনকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। তিনি বলেন, ‘সালাউদ্দীনের যোগ্যতার ওপর আমরা আস্থাশীল। এর আগে তিনি সিলেট রয়্যালসকে চমৎকারভাবে পরিচালনা করেছেন। ক্রিকেটের সঙ্গে তার সম্পৃক্ততার কথা সবাই জানে।’
বিনােদন ডেস্ক: দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান, জায়েদ খান ও অপু বিশ্বাসের পর রাজনীতিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি শিরোনামের সিনেমাটিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘কয়েকদিন আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প রাজনৈতিক কর্মকান্ড নিয়ে।
গল্পটি ভালো লেগেছে তাই চুক্তিবদ্ধ হলাম।’ শাকিব, অপু, অমিত হাসান, জায়েদ খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু। ঈদের পরদিন ২৬ সেপ্টোম্বর রাজধানীর গুলিস্তান, মতিঝিলে এ সিনেমার শুটিং শুরু হয়েছে।
রাজনীতি সিনেমার গল্পে দেখা যাবে- রাজনীতিবিদ বাবার দুই ছেলে শাকিব খান ও জায়েদ খান। বাবার অঢেল সম্পত্তি ও ক্ষমতা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। আবার একই মেয়ের প্রেমে পড়ে শাকিব ও জায়েদ। ত্রিভুজ প্রেমের গল্পের মধ্যেই দেখা যাবে ক্ষমতার লড়াই, টাকার খেলা ও ভাই-ভাইয়ের সম্পর্ক। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। এতে গান থাকবে মোট ছয়টি।
সংগীতায়োজন করবেন ফুয়াদ মোক্তাদির ও অদিত। তবে গানগুলোতে কে কে কণ্ঠ দিবেন তা এখনো ঠিক হয়নি। এছাড়াও সম্প্রতি হিমেল আশরাফ পরিচালিত সুলতানা বিবিয়ানা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অমিত হাসান। এখন তিনি ধূমকেতু সিনেমাসহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের কাছে তথ্য ছিল বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি দাবি করেন, বাংলাদেশকে সে কথা জানানোও হয়েছিল। সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বার্নিকাট। তবে বাংলাদেশ এখন আগের চেয়ে বেশি নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি মজবুত। শান্তি রক্ষায় দুই দেশের স্বার্থও অভিন্ন। তাই শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় তাঁর দেশ।
বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলের ওপর সতর্কতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিদেশি নাগরিকদের ওপর হামলার বিষয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তাঁদের কাছে তথ্য ছিল। তিনি বলেন, ‘প্রথম হত্যাকাণ্ডটির আগেই নির্ভরযোগ্য সূত্রে আমরা হামলা সম্পর্কে জানতে পারি। আমরা বাংলাদেশে আসতে নিষেধ করছি না বা বাংলাদেশ ছেড়ে যেতে কোনো মার্কিন নাগরিককে উপদেশও দিচ্ছি না। আমরা বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সাবধানে থাকতে বলছি।’
জিএসপি সুবিধা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। এ ছাড়া তৈরি পোশাকের ক্রয়মূল্য বাড়ানো প্রসঙ্গেও কথা বলেন। দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়ে আইএসের দাবি কতটুকু সত্যি, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বার্নিকাট।