পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী

10-06-15-Rain In City-9বৃহস্পতিবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টির কারণে নাকাল রাজধানীবাসী। গত কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর বুধবার রাজধানী ও এর আশপাশ এলাকায় স্বস্তির বৃষ্টি হয়। বৃহস্পতিবারও সকাল ৭টার পর থেকে তুমুল বৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টি চলে সকাল পৌনে ৮টা পর্যন্ত। সকাল ৮টার দিকে বৃষ্টির ফোটা ঝরা বন্ধ হলেও বিরতি দিয়ে সকাল সাড়ে ৮টা থেকে আবার শুরু হয় বৃষ্টি ও ঝড়ো হাওয়া। আগামী কয়েকদিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা, মাদারীপুর, খাগড়াছড়িতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। রাজশাহী, যশোর, খুলনা, মংলা এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

10-06-15-Rain In City-13এদিকে, টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃষ্টিতে সকালে ঘর থেকে বের হয়েই রাজধানীবাসীকে নাকাল হতে হচ্ছে। বৃষ্টিপাতের কারণে শান্তিনগর, মগবাজার, মালিবাগ-মৌচাক, মুগদা, কাজলা, শ্যামপুর, জুরাইন, ডেমরা, ফরিদাবাদ, নয়াপল্টন, রাজারবাগ, শ্যাওড়াপারা এবং মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে।

এ অবস্থার কারণে সকালে পথচারীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিকে ভোগান্তিতে পড়তে হয়। হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে ও জুতা হাতে নিয়ে অনেকেই পানি জমে থাকা স্থানটি পার হন। আর যারা যাতায়াতের জন্য রিকশা, অটোরিকশা বা অন্য কোনো যান ব্যবহার করছেন তাদেরকে একটু বেশি ভাড়া গুণতে হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানী ছাড়াও রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল।
এদিক, বৃষ্টি ও বৈরী আবহওয়ার কারণে মেঘনা নদীর ঢাকা-চাঁদপুর ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

Posted in জাতীয় | Comments Off on স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী

মালয়েশিয়ার কারাগারে ১,৬০৪ জন বাংলাদেশী আটক রয়েছে : মোশাররফ হোসেন

54fd3591e7b72e9cc033891349b6eee9নিজস্ব প্রতিবেদক :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিভিন্ন অপরাধে মালয়েশিয়ার ১৪টি কারাগারে ১ হাজার ৬০৪ জন বাংলাদেশী আটক রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য খন্দকার আজিজুল হক আরজু’র এক প্রশ্নের জবাবে আরো বলেন, পাসপোর্ট, ওয়ার্ক পারমিট না থাকা, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করা, এর অবৈধ ব্যবহার, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা ও অবৈধ অনুপ্রবেশের কারণে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার কাছে তারা আটক হয়।
মন্ত্রী বলেন, এ রকম ১১টি ক্যাম্পে মোট ১ হাজার ৩০৫ জন বাংলাদেশী নাগরিক দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। মালয়েশিয়া জেল-ক্যাম্পে অবস্থানরত নাগরিকদের হাইকমিশন থেকে নিয়মিত পরিদর্শন ও আইনগত সহায়তা দেয়া হচ্ছে। সেই সঙ্গে ক্যাম্পে আটক করা বাংলাদেশী নাগরিকদের ট্রাভেল পারমিট দেয়াসহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৯১ সাল থেকে ২০১৫ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৯২ হাজার ৬৫৬ জন নারীকর্মী পাঠানো হয়েছে। এরমধ্যে ২০১৪ সালে ৭৬ হাজার ৭ জন এবং ২০১৫ সালের মে পর্যন্ত ৪০ হাজার ৩৮৭ জন বিদেশে নারীকর্মী পাঠানো হয়। এ পর্যন্ত জর্ডান, হংকং, সংযুক্ত আর আমিরাত, সৌদি আরবসহ বিশ্বের ৬৭টি দেশে নারীকর্মী গিয়েছে।

Posted in প্রবাসী জীবন | Comments Off on মালয়েশিয়ার কারাগারে ১,৬০৪ জন বাংলাদেশী আটক রয়েছে : মোশাররফ হোসেন

ভারতের দুই বিলিয়ন ডলার ঋণের ব্যাপারে কোনো শর্ত নেই: প্রধানমন্ত্রী

a8af56435f3b339d390a0e2f2e9762beনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সফরে দুই বিলিয়ন মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন। এ অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে তা আলাপ-আলোচনা করে ঠিক করা হবে। এ ব্যাপারে কোনো শর্ত নেই। আমরা আমাদের মতো করে এ অর্থ ব্যয় করতে পারব।’

বুধবার রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীনভাবে কাজ করার সুযোগ রেখেই বন্ধুত্বপূর্ণভাবে ভারতের কাছ থেকে অর্থ সহায়তা গ্রহণ করা হয়েছে। কোনো শর্ত দিয়ে আমরা কিছু নেই না।‘

শেখ হাসিনা বলেন, ‘ভারতের কাছ থেকে এর আগে এক বিলিয়ন ডলার পাওয়া গিয়েছিল। এর মধ্যে ২০০ মিলিয়ন ডলার অনুদান হিসেবে এসেছিল। এগুলো মূলত অবকাঠামোগত উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে। এ সব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন দ্রুত অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের জিডিপির পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত বিশ্বব্যাংক থেকে একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। রিপোর্টে দেখা যায়, জিডিপির পরিমাণ বৃদ্ধির দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যে জিডিপির টার্গেট করেছে তা পূরণ করে দেশকে যেভাবে দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যাবে, সেভাবে এ অর্থ ব্যয় করা হবে। ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে যে যে খাতে অর্থ ব্যয় করা প্রয়োজন সেগুলো মাথায় রেখে অগ্রাধিকার খাত নির্ধারণ করা হবে।’

এদিকে, সরকারি দলের সদস্য এস এম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের আইনসভায় সীমান্ত চুক্তি পাস হওয়ায় ৬৮ বছরের সমস্যার সমাধান হয়েছে। এটি আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক সাফল্য। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৬০ একর। অন্যদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের আয়তন সাত হাজার ১১০ একর। চুক্তি অনুযায়ী যে ছিটমহল যে দেশের অভ্যন্তরে আছে, সেই দেশ ওই ছিটমহলের মালিক হবে। এই বিনিময়ের ফলে ছিটমহলবাসীর মানবিক সমস্যার সমাধান হবে। এ ছাড়া ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ লাভবান হবে।’

মোস্তফা রশিদীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তিকে অনেকে ‘দেশ বেচা’, ‘গোলামির’ ও ‘দাসত্বের চুক্তি’ বলে মানুষকে বিভ্রান্ত করেছিল। তারাই এখন এই চুক্তিকে সাধুবাদ জানাচ্ছে। এটি আসলে এদের রাজনৈতিক চরিত্র।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তি করেছে। বিরোধীরা বলেছিলেন, “এই পানিতে মাছ পাওয়া যাবে না। অজুও করা যাবে না।” তখন আমি বলেছিলাম, আপনাদের নেত্রীকে পানিতে নামান। দেখেন সেখানে কোমর পানি না হাঁটু পানি। আমার এই কথায় তাঁরা ক্ষেপেও গিয়েছিলেন।’

শেখ হাসিনা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে যেসব প্রটোকল ও চুক্তি সই হয়েছে। এতে উপ-আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারিত হয়েছে। ভারত, নেপাল ও ভুটানের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত হয়েছে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র সম্প্রসারিত হওয়ার সুযোগ হয়েছে। এতে অর্থনৈতিকভাবে ব্যাপক প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হবে। এভাবে প্রতিটি চুক্তি প্রটোকল এবং অন্যান্য সমঝোতা স্মারকগুলো দেখলে দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ অর্জন করেছে। উপর দিয়ে ঝগড়াঝাটি করে ভিতরে ভিতরে তোষামোদি করবেন, এভাবে কোন অর্জন হয় না। বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই অর্জন করা যায়।’

শেখ হাসিনা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬-৭ জুন বাংলাদেশ সফরকালে মোট ৬টি চুক্তি, ৬টি প্রটোকল ও অন্যান্য ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে নতুনমাত্রা লাভ করেছে।

Posted in জতীয় সংসদ, জাতীয় | Comments Off on ভারতের দুই বিলিয়ন ডলার ঋণের ব্যাপারে কোনো শর্ত নেই: প্রধানমন্ত্রী

লিপস্টিক বা ক্রিমে নষ্ট হয়ে যেতে পারে সুন্দর মুখ!

16d7d027f8abcd9bb969aacf2a8d2201লাইফষ্টাইল ডেস্ক: ম্যাগি বিতর্কের মধ্যেই আশঙ্কার মেঘ এবার মহিলাদের সাজঘরেও! আশংকার তালিকায় নিত্যপ্রয়োজনীয় মহিলাদের ব্যাবহারের লিপস্টিক কিংবা ক্রিম! ভাবছেন, সেটা আবার কী করে সম্ভব? সম্ভব! গবেষকরা এমন আশংকার কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না।
বিশেষজ্ঞদের দাবি, সস্তার বহু প্রসাধনীতে লুকিয়ে থাকে ক্ষতিকারক সীসা। যা প্রসাধনী হয়ে প্রবেশ করে শরীরে।
দেশে প্রচলিত বেশ কয়েকটি ফর্সা হওয়ার ক্রিমকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, বিনা প্রেসক্রিপশনে স্টেরয়েড মেশানো এইসব ক্রিমগুলি মেখে, ত্বকের জটিল এবং দুরারোগ্য অসুখ ডেকে আনছেন বিভিন্ন বয়সের পুরুষ এবং মহিলারা। চিকিত্সকদের এই দাবিকে আরও জোরাল করেছে, গত বছর সুনীতা নারায়েন-এর সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট-এর দেওয়া তথ্য। যেখানে বলা হয়েছে,ভারতের ৪৪ শতাংশ ফেয়ারনেস ক্রিমে সীসার উপস্থিতি রয়েছে। ৫০ শতাংশ লিপিস্টিকে রয়েছে ক্রোমিয়াম যা ক্যান্সারে অন্যতম কারণ।

Posted in লাইফস্টাইল | Comments Off on লিপস্টিক বা ক্রিমে নষ্ট হয়ে যেতে পারে সুন্দর মুখ!

ডালিমের দানায় দানায় উপকারি গুণ

8082989f362b523ecddabc9c1e1517afছোট বড় সকলের প্রিয় ফল ডালিম। একদিকে এর যেমন আছে আকর্ষণীয় রং ও স্বাদ। তেমনি আছে অবর্ণনীয় পুষ্টি উপাদান ও স্বাস্থ্য উপকারিতা।
ডালিমকে চীনে বলা হয় লাকি ফ্রুট। যার অন্য নাম আনার। পাঞ্জাব কাশ্মীরে এ ফলকে বেদানা বলে। বেদানা আকারে ডালিমের চেয়ে অনেক ছোট এবং মিষ্টি স্বাদের। ডালিমের বৈজ্ঞানিক নাম Punica granatum। এটি স্বাস্থ্য ও ত্বকের জন্যও খুব ভালো। ডালিমে আছে এন্টি অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে ডালিম। এতে আছে এন্টি অক্সিডেন্ট যা শরীরের যাবতীয় জীবাণুকে অপসারণ করে। ডালিম ফল ডালিমগাছের পাতা, ছাল, মূল, মূলের ছাল সবই ওষুধি হিসেবে ব্যবহার করা হয়।
ডালিমের উপকারিতা: ডালিম ক্ষিদে বাড়িয়ে দেয়, শরীর স্নিগ্ধ করে, মেদ ও বল বৃদ্ধি করে। ডালিম রুচি বৃদ্ধি করে, কোষ্ঠশুদ্ধি করে, অরুচি দূর করে শ্বাসকষ্ট, কাশি ও বাত ব্যাধি নাশ করে। ডালিম খেলে শরীরের একটা বিশেষ ধরনের ফূর্তিভাব বা চেতনার সৃষ্টি হয়। ডালিমের রস মেধা বৃদ্ধি করে, মুখ পরিষ্কার করে। ডালিমে প্রচুর পরিমাণ লৌহ আছে যা রক্তবৃদ্ধি করে। ডালিমের সরবতে সমপরিমাণ পানি মিশিয়ে পান করলে উষ্ণাপত্ত অর্থাৎ পিত্তগরম হওয়া সেরে যায়, গরমকালে মাথা গরম দূর হয়ে যায় মাথা ঠান্ডা হয় ও চোখের জ্বালা কমে যায়। এ সরবত রুচিকারক এবং এর কাছে পিত্তের প্রকোপ শান্ত করার গুণ সমৃদ্ধ।
বহুদিন ধরে যারা আমাশায় ভুগছেন তাদের ডালিমের খোসা লবঙ্গের সঙ্গে ফুটিয়ে খাওয়ালে অন্য ওষুধের চেয়ে অনেক বেশি সুফল লাভ করবেন। ডালিম গাছের মূলের ক্বাথ কৃমিনাশক। ডালিমের রস খেলে জন্ডিস সেরে যায় বুক ধড়ফড়ানিও সারে। বুকের ব্যথা ও কাশি কমে যায়। কণ্ঠস্বর পরিষ্কার হয়। ডালিমের রস বমি বন্ধ করে ও হার্টের পক্ষে উপকারী। ডালিমে শরীর হৃষ্টপুষ্ট হয়, পিপাসা দূর হয়। ডালিমের রস বিটলবণ ও মধু এক সঙ্গে মিশিয়ে মুখে রাখলে বিশ্রি রকমের অরুচি প্রশমিত হয়। ডালিমের রস পুরনো পেটের অসুখে ও জ্বরে উপকার দেয়। ডালিমের রস ত্রিদোষ নাশ করে অর্থাৎ কোমরবাত ও পিত্তের দোষ নাশ করে। ডালিম ফুল ও ডালিমের খোসা জৈত্রি দারচিনি, ধনে ও গোলমরিচের গুড়ো মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের পুরানো একটানা পেটের অসুখ ও পায়খানার সঙ্গে রক্তপড়া বন্ধ হয়। মিষ্টি ডালিম মেধা বৃদ্ধি করে, মুখ পরিষ্কার করে, হার্ট ও লিভার সবল করে। প্রতিদিন একটি ডালিম খেলে ১৭ শতাংশ ভিটামিন ‘সি’ শরীরে প্রবেশ করে।
আমরা জানি ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। একই সঙ্গে ঠাণ্ডা ও কাশির প্রকোপ থেকে সুরক্ষা দেয়। ডালিমের রস ত্বকে বলিরেখা পড়তে দেয় না ও ত্বকের কোষকে দীর্ঘায়ু করে। এটি কোলাজেন ও অ্যালাস্টিন উৎপাদনেও সাহায্য করে। এই দুটি উপাদানই ত্বককে সজীব ও তরুণ রাখে। ডালিমে আছে এন্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকে আরাম দেয়। আরও আছে ট্রিকোসেনিক এসিড ও ওমেগা ৫ ফ্যাটি এসিড যা শুষ্ক ও রুক্ষ ত্বককে আদ্রতা ফিরিয়ে আনে। ডালিমের রস ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না। বিশেষ করে মূত্রনালীর ক্যান্সার দমনে এটি বিশেষ ভূমিকা রাখে। যারা ডায়াবেটিসের রোগী তারা অনায়েসে খেতে পারেন ডালিম। কারণ এতে আছে ডায়েট্রি ফাইবার। যা রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। ডালিম রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে আনে ও রক্তে এইচডিএল নামের এক প্রকার কোলেস্ট্রল সরবরাহ করে যা উচ্চ রক্তচাপ কমিয়ে স্ট্রোকের সম্ভাবনা কমায়।
এছাড়াও ডালিম ট্যানিন, এনেথোসায়ানিনস ও পলিফেনলসের ভালো উৎস যা আপনার হৃদয়কে রাখে সুস্থ। ডালিম হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে বিধায় পেট পরিষ্কার থাকে ও ত্বকে ব্রণ দেখা দেয় না। ডালিম ভিটামিন ‘সি’ যা ত্বকের তেল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। ডালিম ত্বককে হাইড্রেট করে। এক্ষেত্রে এটি গ্রিন টির চাইতেও ভালো। আলজেইমার্সের রোগীদের জন্য এটি খুব ভালো ওষুধ হিসেবে কাজ করে। স্মৃতিশক্তি প্রখর করতেও এর জুড়ি নেই। প্রতিদিন ডালিম খেলে শরীরে পর্যাপ্ত পরিমান পুষ্টি প্রবেশ করে ও এর মধ্যকার উপাদান শরীরে বাড়তি মেদ জমতে দেয় না। ডালিম বিপাক প্রক্রিয়াকে সুষ্ঠভাবে পরিচালনা করে। এটি ডায়েরিয়া ও বমির উপদ্রপ কমায়। এছাড়াও এটি পেটের যেকোনও সমস্যা সমাধান করতে সক্ষম।
ডালিম রক্তনালীকে সুরক্ষিত রাখে ও প্লেক জমতে দেয় না। ফলে স্ট্রোকের সম্ভাবনা কমে যায় বহু অংশে। ডালিম মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় ও চুলপড়া কমায়। এটি চুলের উজ্জ্বলতা বাড়ার সঙ্গে সঙ্গে ঝরঝরে ভাবও এনে দেয়।

Posted in স্বাস্থ্য | Comments Off on ডালিমের দানায় দানায় উপকারি গুণ

তাই বলে দুই বছরের জেল!

jennifer-lopez-38210ঢাকা: জেল হতে পারে তার, তাও আবার দুই বছরের জন্য। সাম্প্রতিক একটি পারফর্মেন্সের পরে এমন হুমকির সম্মুখীন হয়েছেন জেনিফার লোপেজ। কিন্তু তার ভক্তরা বলছেন, আয়োজন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভুলের কারণেই এমন বিব্রতকর পরিস্থিতি।
পপকুইন জেনিফার লোপেজের স্টেজ শো ছিল মরক্কোতে, তার স্বভাবসিদ্ধ আবেদনে ও আকর্ষণে মঞ্চ মাতালেও দূরদর্শনে এই অনুষ্ঠান সম্প্রচারের সঙ্গে সঙ্গেই সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ আসে জেনিফার লোপেজের পারফর্মেন্স নাকি ‘প্ররোচনামূলক’। একটি শিক্ষামূলক সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে মরক্কোতে আসেন তিনি।

তার স্বল্প পোশাক এবং ‘উস্কানী মূলক’ শরীরীর অঙ্গভঙ্গি নিয়েও বিতর্ক শুরু হয়। অভিযোগে বলা হয়, তার এই পারফর্মেন্স সমাজের সামনে অসভ্যতা প্রদর্শন করেছে এবং মহিলাদের অসম্মান করা হচ্ছে। মরক্কোর প্রধানমন্ত্রী আবদালিয়া বেনকিরানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। পারফর্মেন্সে অশ্লীলতার অভিযোগ ওঠায় দেশের মানুষ জনসংযোগমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবী করেছেন!

Jennifer_Lopez_Angel_B-658351মরক্কোর মতো রক্ষণশীল দেশে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দু’ বছরের শাস্তির নির্দেশ রয়েছে। আগেও এই দেশে অনুষ্ঠানে অংশ নিয়েছেন পপ সেনসেশন, তবে দূরদর্শনে তার অনুষ্ঠান সম্প্রচারের ঘটনা এই প্রথম। এই ঘটনার পরে পর্যাপ্ত নিরাপত্তায় রয়েছেন জেনিফার লোপেজের।

Posted in বিনোদন | Comments Off on তাই বলে দুই বছরের জেল!

তাপ-চাপ-পানি-ধুলো প্রতিরোধী ফোন (ভিডিও)

phone1বিজ্ঞান ও প্রযু্ক্তি ডেস্ক : স্যামসাং তাদের গ্যালাক্সি এস৬ সিরিজে নতুন একটি স্মার্টফোন এনেছে। এটির মডেল গ্যালাক্সি এস৬ একটিভ। এই স্মার্টফোন বিশেষত্ব হলো এটি তাপ, চাপ পানি এবং ধুলোবালি প্রতিরোধী। ফোনটিকে অ্যাডভেঞ্চার ঘরানায় তৈরি করা হয়েছে।
গ্যালাক্সি এস৬ একটিভ স্মার্টফোনটি বার্সোলোনায় মোবাইল কনগ্রেসে প্রথম উপস্থাপন করা হয়। এটির মেটাল কেসিং একে আরো শক্তপোক্ত করেছে।
ফোনটিতে আছে ৫.১ ইঞ্চির কিউএইচডি সুপার অ্যামোলিড স্ক্রিন। স্ক্রিনের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। এতে আছে এক্সিনোস ৭৪২০ চিপসেট। ফোনটির পেছনের ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল।
স্মার্টফোনটি আইপি৬৮ এবং মিল এসটিডি ৮১০ জি সার্টিফাইট প্রটেকশন রয়েছে। এটি ১.৫ টি পানির গভীরে ৩০ মিনিট সচল থাকতে পারে। এটিকে ডাস্টপ্রুফ হিসেবেও তৈরি করা হয়েছে। আর আছে থার্মাল এবং শক প্রটেকশন।
১২ জুন থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। জানা গেছে ফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে ৬৯৫ ডলারে বিক্রি হবে। বাংলাদেশী টাকায় এটার দাম হবে ৫৪ হাজার ৪১ টাকা।

 

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on তাপ-চাপ-পানি-ধুলো প্রতিরোধী ফোন (ভিডিও)

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

Roadডেস্ক রিপোর্ট : গাছের সঙ্গে বাসের ধাক্কায় ও ট্রাকের নিচে চাপা পড়ে বগুড়া, নাটোর ও দিনাজপুরে আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন।
বৃহস্পতিবার ভোরে বগুড়ার সান্তাহার, দিনাজপুরের ঘোড়াঘাট ও নাটোরের সিংড়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
বগুড়া: বগুড়া-নওগাঁ মহাসড়কে বিআরটিসি বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহাসড়কের সান্তাহারের অদূরে ঢাকা রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের হেলপার নওগাঁর নজিপুর উপজেলার ডাবলু হোসেনের ছেলে রাশমিন হোসেন (২৫) ও যাত্রী জয়পুরহাট জেলার মঙ্গলপুর এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে নাসির উদ্দিন নাসিম (১৭)।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁর সাপাহারগামী বিআরটিসির একটি বাস ঢাকা রোড এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আহত চার জনকে পুলিশ উদ্ধার নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বাংলামেইলকে জানান, চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
: দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটে ইনসাফ স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত কমপক্ষে ২৫ জন যাত্রী। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
ভোর ৪টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চালক মো. সুলতান (৪৫)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা। বাসযাত্রী মো. আব্দুস সালাম (২২)। তিনি বিরল উপজেলার বাসিন্দা। বাকীদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
ঘোড়াঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. জাকারিয়া বাংলামেইলকে জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী ইনসাফ স্পেশাল (ঢাকা-মেট্রো-ব-১৪-১০২৮) পরিবহনের একটি নৈশ কোচ উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিন্ত্রয়ণ হারিয়ে রাস্তার পাশে বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক মো. সুলতান ও যাত্রী মো. আব্দুস সালাম মারা যান। এ ঘটনায় আহত হন কমপক্ষে ২৫ জন যাত্রী। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয়।
নাটোর: সিংড়ায় নিজের ট্রাকের চাপায় চালকসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সিংড়া পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌরসভার চাঁদপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে চালক শাহিন (৩০) ও তার দুই সহকারী বালুয়া-বাসুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শুভ (২৪) এবং সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পকম আলীর ছেলে ছোটন (২৪)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বাংলামেইলকে জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া পৌরসভার সামনে বিকল হয়ে যায়। এ সময় চালক শাহিন ক্যারিয়ার দিয়ে ট্রাকটি মেরামত করছিলেন। হঠাৎ ক্যারিয়ার ভেঙে চালক শাহিন, শুভ ও ছোটন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যান। পরে শুভ ও ছোটনকে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।

Posted in জাতীয়, সারা দেশ | Comments Off on সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

মেঘনায় ট্রলারডুবি, ৪ শিশুর মৃতদেহ উদ্ধার

ট্রলারডুবিজেলা প্রতিনিধি ভোলা: জেলার মনপুরায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ঘটেছে। এ সময় চার শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার সকালের দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

Posted in জাতীয়, সারা দেশ | Comments Off on মেঘনায় ট্রলারডুবি, ৪ শিশুর মৃতদেহ উদ্ধার

বিয়ের দাবিতে নাবালিকা প্রেমিকার কাণ্ড

anashonজেলা প্রতিনিধি সুনামগঞ্জ : ছাতকে অপ্রাপ্ত বয়স্ক প্রেমিকযুগলকে নিয়ে বিপাকে পড়েছে প্রেমিকের পরিবার। পালিয়ে এসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত ৬ দিন ধরে অবস্থান করছে নাবালিকা প্রেমিকা।
প্রেমিকের পরিবার ও স্থানীয় লোকজন শত চেষ্টা করেও প্রেমিকাকে তার বাবার বাড়িতে ফেরত পাঠাতে পারছে না। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামে।
দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিননগর গ্রামের আফিজ আলীর মেয়ে জেছমিন বেগমের (১২) সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মাধবপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মিজান। প্রায় মাসখানেক ধরে চলে আসা প্রেম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গত ৬ জুন পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে প্রেমিকা জেছমিন পালিয়ে প্রেমিক মিজানের বাড়িতে এসে উপস্থিত হয়। বিষয়টি জানাজানি হলে প্রেমিকা জেছমিনকে তার বাবার বাড়িতে ফেরত পাঠানোর চেষ্টা করেন গ্রামের লোকজন। কিন্তু মিজানের স্ত্রী হয়ে এ বাড়িতেই থাকবে বলে ফেরত পাঠানোর সব চেষ্টা ব্যর্থ করে দেয় জেছমিন।
এদিকে জেসমিনের পরিবারও তাকে আর ফিরিয়ে না নেয়ার শর্তে অটল রয়েছে বলে জানা গেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলেও কোনো ব্যবস্থা না নেয়ায় চরম বিপাকে পড়েছে প্রেমিক মিজানের পরিবার। প্রেমিক-প্রেমিকার উপযুক্ত বয়স না হওয়ায় তাদের বিয়েও দিতে পাড়ছে না। আবার প্রেমিকা জেছমিনকে তার বাড়িতে ফেরতও পাঠানো যাচ্ছে না। এ অবস্থায় ৬ দিন ধরে মিজানের বাড়িতেই অবস্থান করছে জেছমিন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জানান, জেসমিন নাবালিকা হলেও তার কথাবার্তা খুবই পরিপক্ক। তাকে বুঝিয়ে তার বাবার বাড়িতে ফেরত পাঠানোর সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। সে মিজানের বাড়ি থেকে না যাওয়ার শর্তে অটল রয়েছে।
ছাতক থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে কোনো অভিযোগ দেয়া হয়নি। উভয় পরিবার সামিজিকভাবে নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে বলে তিনি শুনেছেন।

Posted in সারা দেশ | Comments Off on বিয়ের দাবিতে নাবালিকা প্রেমিকার কাণ্ড

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud