May 5, 2026
ঢাকা: লাস ভেগাসে চলতি কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস)-২০১৫ তে হাইড্রোজেন ফিউয়েল সেল প্রযুক্তিসংশ্লিষ্ট প্রায় ৬ হাজার পেটেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লাস ভেগাসে টয়োটা মিরাই গাড়ির প্রদর্শনী শেষে নিজেদের হাইড্রোজেন ফিউয়েল চালিত গাড়ির পেটেন্ট সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দেয় জাপানি এই প্রতিষ্ঠানটি। গাড়ি নির্মাণ শিল্পে হাইড্রোজেন জ্বালানীর ব্যবহার বাড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

পেটেন্টগুলো হাইড্রোজেন ফিউয়েল চালিত যানবাহন তৈরি করতে ইচ্ছুক যে কোনো প্রতিষ্ঠান ২০২০ সাল পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে টয়োটা। ফিউয়েল সেল স্টেক, উচ্চচাপের হাইড্রোজেন ট্যাঙ্ক, সফটওয়্যার নিয়ন্ত্রণ পদ্ধতি, গ্যাস উৎপাদন আর সরবরাহের পদ্ধতিসংশ্লিষ্ট বিভিন্ন পেটেন্ট উন্মুক্ত করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। টয়োটার অটোমোটিভ অপারেশনের ভাইস প্রেসিডেন্ট বব কার্টার এক বিবৃতিতে বলেছেন, “যখন ভালো কোন চিন্তাগুলো শেয়ার করা হয়, তখন অনেক বড় কিছু ঘটতে পারে।” আগামী পাঁচ বছরের মধ্যে প্রথম প্রজন্মের হাইড্রোজেন জ্বালানী চালিত যানবাহন বাণিজ্যিক হারে উৎপাদন করতে হলে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং গবেষকদের মধ্যে ‘অসাধারণ সমন্বয়’ দরকার বলে দাবী করেছেন তিনি।
মিরাই গাড়িটি উন্মোচনের পর মানানসই অবকাঠামো আর হাইড্রোজেন রিচার্জিং স্টেশন নির্মাণ টয়োটার জন্য একটি ‘বড় চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছে টাইম ম্যাগাজিন । ক্রেতারা সহজে জ্বালানী রিচার্জ করতে না পারলে, বাজারে টিকে থাকা মিরাইয়ের জন্য কষ্টকর হবে। ইতোমধ্যে, ক্যালিফোর্নিয়ায় ২৮টি হাইড্রোজেন রিচার্জিং স্টেশন নির্মাণের কাজ শুরু করেছে। শুরুতে ৭০০টি মিরাই গাড়ি বাজারে ছাড়া হলেও, ২০২০ সালের মধ্যে ১০ হাজার গাড়ি বাজারজাত করার পরিকল্পনার কথা জানিয়েছে টয়োটা।