April 16, 2026
ঢাকা: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ২০ করার জন্য সরকারের উপর প্রতিষ্ঠানগুলোর মালিকদের চাপ প্রয়োগ অব্যাহত থাকায় ভবিষ্যত চিকিৎসকদের মান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশের স্বাস্থ্যসচেতন মানুষ। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের মালিকদের অব্যাহত চাপের মুখে স্বাস্থ্যমন্ত্রণালয় রোববার এ ব্যাপারে বৈঠক করতে যাচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা। চিকিৎসাবিদ্যা বিষয়ক বিশেষজ্ঞরা যদিও বলছেন, ভবিষ্যৎ চিকিৎসকদের মানের বিষয়টি বিবেচনায় এনে ভর্তি পরীক্ষার পাস নম্বর না কমিয়ে বরং বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি ও টিউশন ফি কমানো উচিত। যাতে আরো অধিক ছাত্র মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পায়। তবে বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশনের দাবির ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়ুবুর রহমান বলেন, রোববারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। ‘দেখি বৈঠকে কি সিদ্ধান্ত হয়’।

বৈঠকে স্বাস্থ্য সচিব, অতিরিক্ত সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্স সম্পন্ন করতে একজন ছাত্রকে ১৪ থেকে ২০ লাখ টাকা ব্যয় করতে হয়। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতি এম মোয়াজ্জেম হোসাইন গত ৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার নম্বর ৪০ থেকে কমিয়ে ২০ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, দেশের ৪৯টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ৬ হাজার ৬০৫টি আসনের বিপরীতে চলতি সেশনে ছাত্র ভর্তি হতে পেরেছে মাত্র ১২’শ ছাত্র। এই প্রথমবারের মতো মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় ১’শ নম্বরের মধ্যে পাস মার্ক ৪০ করায় চলতি বছর ৬৬ হাজার ৯৮৭ জন ছাত্রের মধ্যে পাশ নম্বর পয়েছে মাত্র ২২ হাজার ৯৮৭ জন।
মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রতি সেশনে ১০ হাজার ৬’শ জন ছাত্রের ভর্তির সুযোগ রয়েছে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব এম ইকবাল আরসালান বলেন, বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের স্বার্থ বিবেচনায় যদি পাস নম্বর কমিয়ে আনা হয় তাহলে তা ভবিষ্যত চিকিৎসকদের মানের উপর প্রভাব ফেলবে। তিনি বলেন,পাশ নম্বর কমিয়ে আনার পরিবর্তে যদি বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসা শিক্ষা ব্যয় কমিয়ে আনা হয়, তাহলে তারা আরো বেশি ছাত্র পাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএমএ’র সাবেক সভাপতি রাশিদ ই মাহবুব বলেন, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার পাস নম্বর যদি কমিয়ে আনা হয় তাহলে গোটা চিকিৎসা শিক্ষার মানও কমে যাবে। তিনি বলেন, অনেক ‘‘অনাকাঙ্খিত’’ বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ রয়েছে যেখানে ভর্তি ও টিউশন ফি অনেক বেশি হওয়ায় ছাত্র সংকট প্রায় লেগেই থাকে। তিনি, বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের দাবির সমালোচনা করে বলেন, চিকিৎসা বিদ্যায় অধিক ব্যয় না করে মান সম্পন্ন শিক্ষা দেয়া সম্ভব নয় এমন দাবি করা হলেও প্রকৃতপক্ষে ভালো ছাত্রদের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না দিলে ভালো বা মানসম্পন্ন চিকিৎসক আশা করা যায় না।সুত্র…..নিউএজ
কুড়িতেই মেডিকেল পরীক্ষায় পাস !