April 20, 2026

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ৩২ রানের পরাজয় দিয়ে শুরু করলো প্রোটিয়ারা। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৩০০ রানের পিছু নিয়ে শুরুর বিপর্যয় কাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে কক্ষপথেই রেখেছিলেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং ডেভিড মিলার। দুজনে মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ১২৬ রান। কিন্তু ভিলিয়ার্স-মিলার ফিরে যাওয়ার পর আর কেউ লড়াই চালাতে পারেনি। ফলে ম্যাচ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৭৬ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ভিলিয়ার্স ৮০ এবং ৬৫ বলে পাঁচ চার আর এক ছক্কায় ৬৫ রান করেন মিলার।
এছাড়া ফ্যাফ ডু প্লেসিস ৩১ রান করেন। শেষের দিকে ইমরান তাহির এবং মরনে মরকেল দুজনই ২২ রান করে করেছেন বটে, কিন্তু সেটা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে মাত্র। ৪৮ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার কাল্টার নাইল। ৩৮ রানে ২ উইকেট পেয়েছেন মিচেল জনসন।
এরআগে টস হেরে ব্যাট করতে নেমে সবার সম্মিলিত অবদানে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে তোলে ৩০০/৮ রান। যেখানে সর্বোচ্চ ৭০ রান এসেছে জর্জ বেইলির ব্যাট থেকে। ৭৫ বলে খেলা তার এই ইনিংসে ছিল তিন চার ও এক ছক্কা। বাকিদের মধ্যে ডেভিড ওয়ার্নার ৪৯ বলে ৪৬, অ্যারন ফিঞ্চ এবং ম্যাথু ওয়েড দুজনেই করেন ৩৫ রান। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ২৯, শেন ওয়াটসন ১৩ এবং অধিনায়ক মাইকেল ক্লার্ক করেন ১১ রান। ভারনন ফিল্যান্ডার ৪৫ রানে নেন ৪ উইকেট। ডেল স্টেইন পেয়েছেন দুটি উইকেট।