April 20, 2026
চট্টগ্রাম থেকে: নিজেই বিশ্বসেরা অলরাউন্ডার। ঢাকা ও খুলনায় রেকর্ড পরিমাণ উইকেট শিকার করে দলকে জিতিয়েছেন তিনি। কিন্তু চট্টগ্রাম টেস্টে তার স্পিন কাজ হচ্ছিলো না। সেজন্য অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে আলোচনা করে জুবায়ের হোসেনকে আক্রমণে নিয়ে আসেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাতেই কিস্তিমাত বাংলাদেশের। জুবায়ের চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করে স্বাগতিকদের চালকের আসনেই রেখেছেন।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় দলের অন্যতম সেরা দুই স্পিনার সাকিব ও তাইজুল একটি করে উইকেট শিকার করলেও ১৯ বছর বয়সী তরুণ লেগ স্পিনার একাই পাঁচ উইকেট দখল করেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শেষে জুবায়ের হোসেন বলেন, ‘আমি যখন বল করছিলাম তখন সাকিব ভাই ও মুশফিক ভাই আমাকে দারুণ সাহায্য করেছে। আসলে ওনারা আমাকে যেভাবে বল করতে বলেছে সেভাবেই বল করেছি। আর তাতেই সাফল্য পেয়েছি।’
তৃতীয় দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে জুবায়ের আরো বলেন, ‘আমাদের ম্যাচ পরিকল্পনা ছিলো ধৈর্য্য ধরে বল করা। আমি যখন বল করছিলাম তখন মুশফিক ভাই ও সাকিব ভাই বারবার আমাকে বলেছে, তুই ধৈর্য্যহারা হবি না। আজ চার ওভার বল করার পর আমি হাঁপিয়ে উঠেছিলাম। তখন সিকান্দার রাজা ও টেলকে কিভাবে আউট করতে হয় সে কৌশল শিখিয়ে দেন মুশফিক ভাই। আমি সেভাবে বল করেছি ওই দুজনের বিপক্ষে সাফল্য পেয়েছি।’ এছাড়া ম্যাচের পরিকল্পনা ও টার্গেট নিয়ে জুবায়ের বলেন, ‘আমরা এখনো জয়ের জন্য খেলছি। আজ আমাদের পরিকল্পনা ছিল বল হাতে ধৈর্য্য ধরা। কেননা খেলার মাঝে এটা ধারণ করতে পারলেই সফল হওয়া যায়।’