April 20, 2026
জয়পুরহাট: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, জিয়াউর রহমানকে আওয়ামী লীগের পুনর্জন্মদাতা। জিয়াউর রহমানই আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছেন। আওয়ামী লীগের নেতাই আওযামী লীগকে বিলুপ্ত করেছিলেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন।।রবিবার বিকেলে জয়পুরহাটের রামদেও সরকারি বাজলা স্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দিতে এ কথা বলেন তিনি। পাশাপাশি ঈদুল ফিতরের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনেরও ঘোষণা দেন তিনি। ‘মুজিব হত্যায় জিয়া জড়িত’ আওয়ামী লীগের এমন প্রচার সম্পর্কে কথা বলতে গিয়ে খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমানই শেখ হাসিনাকে লোক পাঠিয়ে বিদেশ থেকে এনেছিলেন, তাকে বাড়িঘর সব বুঝিয়ে দিয়েছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আপনি আসার ১৩ দিন পরই জিয়াউর রহমান মারা গেলেন। আর বোরখা পরে আপনি বর্ডার অতিক্রম করার চেষ্টা করছিলেন।
খালেদা জিয়া বলেন, ঈদের পরে জোরেসোরে আন্দোলন করে লুটেরা সরকারের পতন ঘটানো হবে। এজন্য জয়পুরহাটবাসীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশে কি কোনো বৈধ সরকার আছে? নাই। সরকার অবৈধ। ভোট কেন্দ্রগুলোর দৃশ্য টেলিভিশন সাংবাদিকরা দেখিয়েছে। কেউ সিল মারছে। আবার কেউ ঘুমাচ্ছে। দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় নাই। পাঁচ শতাংশেরও কম ভোট পড়েছে। সুতরাং আমার ডাকে যে ৯৫ শতাংশ লোক ভোট কেন্দ্রে যায় নাই তারাই আসল জনপ্রতিনিধি। আমাদের দলাই আসল জনপ্রতিনিধি। তাই সংলাপ করতে হলে আসল জনপ্রতিনিধিদের সাথেই কথা বলতে হবে। খালেদা জিয়া বলেন, সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা কিভাবে পাচার হয়েছে। কারা এর সাথে জড়িত তাদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত করে জড়িতদের শাস্তির আওয়াতায় আনতে হবে। আপনারা অন্যদের নামে মিথ্যা মামলা দিচ্ছেন। অথচ আপনাদের লোকজন বিদেশে টাকা পাচার করছে। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে ভয় পায় আওয়ামী লীগ। তিনি বলেন, সরকার অবৈধ। তারপরেও আমরা বলেছি দেশের সাথে অবৈধ সরকারের সাথে সংলাপে বসতে রাজি। কিন্তু তারা বলেছে আগে বৈধতা দিতে হবে। কিন্তু আমরা বলতে চাই গত নির্বাচনে যেই দলের আহ্বানে দেশের ৯৫ শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। তারাই আসল জন প্রতিনিধি। তাই সংলাপ করতে হলে বিএনপির সাথেই করতে হবে।