পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন অগ্নিদগ্ধ তুলি

Posted on February 7, 2014 | in সারা দেশ | by

BC-07-02-14-D_07হিলি (দিনাজপুর):  দুর্বৃত্তদের আগুনে দগ্ধ কলেজছাত্রী জলি আক্তার তুলির (১৯) অবস্থা সংকটাপন্ন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে তুলিকে জয়পুরহাট আধুনিক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।  এদিকে, একই ঘটনায় অগ্নিদগ্ধ তুলির নানি ছায়েরা বিবিকে (৫০) জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছায়েরা দিনাজপুরের হাকিমপুর থানার চন্ডিপুর মহল্লার আব্দুর সাত্তার হোসেনের স্ত্রী।

তুলি জয়পুরহাটের ধামরহাট উপজেলার পল্লীবালা (নওপাড়া) গ্রামের জহির উদ্দিনের মেয়ে। তিনি জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।  তুলির নানা আব্দুর সাত্তার হোসেন জানান, মাস খানেক আগে তুলি তার বাড়িতে বেড়াতে আসেন। অন্যান্যদিনের মতো বৃহস্পতিবার দিনগত রাতে নানির সঙ্গে একই কক্ষে ঘুমাচ্ছিলেন তুলি।  রাত আড়াইটার দিকে বাড়ির সীমানা প্রাচীর ডিঙিয়ে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। পরে বাইরে থেকে ওই কক্ষে আগুন লাগিয়ে পালিয়ে যায়। মু‍হূর্তের মধ্যেই আগুনে তুলির সম্পূর্ণ মুখমণ্ডল ও শরীরের উপরিভাগ পুড়ে যায়। এসময় তার পাশে থাকা নানীর শরীরেরও কিছু অংশ পুড়ে যায়।

স্থানীয়ভাবে আগুন নিভিয়ে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়। পরে তুলির অবস্থা আরও সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।  হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব জানান, যে কাঠির মাধ্যমে ঘরে আগুন দেওয়া হয়েছে সেটিতে স্প্রিট ও পেট্রোলের গন্ধ পাওয়া গেছে।

তিনি আরও জানান, তুলিকে তার এলাকার এক বখাটে যুবক প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ ঘটনার সঙ্গে ওই যুবকের সম্পৃক্ততা থাকতে পারে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud