April 26, 2026
ঢাকা: জাতীয় নির্বাচনে বাধা দেয়ার জন্য সব ধরনের চেষ্টা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নির্বাচন বাধা দেয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। জনগণ নির্বাচন বাধা দেয়ার ক্ষেত্রে কোনো সাড়া দেয়নি। ধ্বংসাত্মক কাজে সাড়া দেয়নি। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বিদ্যু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শেখ হাসিনা আজ প্রথম অফিস করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ শত বাধার মুখে নির্বাচনে ভোট দিয়েছে। ৪০ ভাগের মতো মানুষ ভোট দিয়েছে। আমরা জনগণের সমর্থন নিয়ে আবার সরকার গঠন করেছি।’ শেখ হাসিনা বলেন, ‘দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে দেশকে আলোকিত করতে সরকার কাজ করছে।’ কয়লা উত্তোলনের ব্যাপারে নতুন প্রযুক্তির জন্য অপেক্ষা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে কৃষিজমি রক্ষা, পরে কয়লা উত্তোলন। প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যওয়ার পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, সবচেয়ে বড় ব্যাপার হলো, কয়লা নিয়ে প্রায়ই কথা হয়, এ ব্যাপারে প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিয়ে গেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, আমার দেশের জমি আগে, কৃষকদের জমি আগে রক্ষা করতে হবে। ফসলাদি জমি আগে রক্ষা করতে চাই। তার পরে কয়লার বিষয়ে সিদ্ধান্ত নেবো। কয়লা উত্তোলনে নতুন প্রযুক্তির জন্যও অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, এই মুহূর্তে কয়লা উত্তোলনের ব্যাপারে নতুন প্রযুক্তির জন্য অপেক্ষা করবো। এ বিষয়ে আরো বেশি গবেষণা করতে চাই।