April 26, 2026
নায়িকাদের বিশেষ করে নতুন নায়িকাদের সাহায্য করার ব্যাপারে ভালই সুনাম রয়েছে বলিউড সুপারষ্টার সালমান খানের। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সালমান অভিনীত মুক্তি পাওয়া ‘জয় হো’ ছবি দিয়ে অভিষেক ঘটে নতুন দুই নায়িকা সানা খান ও ডেইজি শাহের। তবে ছবিটি মুক্তির পর ছবির অন্যতম নায়িকা সানা খান অভিযোগ তুলেছেন ছবিতে তার চাইতে আরেক নায়িকা ডেইজি শাহই নাকি বেশি আনুকল্য পেয়েছেন সালমানের। সানা বলেছেন,ছবির প্রায় প্রত্যেকটি প্রচারণা অনুষ্ঠানেই ছবির নায়ক সালমান খানের সঙ্গে অংশ নিয়েছেন ডেইজি। পক্ষান্তরে পুরোপুরি আড়ালে থেকে গেছেন সানা। সালমানের ছবিতে অভিষক হয়েও আলোচনায় আসতে পুরোপুরিই ব্যর্থই হয়েছেন তিনি। এমনকি ছবির পোস্টার ও ট্রেইলারেও সানাকে দেখা যায়নি। আর তাই এতে তিনি প্রচণ্ড হতাশ। ছবিটি মুক্তির পর আরো বেশি হতাশ হয়েছেন সানা। কারণ তাকে না জানিয়েই ছবি তার চরিত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়। সানা ভেবেছিলেন, পুরো ছবিতেই দেখা যাবে তাকে। পরে দেখা যায়, বিরতির আগে ছবিটিতে তার মাত্র একটি দৃশ্য রয়েছে। ছবিতে তার চরিত্রটিকেও কাঁটছাঁট করে অনেক বেশি সংক্ষিপ্ত করা হয়েছে। সানা তার ঘনিষ্ঠজনদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন,’জয় হো’ ছবিটির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি। ছবিটিতে কাজ করার আগে নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’তে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু পরে সালমানের কথায় শোটি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। তখন এর কারণ হিসেবে সালমানের বক্তব্য ছিল, ‘জয় হো’র মুক্তির আগে খুব বেশি লাইমলাইটে আসা উচিত হবে না তার। এতসব কিছুর পরও সালমানের এমন আচরণ সানার কাছে অগ্রহনযোগ্য মনে হলেও প্রতিবাদ করলে নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এমন ভয়ে কিছুই বলতে পারছেন না সানা।