April 29, 2026
ঢাকা: গত ৫ জানুয়ারির নির্বাচন বাতিল ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে খুব শিগগিরই হরতাল, অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে চেয়ারপারসনের সঙ্গে পেশাজীবীদের দুই ঘণ্টা ব্যাপি বৈঠক শেষে জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
কাদের গণি চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া বলেছেন, আমি হতাশ না, আপনারাও হতাশ হবেন না। আমাদের আন্দোলন সফল হয়েছে। কারণ শেখ হাসিনা মাত্র ৫ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। আর আমি ৯৫ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছিলাম, তাই আপনারা হতাশ হবেন না। সময় এখনও শেষ হয়ে যায়নি।
বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, শীতকাল শেষ হলে বেগম খালেদা জিয়া সারাদেশ সফরে বের হবেন। আন্দোলনকে বেগবান করতে বেগম জিয়ার সফরের মধ্য দিয়ে বিভিন্ন জেলার পুরাতন কমিটিকে নতুন আঙ্গিকে গঠন করা হবে। আর ঠিক তখনি সরকার পতনের বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবেন বেগম খালেদা জিয়া।