April 27, 2026
‘তোমার স্যার এই ল্যাপটপ বিক্রি করতে চান কেন?’ মাহিয়ান জিজ্ঞেস করল আবিরের কর্মচারীকে। কর্মচারী বলল ‘ স্যারের টাকার দরকার। আপনি নিলে নেন না নিলে ল্যাপটপ টা দেন আমি জাইগা। আমার আবার অন্য জায়গা খুঁজতে হইব।’
সাথে সাথে পরিচালক বললেন ‘ওকে কাট’। বলছি ‘অবাস্তব ভালোবাসা’র কথা। এটা একটা সিনেমার নাম। গত ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিটির চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু। আর পরিচালনা করছেন কাজল কুমার। ছবিতে অভিনয় করছেন নবাগত নায়িকা মাহিয়ান চৌধুরী এবং তার বিপরীতে কাজ করছেন নবাগত জয় চৌধুরী।
দুপুরের পর প্রিয়ঙ্কা শুটিং হাউসে পৌঁছে প্রথমেই চোখে পরল নায়িকা মাহিয়ান চৌধুরী এবং কমিডি অভিনেতা শহিদুল ইসলামের ঐ দৃশ্যটি। শটটি দিয়েই নায়িকা হেসে উঠে পরিচালককে বললেন `এভাবে করলে হবে ভাইয়া`। কমেডি অভিনেতা শহিদুল ইসলাম তখন বলে উঠলেন `হবে হবে`।
নায়িকা মেকআপ ঠিক করছেন। এর মধ্যে ছবি সম্পর্কে কথা হল পরিচালকের সাথে। প্রশ্ন করলাম, চলচ্চিত্রাঙ্গনে এত ভালোবাসাবাসির মাঝে ছবির নাম ‘অবাস্তব ভালোবাসা’ হওয়ার কারণ কী?
‘ভালোবাসার অনেক রুপের মধ্যে এটা একটা রুপ । ছবিতে নায়িকা গোপনে নায়ককে ভালোবেসে দূর থেকে সাহায্য করে যায়। কখনো বলে না তার ভালোসাবার কথা। এখানে ভালোবাসার নানান ধরনের উত্থান পতন দেখানোর চেষ্টা করা হয়েছে। আর ‘অবাস্তব ভালোবাসা’র শেষ পরিণতি বাস্তবে কি হবে দর্শক এটা জানতে পারবে সিনেমা দেখার পর। আমার ছবি একেবারেই যে ভিন্নগল্প এটা বলব না তবে গতানুগতিক ঘটনাকে একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছবিটি নিয়ে আমি আশাবাদি।’
আবার শুটিং শুরু। নায়িকা একজন বড় কোম্পানির ম্যানেজারকে বলছেন ‘আমার কাছে কিছু ভালো বাড়ির ডিজাইন আছে আপনি চাইলে দেখতে পারেন।’ এই দৃশ্য শেষ করে নায়িকা পোশাক পরিবর্তনের জন্য মেকআপ রুমে চলে গেলেন। তখন কথা হল কমিডি অভিনেতা শহিদুল ইসলামের সাথে।
বললেন, ‘ছবিতে আমি নায়কের বিশ্বস্ত কর্মচারী। রোমান্টিক অ্যাকশনের এই ছবিতে কিছু কমিডি মেশানো হয়েছে। এবং সেই কমিডি চরিত্রটি করেছি আমি। আশা করছি ছবিটি দর্শকের পছন্দ হবে।’
এরমধ্যে শেষ হল শুটিয়ের খাওয়া দাওয়া। পাঁচ রকম ভর্তা, রুই মাছ , গরুর মাংস দিয়ে দুপুরের খাবারটা ভালোই হল। কিন্তু শটের সময় হয়ে যাওয়ায় নায়িকা খাওয়া শেষ না করেই উঠে গেলেন।
শুটিং স্পটে সবার ব্যস্ততা দেখতে লাগলাম। ক্যামেরাম্যান, ফটোগ্রাফার, মেকআপম্যান সবার পাহাড় সমান ব্যস্ততা। আর সবথেকে বেশি ব্যস্ত যারা খাবার পরিবেশন করছে। কিন্তু এটা তাদের জন্য মজার ব্যস্ততা। নায়িকাকে খাবার দিতে পেরে তারা খুব খুশি। অন্যসব কিছুর মাঝে চোখে পড়ল না শুধু নায়ককে। সেদিন তার শুটিং ছিল না।
সবশেষে কথা হল ছবির প্রযোজক এবং নায়িকা মাহিয়ান চৌধুরীর সাথে। নায়িকা মাহিয়ান দর্শকের চাহিদা অনুযায়ী সিনেমা তৈরি করতে চান। আর এই জন্য তার প্রযোজনা প্রতিষ্ঠান এফ আই ফিল্ম থেকে ছবিটির প্রযোজিত হচ্ছে। চলচ্চিত্রে গদবাধা কাহিনী থেকে বেরিয়ে এসে নিজের মত করে ছবিটি তৈরি করে দর্শকের মাঝে দিতে পারবে বলে আশা করছেন তিনি।
তিনি বললেন ছবি নিয়ে তার ভাবনা, ‘আমি চেষ্টা করছি দর্শককে ভালো ছবি উপহার দেবার জন্য। আমার কো-আটির্ষ্ট জয় চৌধুরী আমাকে অনেক সাহায্য করছেন। পরিচালক অনেক যত্ন নিয়ে কাজটি করছেন। আশা করি সবার ভালো লাগবে ছবিটি।’
শট নেয়ার জন্য আবার রেডি পরিচালকসহ শুটিং ইউনিট। পরিচালকের কাছে গিয়ে বললাম ‘ভাই আজ আসি।’ পরিচালক হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন ‘ওকে আপু দেখা হবে’। অন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম প্রিয়ঙ্কা শুটিং হাউস থেকে।
দর্শককে আর একটা তথ্য জানিয়ে রাখি আগামী জুনে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
অবাস্তব ভালোবাসার কাহিনী সংক্ষেপ
নায়ক জয় চৌধুরী একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। চাকরির অভাবে তার প্রিয় ল্যাপটপ বিক্রি করে নায়িকা মাহিয়ান চৌধুরীর কাছে। ল্যাপটপে ছিল তার ডিজাইনকৃত কিছু বাড়ির প্ল্যান। সেই প্ল্যানগুলো বড় বড় ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর কাছে উপস্থাপন করে নায়িকা। ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে নায়কের ভাগ্য। তারপর থেকেই নানা ঘটনা ঘটতে থাকে। আর এই ঘটনার মধ্য দিয়ে তৈরি হয় ‘অবাস্তব ভালোবাসা’।
এ ছবির সঙ্গীত পরিচালক হিসেবে আছেন আলী আকরাম শুভ আর ছবির গানে কণ্ঠ দিবেন রুনা লায়লা, এন্ডু কিশোর, বেবি নাজনিন, এস আই টুটুল ও কনা।