April 20, 2026
খাগড়াছড়ি: মুক্তি পেয়ে ফিরে এসেছেন অপহৃত খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেম্রাচাই মারমা, দুই ভাইস চেয়ারম্যানসহ আট আওয়ামী লীগ নেতা। শনিবার সকালে শহরের অদূরে স্বনির্ভর এলাকায় তাদের ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম। মুক্তি পেয়ে অপহৃতরা সাংবাদিকদের জানান, ইউপিডিএফ সদস্যরা তাদের ডেকে নিয়েছিলেন। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তারা। সেখানে মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সহকারী পুলিশ সুপার সারওয়ার জানান, শুনেছি নির্বাচন বিষয়ে আলোচনার জন্য তাদের ডেকে নেয়া হয়েছিল। তবে শনিবার সকালেই স্বনির্ভর এলাকায় মুক্তি দেয়া হয়েছে।
এদিকে, ইউপিডিএফ’র জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে ইউপিডিএফ কর্তৃক আটজন পাহাডিড়কে অপহরণের সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।” তিনি বলেন, “লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যানরা ইউপিডিএফ’র সমর্থনে নির্বাচিত হয়েছিলেন। তারা ইউপিডিএফ সমর্থক। তাই আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীছড়ি উপজেলায় তাদের করণীয় কি হতে পারে সেজন্য তাদের নিয়ে একান্তে আলোচনা করা হয়েছে। আলোচনা শেষ করে তারা আজই লক্ষীছড়িতে ফিরে যাবেন।”
স্থানীয় সূত্রগুলো জানায়, বেশ কয়েক দিন ধরে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য রেম্রাচাই চৌধুরীকে হুমকি দিয়ে আসছিল দলটি।