April 20, 2026
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে শনিবার সকাল ১০টার দিকে ৩৫টি ককটেল উদ্ধার করেছে র্যা ব। এর আগে জেনেভা ক্যাম্পে শুক্রবার দুপুরে বোমা বিস্ফোরণে দুজন গুরুতর আহত হন। বেলা তিনটার দিকে সংশ্লিষ্ট তিনতলা বাড়ির কাছে একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১০০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যা ব-২। র্যা ব জানায়, শুক্রবার জেনেভা ক্যাম্প থেকে বোমা উদ্ধার করার পর রাতেও সেখানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে জেনেভা ক্যাম্পের একটি টয়লেট থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। র্যা ব-২-এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ দাবি করেন, অবরোধে হাতবোমাগুলো ব্যবহার করার জন্য রাখা হয়েছিল।