May 6, 2026
জেলা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট সরকারি খাদ্য গুদাম থেকে ১০০ টন খাদ্য উধাও হওয়ার ঘটনায় গুদামটি মঙ্গলবার রাতে সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, নাঙ্গলকোট খাদ্য গুদামের ইনচার্জ হুমায়ন গত ২/৩ দিনে প্রায় ১০০ টন চাল/গম গুদাম থেকে সরিয়ে ফেলে। পরবর্তীতে একটি সূত্র এ তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে জানালে মঙ্গলবার রাতে তিনি গুদামটি পরিদর্শন করে সিলগালা করে দেন।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুজ্জামান বুধবার সকালে জানান, চুরি হওয়া খাদ্যের পরিমাণ ১০০ টনের কমও হতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে খাদ্য গুদামটি পরিদর্শন করে সিলগালা করে দেওয়া হয়েছে। -বাংলানিউজ
তিনি আরও জানান, গুদামের ইনচার্জ হুমায়ন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তারা তদন্ত শেষে ৭ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।