May 6, 2026
চট্টগ্রাম: নগরীতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করার সময় জনতার ধাওয়ার মুখে পালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উত্তেজিত জনতার সঙ্গে একত্রিত হয়।
তবে এর আগে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং সড়কের ওপর টায়ার জ্বালিয়ে দেয়।
বুধবার দুপুর ১২টার দিকে বন্দরনগরীর বিভিন্ন এলাকায় অতর্কিতভাবে জড়ো হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ১২টার দিকে নগরীর বাকলিয়ার তুলাতুলি এলাকায় তিনটি টেম্পু ও একটি মাইক্রোবাস ভাংচুর করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। উত্তেজিত এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এদিকে নগরীর কর্ণেল হাট এলাকায়ও আট-দশটি গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে চেষ্টা করে জামায়াত-শিবির। এখানেও জনতার বাধার মুখে পড়ে তারা।
ঘটনাস্থল থেকে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট রমেন দাশগুপ্ত জানান, সড়কে গাড়ি ভাংচুর ও টায়ার জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টি করার সময় পুলিশ ও জনতা একজোট হয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ধাওয়া করেন। এতে তারা পালিয়ে যান।
এদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায়ও ভাংচুর করে তান্ডবের চেষ্টা চালায়। সেখানেও জনতা এবং পুলিশের বাধার মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।