May 29, 2026
ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল সোয়া ৪টায় সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এরআগে বিকাল ৩টা ২৪ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশন শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহম্মেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির একেএম নজির আহাম্মেদ, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া এমপি, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি আপম সোলাইমান চৌধুরী, সমাবেশের আহ্বায়ক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
অনুষ্ঠান পরিচালনা করছেন পেশাজীবী পরিষদের মহাসচিব ও চেয়াপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন। এর আগে সম্মেলন অনুষ্ঠান নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। রোববার ভোর ৬টা থেকে পররর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নিষেধাজ্ঞার সূত্র ধরে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলন অনুষ্ঠানে জন্য নেয়া বুকিং বাতিল করেছিল হল কর্তৃপক্ষ।
এর কিছু সময় পরে শর্ত সাপেক্ষে সম্মেলন করার অনুমতি দেয় ডিএমপি। অনুমতির ব্যাপারটি দুপুর সাড়ে ১২টার দিকে নিশ্চিত করেন ডিএমপির মুখপাত্র যুগ্ম-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। এরপর সম্মেলন কেন্দ্রের কর্তৃপক্ষ অনুষ্ঠানের যে বুকিং বাতিল করেছিল তা প্রত্যাহার করে নেয়। আর এর পরপরই সম্মেলনের প্রস্তুতি শুরু করে সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাকর্মীরা। পরে নির্ধারিত সময়ে তারা সম্মেলন শুরু করে।
এ বিষয়ে সম্মেলন কক্ষের ইনচার্জ আবীর হোসেন বলেন, ‘পুলিশের অনুমিত দেয়া সাপেক্ষে আয়োজকদের সঙ্গে কথা বলে অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়েছে।’
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তি, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।
আগামী ২৫ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মহাসমাবেশকে সামনে রেখে রোববার থেকে ঢাকা মহানগরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। এর প্রতিবাদে রোববার সারা দেশে জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।