May 29, 2026
ঢাকা: নউজিল্যান্ডের সঙ্গে চট্টগ্রাম টেস্টে সেয়ানে সেয়ানে লড়াই করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তার ধারাবাহিকতা ধরে রাখতে চান মুশফিকরা। সোমবার দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগের দিন রোববার সকাল সাড়ে ১১ টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে এ আকাক্সক্ষার কথা জানান, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
তিনি বলেন, মিরপুরের মাঠে এর আগে আমরা অনেক খেলেছি। সোমবার আমরা যে উইকেটে খেলবো সেটা নাকি একেবারেই নতুন। উইকেট না দেখে কিছু বলা যাবে না। আগে আমরা উইকেট দেখবো তারপর সিদ্ধান্ত নিব একজন স্পিনার না পেসার বেশি খেলাবো।
মুশফিক আরও বলেন, চট্টগ্রাম টেস্টে আমাদের অনেক অর্জন ছিল। আমরা সে টেস্টে ফাইট করেছি। ঢাকা টেস্টেও জেতার জন্য লড়াই করবো। কারণ এই টেস্টের উপর নির্ভর করছে ট্রফি। এই টেস্টে যারাই জিততে পারবে সিরিজ তাদেরই হবে। আসলে পরপর দুটি টেস্টে ভালো খেলা মোটেও সহজ ব্যাপার নয়। তারপরও আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা উজাড় করে দিতে।
তিনি আরও বলেন, টেস্টে ড্র করার বিভিন্ন ধরণ থাকে। আমরা যেভাবে ড্র করেছি সেটা আপনারাই দেখেছেন। আমরা দাপটের সঙ্গে খেলে ড্র করেছি।
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট দল সম্পর্কে বলতে গিয়ে টাইগারপতি বলেন, ওরা অনেক শক্তিশালী দল।
ঢাকা টেস্টে বাংলাদেশ দলের পরিকল্পনার কথা বলতে গিয়ে মুশফিক বলেন, ঢাকা টেস্টের প্রথম সেশসনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে আমরা ভালো ভাবো এপ্রোচ করতে চাই। আমরা ওদের উপর পেসার দিতে চাই।
মুশফিক বলেন, আমরা চাপের মুখে নই। বরং ওরাই বেশি চাপে থাকবে। টেস্টে রেঙ্কিংয়ে ওরা আমাদের চেয়ে একধাপ এগিয়ে। ওরা চাইবে এই টেস্টে জেতার জন্য। আমরাও ছাড় দিয়ে কথা বলবোনা। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই।
তিনি আরও বলেন, চট্টগ্রামে আমরা জিততে চেয়েছি। তবে ড্র নিয়েও আমরা খুশি আছি। ঢাকা টেস্টে জয়ের জন্যই খেলবো। টেস্টে সবাই চায় জেতার জন্য। আমরাও চাইবো জিততে।