April 20, 2026
ঢাকা: পদ্মা সেতু দুর্নীতির ঘটনায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে অভিযুক্ত করে কানাডার পুলিশের মামলার প্রতিক্রিয়ায় বিএনপির দপ্তর সম্পাদক এড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘থলের বিড়াল বেড়িয়ে যেতে শুরু করেছে। এমন এমন লোকের নাম বেরুবে গোটা জাতি তাতে বিস্মিত হবে।’
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে চোখের ডাক্তার দেখানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী এবং তার পার্শ্বের নেতৃবৃন্দ প্রতিদিন আবোল-তাবোল নির্লজ্জ মিথ্যাচারের ফুলঝুরি ঝরাচ্ছেন। এতে জনগণ তাদের মস্তিস্কে দোষ আছে কি-না এজন্য ইইজি সিটিস্ক্যানের দাবি করতেই পারেন।”
নির্বাচন কমিশন নিয়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে বুধবার কমিশনার জাবেদ আলী বলেছেন, আমার বয়স ৬৩। আমার মেরুদ্বন্ড সোজা আছে।
কমিশনারের এমন বক্তব্যকে সুরুচি ও শালীনতা পরিপন্থী বলে মন্তব্য করেন রিজভী আহমেদ।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এর ৯১’ই বাতিলের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাদের ব্যর্থতার বড় প্রমাণ। এছাড়াও ভোটার তালিকার নানা অসংগতি তুলে ধরেন।
তিনি বলেন, খালেদা জিয়া মহাজোট সরকারের উন্নয়ন দেখছেন না বলে তাকে চোখের ডাক্তারের কাছে যেতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। অথচ প্রধানমন্ত্রী যদি জনগণের চোখ দিয়ে দেখতেন তাহলে তিনি দেখতে পেতেন, রাস্তাঘাটের কি বেহাল দশা।
রিজভী আহমেদ বলেন, ক্ষমতাসীনরা ব্যাংক-বীমাকে শূণ্য করে দিয়ে তাদের আত্নীয় স্বজনদের পকেট ভারী করেছেন।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণার জন্য ২৬টি মন্ত্রণালয় ও ডিপার্টমেন্টকে কাজে লাগানো হচ্ছে। সত্যিকারের উন্নয়ন হলে কোনো প্রচার লাগতো না, অন্যের ভাড়া করা বিলবোর্ড গায়ের জোরে দখল করে প্রচার চালাতে হতো না। প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের রোগ সারানো যায় না বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।