April 20, 2026
বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের লটাদিঘা গ্রামে মিনা (১৫) নামের এক স্কুলছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে প্রতিবেশী এক বখাটে যুবক। এসিডে তার মুখ ঝলসে গেছে। এসিড সন্ত্রাসের শিকার ছাত্রীটি নাভারণ বুরুজবাগান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
মিনার দিনমুজুর পিতা মোসলেম আলী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একই গ্রামের ওহাব আলীর বখাটে পুত্র স্বপন (২২) মিনাকে কুপ্রস্তাবসহ উত্যক্ত করে আসছিল। মিনা এতে রাজি হয়নি। বুধবার সকালে স্বপনসহ ২/৩ জন বখাটে তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এসিডে মিনার মুখ ও বুক ঝলসে যায়। মিনাকে জরুরী অবস্থায় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান খান জানান, দুপুরের দিকে মিনা তার বাড়ির উঠানে বসে কাজ করার সময় প্রতিবেশী বখাটে স্বপন তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। মিনার চিৎকারে তার বাড়ির লোকজন ছুটে আসলে পালিয়ে যায় বখাটে স্বপন। এ ব্যাপারে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।