May 27, 2026

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনে শনিবার ফুং-উয়ং ঘূর্ণিঝড়ের আঘাতে পাঁচ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছে আরো ২ লাখ মানুষ।
স্থানীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ঘূর্ণিঝড় ফুং-উয়ংয়ের আঘাতে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বাকি তিন জন কীভাবে প্রাণ হারিয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
শনিবার ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার ঝড়োহাওয়া নিয়ে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফুং-উয়ং। এই ঝড়ের ফলে রাতারাতি দেশটির একটি বড় অংশ বন্যায় তলিয়ে যায়। এর আগে গত তিন সপ্তাহ ধরে সেখানে বৃষ্টি চলছিল। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে ম্যানিলা এবং উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো। এখানকার বাসিন্দারা বন্যায় ডুবে যাওয়া ঘরবাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। এসব বন্যা কবলিতদের সরিয়ে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। এ পর্যন্ত দুই লাখের বেশি লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। অনেককে আবার বন্যার মধ্যেও নিজ বাড়িতেই অবস্থান করতে দেখা গেছে। ঘূর্ণিঝড় ও বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালানোর জন্য প্রায় ৫০ হাজার সেনা সদস্য নিয়োজিত করেছে ফিলিপাইন সরকার।
গত দুই সপ্তাহের মধ্যে ফিলিপাইনে এ নিয়ে দ্বিতীয়বার ঘূর্ণিঝড় আঘাত হানল। এর আগে গত সপ্তাহে টাইফুন কালমায়েগি ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে আট জন নিহত হয়েছিল। এছাড়া গৃহহীন হয়েছিল প্রায় সাড়ে তিন লাখ মানুষ ।
এদিকে ফিলিপাইনের পর ঘূর্ণিঝড়টি এখন তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। রোববার এটি তাইওয়ানে আঘাত হানবে বলে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে।
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে আগামী ২ অক্টোবরের মধ্যে দেশের সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ২৮ সেপ্টেম্বরের মধ্যে বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।
রোববার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৈঠকে বিজিএমএইএ, বিকেএমইএ, বিটিএমএ নেতরাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুন্নু জানান, আগামী ২৮ সেপ্টেম্বরে মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা পরিশোধের জন্য সব গার্মেন্টস মালিকদের অনুরোধ জানিয়েছেন তিনি। বৈঠকে মালিকরা এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।
এছাড়া, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য ব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী। শিল্প পুলিশ গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে টাকা আনা-নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানান তিনি।
গতবারে চেয়ে এবার শ্রমিকরা ঈদ ও পূজা ভালোভাবে করতে পারবে বলে আশা প্রকাশ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
ঈদ ও পূজায় ঘরমুখো মানুষের বাড়ি যেতে যেন অতিরিক্ত যানজটের সৃষ্টি না হয় সে জন্য গার্মেন্টস কারখানারগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
ডেস্ক রিপোর্ট : ঘুরতে কার না ভালো লাগে! সময় সুযোগ পেলেই প্রায় সবাই তল্পিতল্পা নিয়ে বের হয়ে যান! তবে সেটা যদি হয় কোনো জলপ্রপাত স্পটে। তবে তো কথাই নেই।
বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে ছোট বড় অনেক জলপ্রপাত। এরমধ্যে সেরা ১০ জলপ্রপাত নির্ধারণ করা কঠিন। এরপরও উচ্চতা বিবেচনায় সেরা দশের তালিকা করা হলো বাংলানিউজের পাঠকদের জন্যে।
অ্যাঞ্জেল জলপ্রপাত
ভেনেজুয়েলার বলিভারে অবস্থিত অ্যাঞ্জেল বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। এর উচ্চতা ৩ হাজার ২১২ ফুট অর্থাৎ ৯৭৯ মিটার। মার্কিন পাইলট জিম্মি অ্যাঞ্জেল এটি প্রথম আবিষ্কার করেন বলে তার নামে এটির নাম করা হয়েছে অ্যাঞ্জেল। স্থানীয়ভাবে এটি ‘কেরেপাকুরাই মেরু’ নামে পরিচিত।
ট্রেস হের্মানাস, কাতারাতাস লাস জলপ্রপাত
ট্রেস হের্মানাস, কাতারাতাস লাস দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের উপকূল রাষ্ট্র পেরুতে অবস্থিত। এর উচ্চতা ৩ হাজার ফুট অর্থাৎ ৯১৪ মিটার।
অল’উপেন জলপ্রপাত
যুক্তরাষ্টের হাওয়াই দ্বীপে এ জলপ্রপাতের অবস্থান। প্রতি বছরই লাখা দর্শনার্থী জলপ্রপাতটি দেখতে যান। এর উচ্চতা ২ হাজার ৯৫৩ ফুট অর্থাৎ ৯০০ মিটার।
ক্যাটারাটা ইয়ুমবিলা জলপ্রপাত
পেরুর অ্যামাজোনাস রাজ্যের কুইপেজ জেলায় জলপ্রপাতটির অবস্থান। এর উচ্চতা ২ হাজার ৯৩৮ ফুট বা ৮৯৬ মিটার।
ভিন্নুফালেট জলপ্রপাত
নরওয়ের মোর অগ রমসডাল জেলার স্যান্ডালে অবস্থিত জলপ্রপাতটির উচ্চতা ২ হাজার ৮৩৭ ফুট বা ৮৬৫ মিটার। পানি পতিত হওয়ার উচ্চতা প্রায় ১ হাজার ৩৭৮ ফুট। এই ঝর্নাটি স্থানীয়ভাবে ভিন্নুফোসেন হিসেবেও পরিচিত।
স্কর্গা জলপ্রপাত
নরওয়ের আরেকটি উল্লেখযোগ্য ও আকর্ষণীয় জলপ্রপাত হচ্ছে স্কর্গা। এর উচ্চতা ২ হাজার ৮৩৫ ফুট বা ৮৬৫ মিটার। পানি পতিত হওয়ার উচ্চতা প্রায় ১হাজার ৪০০ ফুট।
তুগেলা জলপ্রপাত
উচ্চতার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার তুগেলা জলপ্রপাত। এর উচ্চতা ৩ হাজার ১১০ ফুট অর্থাৎ ৯৪৮ মিটার। সময় সুযোগ করে দেখে আসতে পারেন এই মনোরম ঝর্না। পানি পতিত হওয়ার উচ্চতা ১,৩৫০ ফুট। গড় পানি পতিত হওয়ার পরিমাণ প্রতি সেকেন্ডে ৫০ ঘনফুট।
পুকাওকু জলপ্রপাত
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় জলপ্রপাত হচ্ছে পুকাওকু। দেশটির হাওয়াইয়ের মলোকাইতে ২ হাজার ৭৫৬ ফুট বা ৮৪০ মিটার উচ্চতার এই জলপ্রপাতটি অবস্থিত।
জেমস ব্রুস জলপ্রপাত
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের প্রিন্সেস লুইজা প্রভিনশিয়াল মেরিন পার্কে জেমস ব্রুস জলপ্রপাতের অবস্থান। এর উচ্চতা ২ হাজার ৭৫৫ ফুট বা ৮৪০ মিটার। মোহনীয় এই ঝর্না পর্যটকদের মোহনীয় স্বর্গে নিয়ে যায়।
ব্রাউন জলপ্রপাত
২ হাজার ৭৪৪ ফুট উচ্চতার জলপ্রপাতটির অবস্থান নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড প্রদেশের ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্কে। ৮০০ ফুট উচ্চতা হতে এর পানি পতিত হয়। গড় প্রস্থ ৪০ ফুট।
বিনোদন ডেস্ক : লন্ডনে মেয়েকে স্কুলে ভর্তির দায়িত্ব শেষে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা নিপুণ। ফিরেই লাইট, ক্যামেরা, অ্যাকশনে ঢুকে পড়েছেন। এবার তিনি অভিনয় করছেন ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। নাম ‘ফরমাল-ইন প্লাস’। লিখেছেন ও পরিচালনা করছেন মাসুদ সেজান।
গত রোজার ঈদে প্রচারিত ‘ফরমাল-ইন’ নাটকের নতুন কিস্তি এটি। এ নাটকেও নিপুণ অভিনয় করেছেন জাহিদ হাসানের সঙ্গে। এ ছাড়াও আছেন মিশু সাব্বির, শামীমা নাজনীন, তারিক স্বপন, ইকবাল বাবু, সাজ্জাদ রেজা, মিলন ভট্টাচার্য্য, নূর আলম নয়ন, সফিক মুক্তা, রিমি করিম, মিশু চৌধুরী, জিনান, মিথুন প্রমুখ। ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। ‘ফরমাল-ইন প্লাস’ কোরবানির ঈদে প্রচার হবে বাংলাভিশনে।
নিপুণ বাংলানিউজকে বলেন, ‘১৯ সেপ্টেম্বর ঢাকায় ফিরেই কাজ শুরু করেছি। গত ঈদে ‘ফরমাল-ইন’ নিয়ে ভালো সাড়া পেয়েছি। তাই এবার এর নতুন কিস্তি তৈরি হচ্ছে।’
বিনোদন ডেস্ক “ ‘ইন দ্য ল্যান্ড অব দ্য ব্লাড অ্যান্ড হানি’র মাধ্যমে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। ‘আনব্রোকেন’ ও ‘বাই দ্য সী’ ছবি দুটি এখনও মুক্তি পায়নি, এরই মধ্যে আরেকটি ছবি পরিচালনার কাজ হাতে নিলেন অ্যাঞ্জেলিনা জোলি। এর নাম ‘আফ্রিকা’।
কেনিয়ান রাজনীতিবিদ ও নৃবিজ্ঞানী রিচার্ড লিকির জীবনী নিয়ে তৈরি হবে এটি। পরিবেশ ও বন্যপ্রাণীদের অভয়ারন্য সংরক্ষণে কাজ করে তিনি বিশ্বের আলোচিত ব্যক্তি। আফ্রিকান হাতি শিকারী ও হাতির জন্য হুমকিস্বরূপ কার্যক্রমের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন লিকি।
‘আফ্রিকা’ হলো পরিচালক হিসেবে জোলির চতুর্থ ছবি। নিজের নতুন ছবি নিয়ে এক বিবৃতিতে মার্কিন এই অভিনেত্রী-নির্মাতা বলেছেন, ‘আফ্রিকা ও এর সংস্কৃতির সঙ্গে বরাবরই নিবিড় বন্ধন অনুভব করি। এই আফ্রিকার বাসিন্দাদের পদচিহ্ন আর নিজের চারপাশের পৃথিবীর প্রতি দায়িত্ববোধ খুব ভালো বোঝেন লিকি।
‘আফ্রিকা’ প্রযোজনা করবে ‘টার্মিনেটর’ ও ‘মিশন : ইমপসিবল’ ছবি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট স্কাইড্যান্স প্রোডাকশন্স। এর চিত্রনাট্য তৈরি করেছেন এরিক রোথ। ‘ফরেস্ট গাম্প’ ছবির চিত্রনাট্য লিখে অস্কার জিতেছেন তিনি। চিত্রগ্রহণ করবেন রজার ডিকিন্স। তিনি জোলির ‘আনব্রোকেন’-এ কাজ করেছেন। অলিম্পিক দৌড়বিদ লুইস জ্যাম্পারিনির জীবন অবলম্বনে নির্মিত ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরে।

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে ১৮০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রাত সাড়ে ৯টায় নিউইয়র্কের পথে যাত্রা করবেন তিনি। এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে চেপে রাতে দুবাইয়ে আড়াই ঘণ্টার যাত্রাবিরতির পর সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
এবারের অধিবেশনে সদস্য দেশগুলোর জন্য ২০১৫ সাল-পরবর্তী উন্নয়ন এজেন্ডা নিয়ে আলোচনা করবে জাতিসংঘ। আর তাতে নেতৃস্থানীয় ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ অর্জনে বাংলাদেশ তার সাফল্য দেখিয়েছে। বিশ্বের কাছে তা মডেল হয়েছে। আর সে কারণে নতুন উন্নয়ন এজেন্ডায়ও বাংলাদেশ কি করতে যাচ্ছে তা গুরুত্ব পাবে এবারের এই আন্তর্জাতিক ফোরামে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই আভাস দিচ্ছে।
এবারের অধিবেশনে মূল বিতর্কের প্রতিপাদ্য থাকবে ডেলিভারিং অন অ্যান্ড ইমপ্লিমেন্টিং এ ট্রান্সফরমেটিভ পোস্ট-২০১৫ ডেভেলপমেন্ট এজেন্ডা’। চলমান আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সংঘাত ও অস্থিরতার বিষয়গুলো অধিবেশনে গুরুত্ব পাবে।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হবে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের আহ্বানে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন ২০১৪ এ অংশ নেওয়ার মধ্য দিয়ে। জলবায়ু সম্মেলনে শেখ হাসিনা বিগ ভয়েস হিসেবে উপস্থাপিত হবেন। অন্যদিকে সাধারণ অধিবেশনে উন্নয়ন এজেন্ডায় বাংলাদেশ উপস্থাপিত হবে সাকসেস স্টোরি হিসেবে, এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো।
২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডার সাখে প্রধানমন্ত্রী শেথ হাসিনা তার ভিশন ২০২১ তথা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখছেন তার সামঞ্জস্য নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন বলেও জানিয়েছে সূত্রগুলো।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়ে, কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে দক্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়েই নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী।
সফরসঙ্গীদের মধ্যে থাকছেন:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তওফিক ইমান, অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ডাঃ দীপু মণি।
এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সিনিয়র সচিব, প্রেসসচিব, পররাষ্ট্রসবিচ, নৌ, পরিবেশ, স্বাস্থ্য ও শ্রমসচিবসহ, উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিকগণ ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিরা সফরসঙ্গী হচ্ছেন।
নিউইয়র্ক পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। নিউইয়র্কে তিনি সফরসঙ্গীদের নিয়ে ম্যানহাটানের হোটেল গ্র্যান্ড হায়াতে অবস্থান করবেন।
২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাধারণ অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্ক শুরু হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ২৭ সেপ্টেম্বর। বরাবরের মতো এবছরও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের এক ফাঁকে (সাইডলাইনে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাতারের আমীর তামিম বিন মোহাম্মদ আল থানি, নরওয়ের প্রধানমন্ত্রী মিজ এরনা সলবার্গ, বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।
এছাড়াও ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বৈশ্বিক শিক্ষা বিষয়ক বৈঠকে বক্তব্য দেবেন। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত শান্তিরক্ষা বিষয়ক সম্মেলনে তিনি যৌথ সভাপতির দায়িত্ব পালন করবেন। একই দিনে তিনি জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য দেবেন। ২৭ সেপ্টেম্বর ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে গ্লোবাল পোভার্টি প্রোজেক্ট আয়োজিত গ্লোবাল সিটিজেন ফেস্টিভালে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব বান কি মুনের অভ্যর্থনা অনুষ্ঠান এবং ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়ার পর ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর লন্ডনে ২ দিনের যাত্রাবিরতি করে ২ অক্টোবর সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (৬০), কালিহাতীর চিনামুড়া গ্রামের আব্দুর রশিদ (৬৫), মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের মুতি দোকানি লেবু মিয়া (৪০) ও ধনবাড়ি উপজেলার পাঁচনখালি গ্রামের মো. সোহেল মিয়া (২৭)।
গাড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ ভ্যানটি পার্শ্ববর্তী একটি মুদি দোকানে উঠে গেলে ঘটনাস্থলেই মুদি দোকানদার লেবু মিয়ার মৃত্যু হয়। আহত হয় আরো ৬ জন।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয় বলে তিনি জানান।
লাইফস্টাইল ডেস্ক : সময়টা এখন শরতের মাঝামাঝি। কখনো ভ্যাপসা গরম, কখনো মৃদু শীত। এ সময়ে অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকে বেশি। আসুন জেনে নেয়া যাক কীভাবে সুস্থ থাকবেন ঋতু পরিবর্তনেও।
এ ঋতুতে কমবেশি অনেকেরই ঠাণ্ডাজ্বর, কাশি, গলাব্যথা হতে পারে। প্রথম কারণ হিসেবে ধরা যায় সন্ধ্যায় লোকালয়ে হালকা কুয়াশার অনধিকার প্রবেশ। বাইরে ঘোরাফেরার সময় সেই কুয়াশা সোজা এসে পড়ে মাথায়। অবহেলায় তা লক্ষ্য করি না অনেক সময়। কিন্তু সেই কুয়াশাই ডেকে আনতে পারে সর্দিজনিত নানা সমস্যা। তাই বাইরে থাকার সময় মাথায় রোমাল বা ওড়না ব্যাবহার করা উচিৎ।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ-হাত ধুলে গরম কম লাগে। কাশির সমস্যা থাকলে নরম কোনো কাপড় বা ওড়না গলায় পেঁচিয়ে নেয়া ভালো। এছাড়া ঘুমানোর আগে উষ্ণ গরম লবণ পানি গড়গড়া করলে ভালো ফল পাওয়া যায়।
ভোরে শীত লাগবে তাই বলে তো আর ফ্যান ছাড়া ঘুমানো সম্ভব না। গরম পড়লেও বিছানায় পাতলা কাঁথা বা বড় পুরু কাপড় রেখে দিন। ভোররাতে যখন হালকা শীত অনুভব হবে তখন জড়িয়ে নিতে পারেন হাতের কাছে রাখা কাঁথাটি। এতে ঘুমটি যেমন হবে আরামের তেমনি ঠাণ্ডা লাগা থেকে রক্ষা করবে আপনাকে।
জ্বর-কাশিতে বাধা দেয়া বা সারাতে খুবই কার্যকর তুলসি পাতার রস। সকালে মধুর সঙ্গে খেতে পারেন ৩ থেকে ৪ দিন। বড়দের চেয়ে বাচ্চারা দ্রুত অসুস্থ হয়, তাই তাদের জন্য থাকুক একটু বাড়তি যত্ন।
লাইফস্টাইল ডেস্ক : অকারণেই সাদা হায়ে যাচ্ছে মাথার চুল। বয়সের থেকেও বেশি বুড়ো লাগছে নিজেকে। কিছুটা ম্লান হতে বসেছে ব্যক্তিত্বও। আমাদের দেশে এমন হাজারো নারী-পুরুষ আছেন যারা অল্প বয়সে চুল পাকার সমস্যায় ভুগছেন।
ঘুম কম হওয়া, নিম্নমানের চুলের প্রশাধন ব্যবহার, অত্যাধিক পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যবহার, নিয়মিত যত্ন না নেয়া, ভাজা-পোড়া জাতীয় খাবার বেশি খাওয়া, পুষ্টিকর খাবারের অভাব, দুশ্চিন্তা করা, চুল শুকাতে মেশিন ব্যবহার সর্বপরি হরমোনের সমস্যায় এটি হতে পারে। আপনার চুল পাকার জন্য হয়তো এর মধ্যে কোনো একটি দায়ী। তাই আসুন চুল পাকার আগেই হই সচেতন। কারণ প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই উত্তম।
১. হরিতকি, মেহেদি পাতার গুড়া, তেল, লেবুর রস একসঙ্গে মিশিয়ে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন লাগালে চুল পাকা কমে যাবে।
২. নারিকেল তেল গরম করে মাথার তালুতে ঘষে লাগিয়ে দিন। তাহলে চুল সঠিক মাত্রায় পুষ্টি পাবে।
৩. চুল পাকা রোধে মেহেদি পাতার গুড়া, ডিমের কুসুম, টক দইয়ের প্যাক লাগালে উপকার পাওয়া যাবে।
৪. নিয়মিত সব দেশি ফল খেলে পাবেন যথেষ্ট পুষ্টি উপাদান। যা চুলকে কালো রাখতে সাহায্য করে।
৫. চুলের ধরন অনুযায়ী নিয়মিত শ্যাম্পু ব্যবহার করুন। চুলের ক্রিম, জেল বা কন্ডিশনার ব্যবহারের সময় লক্ষ্য রাখবেন যেন মাথার ত্বকে না লাগে। ত্বকে লাগলে চুল পড়া বা সাদা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৬. চুলের খুশকি রোধ করুন যতদ্রুত সম্ভব। এক্ষেত্রে আপনি তুলসি পাতার গুড়া, নিম পাতার গুড়া, উষ্ণ গরম নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে মাথার তালুতে ঘষে লাগিয়ে দিন। এক সপ্তাহে ইতিবাচক ফল পাবেন।
এ সমস্যা যদি তবু আপনার পিছু না ছাড়ে তবে ঘাবড়াবেন না। চলে যেতে পারেন সোজা হোমিওপ্যাথের কাছে। কারণ হোমিওপ্যাথিক ওষুধে ভালো ফল পাওয়া যায়।
বিনোদন ডেস্ক
কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির ‘লাভলি’ গানের একঝলক প্রকাশিত হয়েছিলো। দীপিকার সেই একঝলকের অঙ্গিভঙ্গি দেখেই হাজারো ভক্তদের মনে তুফান উঠেছিলো। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো সবার। প্রকাশিত হলো ‘লাভলি’ গানটির ভিডিও।
গানের নাচে ও অভিনেত্রীর আবেদনময়ী ভঙ্গিতে ভরপুর গানটি। ছবিতে মোহিনী চরিত্রে অভিনয় করছেন দীপিকা। ২ মিনিট ১৭ সেকেন্ডের এ গানের শুরুতে দর্শকদের মোহিনী মোহিনী ধ্বনি শুনে মাধুরী দিক্ষিতের ‘এক দো তিন’ গানের কথা মনে করিয়ে দেবে।
‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে দীপিকার সহ শিল্পীরা হলেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ ও ভিভান শাহ। ছবিটি মুক্তি পাবে ২৪ অক্টোবর। এদিকে ছবির প্রচারণার জন্য বিশ্বব্যাপী ‘স্লাম দ্য ট্যুর’ শো আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে যাচ্ছে।
এই শো উপলক্ষে রাম সাম্পাথের সঙ্গীত পরিচালনায় তৈরি হয়েছে একটি বিশেষ মিউজিক ট্র্যাক।