May 28, 2026
লাইফস্টাইল ডেস্ক : সময়টা এখন শরতের মাঝামাঝি। কখনো ভ্যাপসা গরম, কখনো মৃদু শীত। এ সময়ে অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকে বেশি। আসুন জেনে নেয়া যাক কীভাবে সুস্থ থাকবেন ঋতু পরিবর্তনেও।
এ ঋতুতে কমবেশি অনেকেরই ঠাণ্ডাজ্বর, কাশি, গলাব্যথা হতে পারে। প্রথম কারণ হিসেবে ধরা যায় সন্ধ্যায় লোকালয়ে হালকা কুয়াশার অনধিকার প্রবেশ। বাইরে ঘোরাফেরার সময় সেই কুয়াশা সোজা এসে পড়ে মাথায়। অবহেলায় তা লক্ষ্য করি না অনেক সময়। কিন্তু সেই কুয়াশাই ডেকে আনতে পারে সর্দিজনিত নানা সমস্যা। তাই বাইরে থাকার সময় মাথায় রোমাল বা ওড়না ব্যাবহার করা উচিৎ।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ-হাত ধুলে গরম কম লাগে। কাশির সমস্যা থাকলে নরম কোনো কাপড় বা ওড়না গলায় পেঁচিয়ে নেয়া ভালো। এছাড়া ঘুমানোর আগে উষ্ণ গরম লবণ পানি গড়গড়া করলে ভালো ফল পাওয়া যায়।
ভোরে শীত লাগবে তাই বলে তো আর ফ্যান ছাড়া ঘুমানো সম্ভব না। গরম পড়লেও বিছানায় পাতলা কাঁথা বা বড় পুরু কাপড় রেখে দিন। ভোররাতে যখন হালকা শীত অনুভব হবে তখন জড়িয়ে নিতে পারেন হাতের কাছে রাখা কাঁথাটি। এতে ঘুমটি যেমন হবে আরামের তেমনি ঠাণ্ডা লাগা থেকে রক্ষা করবে আপনাকে।
জ্বর-কাশিতে বাধা দেয়া বা সারাতে খুবই কার্যকর তুলসি পাতার রস। সকালে মধুর সঙ্গে খেতে পারেন ৩ থেকে ৪ দিন। বড়দের চেয়ে বাচ্চারা দ্রুত অসুস্থ হয়, তাই তাদের জন্য থাকুক একটু বাড়তি যত্ন।