May 27, 2026
ঢাকা: ঈদে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার প্রথম দিনই রাজধানীর কমলাপুর স্টেশনে টিকিট কাউন্টারগুলোতে ছিল উপচে পড়া ভিড়। লাইনে দাঁড়ানো যাত্রীরা রেলওয়ে কর্মকর্তাদের অদক্ষতার কারণে ধীরগতিতে টিকিট দেওয়া ও কালোবাজারিসহ বিভিন্ন অভিযোগ করেছেন। ঈদের সময় মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও নানা দুর্ভোগের কথা চিন্তা করে ট্রেনের টিকিটের প্রতিই নগরবাসীর ঝোঁক বেশি থাকে। এবারও একই দৃশ্য দেখা গেছে। পূর্বঘোষণা অনুযায়ী, আজ সকাল নয়টায় টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু ভোর থেকে কমলাপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে লাইন ধরে বসে পড়েন অনেকে। সকাল নয়টায় টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই প্রতিটি কাউন্টারের সামনে অপেক্ষমাণ লোকদের সারি আঁকাবাঁকা হয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে যায়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মনসুর আলী সিকদার সাংবাদিকদের বলেন, ‘সরকারি নিয়মে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি হবে। যাত্রীরা সম্মিলিতভাবে অভিযোগ দিলে সময় পরিবর্তনের চিন্তা করা হবে।’
টিকিট দিতে ধীরগতি
লাইনে দাঁড়িয়ে থাকা অনেক যাত্রী অভিযোগ করেন, কাউন্টার থেকে ধীরগতিতে টিকিট দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আতাউর রহমান চৌধুরী বলেন, ‘লাইনে দাঁড়ানোর পর স্টেশন থেকে একটি চাহিদাপত্র দেওয়া হচ্ছে। তথ্য লিখে টিকিট কাটার সময় যাত্রীরা তা কাউন্টারে জমা দিচ্ছেন। এর পরও টিকিট দিতে অনেক দেরি হচ্ছে। কম্পিউটার অপারেটররা অদক্ষ। এক আঙুল দিয়ে কী-বোর্ড প্রেস করছেন।’
শুরু হতে না হতেই টিকিট শেষ
সব কটি ট্রেন মিলিয়ে তাপানুকূল (এসি) আসন ও বার্থ (শুয়ে যাওয়ার ব্যবস্থা) আছে মাত্র এক হাজার ৮০২টি। এর মধ্যে মুঠোফোনে খুদেবার্তা (এসএমএস) ও ই-টিকিটের জন্য কিছু বরাদ্দ থাকে। এ ছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য কিছু বরাদ্দ থাকে। তাই চাহিদার তুলনায় আসন সীমিত বলে লাইনের শুরুর দিকের লোকেরাই কেবল এসব টিকিট পাচ্ছেন বলেও কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন। চট্টগ্রাম যাওয়ার জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আমিন। তাঁর ভাষ্য, ‘টিকিট বিক্রি হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ। পরে আমরা সাধারণ আসনের টিকিট কিনেছি। সব এসির টিকিট কালোবাজারি হচ্ছে।’ এ ব্যাপারে রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, কেবিন ও এসি প্রথম শ্রেণির টিকিট সীমিত হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে। তবে এত দ্রুত শেষ হওয়ার কথা নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তাফাজ্জল হোসেন বলেন, ‘সব কটি ট্রেনে বসে ও দাঁড়িয়ে প্রতিদিন এক লাখ ৮০ হাজার যাত্রী আসা-যাওয়া করবেন। ঈদের সময় আমাদের ধারণা, এটা দুই লাখের কাছাকাছি চলে যাবে।’ রেলসূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঢাকা-দেওয়ানগঞ্জ (জামালপুর), ঢাকা-পার্বতীপুর, চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-খুলনা এবং ঈদের দিন ভৈরব-শোলাকিয়া ও ময়মনসিংহ-শোলাকিয়ায় ট্রেনের বিশেষ সার্ভিস চালু হবে। এ ছাড়া রেলে নতুন বগিও সংযোজন করা হবে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ৩ অক্টোবর থেকে দেওয়া হবে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। আজ দেওয়া হচ্ছে ১ অক্টোবর যাওয়ার টিকিট। এভাবে ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরে যাওয়ার অগ্রিম টিকিট বিক্রি হবে। ফিরতি টিকিটের যাত্রা শুরু হবে ঈদের (৬ সেপ্টেম্বর) দুই দিন পর থেকে।
ঈদ উপলক্ষে রেলওয়েতে সাধারণত যাওয়ার অগ্রিম টিকিট বিক্রি হয় শুধু ঢাকার কমলাপুর, চট্টগ্রাম ও সিলেট স্টেশনে। ফিরতি টিকিট এই তিন স্টেশন ছাড়াও রাজশাহী, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, খুলনাসহ বিভিন্ন স্থান থেকে বিক্রি হবে। প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০ হাজার অগ্রিম টিকিট বিক্রি হবে বলে রেল কতৃর্পক্ষ আশা করছে।
বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। নাম ‘মিশন টেলিভিশন’। কুইজভিত্তিক এ অনুষ্ঠানটি তৈরি হয়েছে মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজন হিসেবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, ত্রপা মজুমদার, বিজরী বরকতউল্লাহ, তারিন ও সাজু খাদেম। টেলিভিশন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা। অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘মিশন টেলিভিশন’।
স্টাফ রিপোর্টার : চুরি-ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি এবং পরকীয়ার জের ধরে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চারজনকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান। রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেন্টারে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বলেন, ‘নিহত সাজু অপরাধ চক্রের সদস্য ছিলেন। তার নিজের দলের হাতেই তিনি খুন হয়েছেন। তাকে খুন করার পর সাক্ষী যাতে না থাকে সে জন্য স্ত্রী রঞ্জি এবং দুই শিশুসন্তান ইমরান ও সানজিদাকেও হত্যা করা হয়।’ তিনি বলেন, ‘এ খুনের সঙ্গে সরাসরি জড়িত দুইজনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. জাকারিয়া হোসেন ওরফে জনি (২৬), মো. সুমন ওরফে সিএনজি সুমন (৩০), আ. মজিদ (২৪), মো. রফিক (৩৮), সাহিদা বেগম (৩৬), মুক্তা বেগম (৩০) ও রানী বেগম (১৮)। এদের মধ্যে মো. জনি ও ‘সিএনজি সুমন’ খুনের সঙ্গে সরাসরি জড়িত। নাসির, আফসানা ও সুমন ঢালী ওরফে ডাকাত সুমন খুনের সঙ্গে সরাসরি জড়িত থাকলেও পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। খুনিদের আত্মগোপন ও পালাতে সাহায্য করায় বাকি আসামিদের গ্রেফতার করা হয়েছে।’
আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তুলে ধরে এসপি হাবিবুর রহমান বলেন, ‘ডাকাত সুমনের মোটরসাইকেল চুরি, নবাবগঞ্জের চুরাইন বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির লুণ্ঠিত মালামাল বাটোয়ারা এবং ডাকাত সুমনের প্রথম স্ত্রী ও জনির স্ত্রীর সঙ্গে সাজুর অবৈধ সম্পর্কের জের ধরে সাজুকে সপরিবারে খুন করা হয়। সাজুকে খুনের পর হত্যাকারীরা ইয়াবা সেবন করে বাকিদের খুন করে।’ তিনি বলেন, ‘২২ সেপ্টেম্বর ডাকাত সুমন মোবাইল ফোনে সাজুর স্ত্রী রঞ্জির সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান নিশ্চিত হন। সন্ধ্যার পর জনি, সিএনজি সুমন, নাসির, আফসানা ও ডাকাত সুমন কদমপুরে সাজুর বাসায় একত্রিত হয়। রাত সাড়ে ১১টার দিকে সাজুর স্ত্রী রঞ্জি, ছেলে ইমরান ও মেয়ে সানজিদাকে পাশের ঘরে বন্দি করে। সাজুর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। রাত আড়াইটার দিকে রঞ্জিকে ওই ঘর থেকে বের করে পাশের ঘরে নিয়ে গিয়ে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ইমরান ও সানজিদাকেও একইভাবে হত্যা করা হয়।’
এসপি হাবিবুর রহমান বলেন, ‘সাজুর ভাই বশির উদ্দিনের মামলার (মামলা নম্বর- ৩৬, তাং- ২৫/০৯/১৪, ধারা- ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি) ভিত্তিতে বুধবার প্রথমে আব্দুল্লাহপুর থেকে রাত সাড়ে ১০টার দিকে ইয়াবা সরবরাহকারী মজিদ ও হাসনাবাদ থেকে রফিককে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে জনি ও সাহিদাকে এবং ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর ভাওয়াল এলাকা থেকে সিএনজি সুমন ও রানীকে গ্রেফতার করা হয়। মুক্তাকে গ্রেফতার করা হয় যাত্রাবাড়ী এলাকা থেকে।’
তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যখন ঘটনাস্থল ফ্ল্যাটটি পরিদর্শন করি তখন সেখানে স্বাভাবিক পরিবার বসবাসের কোনো লক্ষণ পাইনি। তা দেখেই আমাদের সন্দেহ হয় এখানে কোনো অপরাধী চক্রের আনাগোনা রয়েছে। তদন্তে আমরা জানতে পারি ভাড়া নেওয়ার সময় অন্য একজন লোক ও মহিলা এসেছিলেন। এ বাড়িটি কেন ভাড়া নেওয়া হয়েছিল তা এখনও জানা যায়নি। তারা ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর একটি বাতিও লাগায়নি। মোমবাতি ও চার্জার লাইট দিয়ে তারা আলোর প্রয়োজন মেটাতো। আসামিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের হয়ে আসবে। আসামিরা জিজ্ঞাসাবাদে শুধু একটা কথাই বলছিল যে, গাদ্দারি করার জন্য সাজুকে তারা খুন করেছে।’
এদিকে গ্রেফতার হওয়া জনি ঘটনার বর্ণনা দিয়ে দ্য রিপোর্টকে বলেন, ‘জীবনে কতটি ডাকাতি করেছি তার সঠিক সংখ্যা বলতে পারব না। সাজুও ছিল দলের অন্যতম সদস্য। ঘটনার দিন রাতে ডাকাত সুমন আমাকে মোবাইলে ওই বাসায় ডাকে। বাসায় গিয়ে দেখি সিএনজি সুমন, নাসির ও আফসানা অবস্থান করছে। সেখানে সুমন আমাকে জিজ্ঞাসা করে খাওন (ইয়াবা ট্যাবলেট) আনছোস নাকি? খাওন নাই বললে সুমন ধমক দেয়। পরে মজিদকে মোবাইলে ইয়াবা আনতে বলে। সেখানে সুমনের স্ত্রীর সঙ্গে সাজুর অবৈধ সম্পর্ক নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন ও জনি সাজুকে মারধোর শুরু করে এবং উলঙ্গ করে পুরষাঙ্গে রশি দিয়ে ইট বেঁধে ঝুলিয়ে দেয়। পরে তারা সবাই মিলে সাজুকে সপরিবারে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে।’
নওগাঁ প্রতিনিধি : জেলার রানীনগর ও আত্রাই উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। আত্রাই উপজেলার মিরাপুর নামক স্থানের ভাঙন দিয়ে পানি প্রবেশ করে গত ২৪ ঘণ্টায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে আত্রাই উপজেলার শাহাগোলা, ভোপাড়া, মুনিয়ারী; রানীনগর উপজেলার গোনা, কাশিমপুর, মিরাট ও বড়গাছাসহ সাত ইউনিয়নের ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নওগাঁ-আত্রাই সড়কের ভাঙনের স্থান শুক্রবার সকালে পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. এনামুল হক, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরি কুবি, সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোয়াজ্জেম হোসেন চান্দু প্রমুখ। আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মোয়াজ্জেম হোসেন চান্দু জানান, নওগাঁ-আত্রাই সড়ক ভেঙে দুই দিনে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশুদ্ধ পানি, খাবার এমনকী কোনো প্রকার ত্রাণসামগ্রী এখনও বরাদ্দ করা হয়নি। চরম দুর্দশার মধ্যে সেখানকার মানুষ দিনাতিপাত করছেন। তিনি অবিলম্বে আত্রাইকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরি ভিত্তিতে ত্রাণ বরাদ্দের আহবান জানান।
এদিকে, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, উপজেলার বন্যা কবলিত গোনা, কাশিমপুর ও মিরাট ইউনিয়নের জন্য ২০ টন জিআর চাল (গ্রস রিলিফ) বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার ওই তিন ইউনিয়নের বন্যার্তদের মাঝে জিআরের ২০ টন চাল বিতরণ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বুধবার সকালে শুরু হওয়া ভাঙনের পর থেকে রানীনগর ও আত্রাই উপজেলার সাত ইউনিয়নের প্রায় আট হাজার হেক্টর জমির আমন ফসল পানিতে তলিয়ে গেছে। গ্রাম ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় তিন লাখ মানুষ এখন পানিবন্দি রয়েছেন। শুক্রবার সকাল থেকে নতুন করে মান্দা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং পানির চাপে নওগাঁ-আত্রাই সড়কের ভাঙা স্থান মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ না করায় যোগাযোগ ব্যবস্থা এখনও চালু করা সম্ভব হয়নি। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকতার হোসেন জানান, নওগাঁয় ছোট যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে শুক্রবার বিপদসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১২ ঘণ্টার ব্যবধানে ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। একইভাবে আত্রাই নদীর পানি এখন বিপদ সীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির চেষ্টায় হাসপাতালের আয়া রেহানা পারভীন (২৫) নামে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে ওই আয়াকে আটক করা হয়। রেহানার বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার গুনহার গ্রামে। বাবার নাম আজিজ মোল্লা। রেহানা হাসপাতালে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করতেন। বর্তমানে আউটসোর্সিং সুবিধা বন্ধ থাকার পরও বিনা বেতনে স্বেচ্ছায় তিনি পূর্বের কাজ চালিয়ে আসছিলেন। হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে প্রসব ব্যথা নিয়ে আঁখি নামে এক নারী হাসপাতালে ভর্তি হয়। পরে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সালেহা পারভীন, নার্স উষা গাইন ও আয়া রেহানা ওই কিশোরীর প্রসব করান। পরে নার্সদের চোখের আড়ালে আয়া নবজাতককে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাসপাতাল কর্মচারী ও নারীর স্বজনরা আয়াকে ধরে ফেলেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। রাতে ওই আয়া যথারীতি হাসাপাতালে কর্তব্যরত ছিলেন। শুক্রবার সকাল ১১টায় তাকে পুলিশে সোর্পদ করা হয়। গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিত কুমার মল্লিক বলেন, ‘নবজাতক চুরির অভিযোগ পাওয়ায় আয়াকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।’ গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মনিরুল ইসলাম জানান, নবজাতকটি উদ্ধার করে তার মায়ের কাছে দেওয়া হয়েছে। আয়া রেহানা পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্পোর্টস ডেস্ক: সোনা জয়ের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত হতাশ করলো বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ ওভারে মাত্র ৪৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ৪ রানে হার মানে সালমাবাহিনী।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৯৭ রান করে পাকিস্তান। পাকিস্তানের ইনিংস শেষে বৃষ্টি নামে। বৃষ্টি শেষে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে বাংলাদেশের জয়ের জন্য এ রানের টার্গেট দেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন রুমানা আহম্মেদ ও ফারজানা হক। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন সাদিয়া ইউসূফ, নিদা দার ও সানা মীর। পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৪ রানের মাথায় প্রথম আঘাত হানেন জাহানার আলম। এরপর দলীয় ৩৫, ৫৫, ৭৭, ৭৯ ও ৯২ রানে উইকেটগুলো তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন বিশমা মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নাইন আবিদি (১৮)। ৪ ওভারে ১৩ রান দিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন রুমানা আহম্মেদ। একটি করে উইকেট নেন জাহানার আলম, সালমা খাতুন ও ফাহমিদা খাতুন। এর আগে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের মেয়েরা। আর চীনকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে পাকিস্তান।
বাংলাদেশ দল: শাহনাজ পারভীন, আয়েশা রহমান, ফারজানা হক, লতা মণ্ডল, সালমা খাতুন, রুমানা আহম্মেদ, শায়লা শারমিন, জাহানার আলম, পান্না ঘোষ, ফাহিমা খাতুন ও নুজহাত তাসনিয়া।
পাকিস্তান দল: মারিনা ইকবাল, জাভিরিয়া খান, বিশমা মারুফ, নাইন আবিদি, কানিতা জলিল, নিদা দার, আসমাভিয়া ইকবাল, সিদরা নওয়াজ, সাদিয়া ইউসূফ, সানা মীর ও সুমাইয়া সিদ্দিকী।
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও জালিয়াতির অভিযোগে ৩৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এরমধ্যে জালিয়াতির অভিযোগে ১৯ জনকে র্যাব আটক করেছে। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকরা আটক করেছেন। তাদেরকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান গণমাধ্যমকে জানান, ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে পরীক্ষার্থী ৭ জন এবং ১২ জন বাইরে থেকে তাদের উত্তর সরবরাহ করছিলেন। র্যাব বিকাল ৪টায় এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবে।
বেশ কঠিন সময় পার করছে অ্যাপল। এক সপ্তাহ হল বাজারে এসেছে আইফোন ৬। তবে ইতোমধ্যেই ক্রেতারা অভিযোগ করতে শুরু করেছেন যে, পকেটে রাখার ফলে বেঁকে যাচ্ছে তাদের আইফোন। তবে মজার ব্যাপার হচ্ছে, অফলাইনের চেয়ে অনলাইনে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বেশি, বিশেষ করে টুইটারে। টুইটারে নানা ধরণের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ হচ্ছে একের পর এক। আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এমনই কিছু টুইটার পোস্ট।

এলজি বলছে, তাদের ফোন বেঁকে যাবে না। ব্যবহারকারী চাইলে নিজের মত করেই বাঁকাতে পারবেন তাদের ফোন।

আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং সর্বশেষ আইফোন ৬+১ সপ্তাহ

যে প্যান্টের পকেটে বেঁকে যাবে না আইফোন

পকেট নির্বাচনে সতর্ক হতে হবে

বেঁকে যাওয়া ফোন সোজা করতে অ্যাপল স্টোরে বেলন বিক্রি শুরু হয়েছে

বেঁকে যাওয়া আইফোন সোজা করতে ব্যবহার করুন আইরোলার

আইফোনের নতুন সংস্করণ

এটা নাকি আইফোন ৭!!


অ্যাপল নির্বাহীদের নতুন পেজ

ম্যাকবুক পকেটে রাখলে সেটিও বেঁকে যেতে পারে

আইফোন ৬ এর রেজার ভার্সন

আইফোন ৬ রাখার জন্য বিশেষভাবে তৈরি প্যান্ট পরিহিত অবস্থায় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক
মঙ্গলের কক্ষপথে ভারতের পাঠানো মঙ্গলযান কাজ শুরু করেছে এবং সেখানকার ছবি তুলেছে। প্রথমবারের মতো সেই ছবি পৃথিবীতেও পাঠিয়েছে এ নভোযানটি। আজ বৃহস্পতিবার এক খবরে জানিয়েছে বিবিসি।
ভারতের মহাকাশযান গতকাল বুধবার সকালে সফলভাবে মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করে ‘ইতিহাস সৃষ্টি করেছে’ বলে ভারতের সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) অভিযান নিয়ন্ত্রণকেন্দ্র থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্ছ্বসিত কণ্ঠে এ ঘোষণা দেন।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, কয়েকটি ছবি পাঠিয়েছে মঙ্গলযান। এটি পুরোপুরি স্থানীয়ভাবে তৈরি। মহাকাশযানটি তৈরিতে সময় লেগেছে ১৫ মাস। খরচও পড়েছে অত্যন্ত কম। এই অভিযানের মোট খরচ হয়েছে ৪৫০ কোটি রুপি।
ছয় মাস ধরে মঙ্গলকে প্রদক্ষিণ করে সংগ্রহ করা তথ্য ভূমিতে স্থাপিত কেন্দ্রে পাঠাবে মঙ্গলযান নামের এ রোবোটিক স্যাটেলাইটটি। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়েও পরীক্ষা চালাবে এটি।
দ্য হিন্দুর এক খবরে বলা হয়েছে, মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠের ১০টি ছবি পাঠিয়েছে মঙ্গলযান, যাতে মঙ্গলের বিভিন্ন গর্ত দেখা যাচ্ছে। এ ছবিগুলোর মানও ভালো।
গবেষকেরা জানিয়েছেন, মঙ্গলের কক্ষপথে প্রবেশের পর মঙ্গলযান যেসব যন্ত্রপাতি নিয়ে গেছে তার মধ্যে প্রথম কাজ শুরু করেছে ক্যামেরা। এক হাজার ৩৫০ কেজি ওজনের এই রোবটিক স্যাটেলাইটটিতে পাঁচটি যন্ত্র রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে থার্মাল ইমেজিং স্পেকট্রোমিটার যা ভূপৃষ্ঠের ম্যাপ তৈরি ও খনিজের সন্ধান করবে। আরেকটি হচ্ছে জীবনের চিহ্ন খুঁজতে মিথেন গ্যাস বিশ্লেষক সেন্সর। এ ছাড়া বায়ুমণ্ডল পরীক্ষার সেন্সরও এতে রয়েছে।
এর আগে মঙ্গলযান কক্ষপথে প্রবেশের সাফল্য প্রসঙ্গে মোদি বলেছিলেন, ‘ভারত সফলভাবে মঙ্গলে পৌঁছেছে। সবাইকে অভিনন্দন। অভিনন্দন পুরো দেশকে। আজ ইতিহাস সৃষ্টি হয়েছে।’
মোদি উল্লেখ করেন, প্রায় অসম্ভবকে অর্জন করেছে ভারত। বিশ্বে ৫১টি অভিযানের মধ্যে মাত্র ২১টি সফল হয়েছে। সে ক্ষেত্রে ভারত প্রথমবারেই সফলতা পেয়েছে।
প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপ সফলভাবে মঙ্গলে মহাকাশযান পাঠিয়েছে।
মঙ্গলযানের সঙ্গী ম্যাভেন
মঙ্গলযান বুধবার মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করার আগে সোমবার সেখানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার তৈরি ম্যাভেন নভোযানটি। অবশ্য ম্যাভেন তৈরিতে খরচ পড়েছে মঙ্গলযানের চেয়ে ১০ গুণ বেশি। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে গবেষণার জন্য এই নভোযানটি বিশেষভাবে তৈরি করেছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠানটির গবেষকেরা বলেন, লাল রঙের গ্রহের বায়ুমণ্ডল নিয়ে অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে পারবে মার্স অ্যাটমোসফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভোলিউশন ক্রাফট বা ম্যাভেন। প্রাচীনকালে মঙ্গল উর্বর ছিল বলে ধারণা করা হয়। হঠাৎ করে মঙ্গলে কীভাবে পরিবর্তন এল এই অজানা তথ্য অনুসন্ধান করবেন বিজ্ঞানীরা। মঙ্গলের জলবায়ু, পানি বা ভবিষ্যতে এখানে বসবাস উপযোগী পরিবেশের সন্ধানে মঙ্গলের অতীত ইতিহাস খোঁজার জন্য প্রথমবারের মতো মঙ্গলের বায়ুমণ্ডলের উপরিভাগে গবেষণার জন্য ম্যাভেনকে পাঠানো হয়েছে। ম্যাভেনের পাশাপাশি কাজ করবে মঙ্গলযান। নাসার প্ল্যানেটারি সায়েন্স বিভাগের পরিচালক জিম গ্রিন বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত মঙ্গলগ্রহ থেকে তথ্য সংগ্রহের বিষয়ে পরস্পরকে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে।
ঢাকা : ঈদ ও পূজা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকেট বিক্রি চলবে। প্রথম দিন ঈদের ৫ দিন আগের টিকেট পাওয়া যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা পালিত হবে। অপরদিকে ৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমী। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন বৃহস্পতিবার বলেন, শুক্রবার সকাল থেকে ৫ দিন আগের টিকেট বিক্রি শুরু হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার অগ্রিম টিকেট বিক্রি হবে বলেও জানান তিনি। ২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ১ থেকে ৫ অক্টোবরের টিকেট বিক্রি হবে জানিয়ে তিনি বলেন, ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকেট। অন্যান্য সময়ের মতো এবারো একজন চারটির বেশি অগ্রিম টিকেট পাবেন না।