April 23, 2026
ঢাকা: স্বামীর দেয়া আগুনের যন্ত্রণা থেকে চিরদিনের জন্য মুক্তি মিললো রাজধানীর কামরাঙ্গীর চরের গৃহবধূ সাবিনা আক্তারের (২৪)। তবে তার
এই মুক্তি মিলেছে মৃত্যুর মধ্য দিয়ে। দীর্ঘ ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন তিনি। জানা যায়, যৌতুকের দাবিতে গত ১৮ জানুয়ারি দুপুর সোয়া ১টার দিকে কামরাঙ্গীরচর মমিনবাগ এলাকায় সাবিনার গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দেন তার স্বামী আবুল কালাম আজাদসহ শ্বশুর বাড়ির অন্য সদস্যরা। ওইদিন বিকেলে সাবিনার শ্বশুর বাড়ি থেকে তার ভাই-বোনদের খবর দেয়া হয় সাবিনার শরীরে আগুন লেগেছে।
খবর পেয়ে সাবিনার ভাই-বোনেরা তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে নিবিঢ় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। সাবিনার ভাই আফাজ উদ্দিন জানান, প্রায় ছয় বছর আগে সাবিনা এবং আজাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সাবিনাকে নির্যাতন করে আসছিল আজাদের পরিবারের লোকজন। বিয়ের পর অনেক টাকা-পয়সা দেয়া হলেও শ্বশুর বাড়ির নির্যাতন থেকে মুক্তি মেলেনি সাবিনার। ঘটনার দিনও সাবিনার স্বামী টাকা-পয়সার জন্য সাবিনাকে চাপ দেয়। এনিয়ে তাদের মাধ্যে ঝগড়া-ঝাটি হয়। এতে স্বামী ক্ষীপ্ত হয়ে সাবিনার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন।
এ ঘটনায় সাবিনার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সাবিনার স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন। মামলায় নথিভূক্ত আসামিদের মধ্যে তিনজন পলাতক। সাবিনার স্বামী গোল্ডেন লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা। তাদের একটি ৫ বছরের ছেলে রয়েছে।