April 19, 2026
বিনােদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খানের পাঁচ বছর কারাদণ্ডাদেশ হয়েছে। গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায়
আজ বুধবার মুম্বাইয়ের একটি আদালত তাঁকে এ দণ্ড দিয়েছেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘ এক যুগের বেশি সময় পর আজ এ মামলার রায় ও দণ্ড ঘোষণা করা হয়। সালমানের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় একজন নিহত হন। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন। সালমানের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু তাঁর দাবি, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না।
সব অভিযোগে দোষী সাব্যস্ত করে সালমানকে আদালত বলেন, ‘আপনিই গাড়ি চালাচ্ছিলেন।’ রায় শুনে আদালতেই কেঁদে ফেলেন সালমান। তাঁর মা অসুস্থ হয়ে পড়েন। দোষী সাব্যস্ত করার পর সালমানের শাস্তির মেয়াদ নিয়ে শুনানি হয়। তাঁর মানবতাবাদী কাজের কথা বিবেচনায় নিয়ে তাঁকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও জরিমানা করার জন্য আদালতে যুক্তি দেন এই অভিনেতার আইনজীবীরা। অন্যদিকে সালমানের সর্বোচ্চ শাস্তি চান সরকারি কৌঁসুলি। শুনানি শেষে শাস্তি ঘোষণা করেন আদালত। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ড শুনে বসে পড়েন সালমান, কান্নায় ভেঙে পড়েন এই তারকা। জামিন পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন সালমানের আইনজীবী। দীর্ঘ ১৩ বছর ধরে চলা এই মামলার রায় ঘোষণা নিয়ে আজ সবার মধ্যে এক ধরনের কৌতূহল ছিল। আজ সবার নজর ছিল মুম্বাইয়ের সংশ্লিষ্ট আদালতের দিকে। কারাদণ্ড পাওয়ায় সালমানের ওপর লগ্নি করা প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।