May 7, 2026
সাভার: ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভোরে সাভার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার ৪৪তম বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। ভোর পাঁচটা ৫০ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর দলের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
এরপর বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ দলের নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল সাতটা ৫০ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে নিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, বিদেশি কূটনীতিক ও পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়। সকাল থেকে সেখানে মানুষের ঢল নামলেও অন্যবারের তুলনায় কিছুটা কম।