April 24, 2026
ঢাকা: পাকিস্তানের একটি আদালত শুক্রবার সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতা মামলায় আগামি ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে। ৭০ বছর বয়সী মোশাররফের বিরুদ্ধে ২০০৭ সালে প্রেসিডেন্ট থাকাকালে জরুরি অবস্থা জারি করার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। তাকে ২৪ ডিসেম্বর প্রথমবার আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়। তবে বোমা হামলার আশংকা ও স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি এ পর্যন্ত একবারও আদালতে হাজির হতে পারেননি।
২ জানুয়ারি আদালতে নেয়ার পথে হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি হাসপাতালে রয়েছেন। ৩১ জানুয়ারি আদালত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়ার আবেদন নাকচ করে দিয়ে তাকে ৭ ফেব্রুয়ারি শুক্রবার আদালতে হাজিরের নির্দেশ। তবে শুক্রবার বিচারক ফয়সাল আরব তাকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিষ্কৃতি দিতে আইনজীবীদের একটি আবেদন গ্রহণ করেন। আগামি ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। কিন্তু সেদিন মোশাররফকে হাজির থাকতে হবে না।