May 2, 2026
নিউজ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘মানুষ রোগে মরবে, এটা স্বাধীন দেশে হতে পারে না।’শনিবার গণভবনে ১১টি মেডিকেল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই ১১টি কলেজ উদ্বোধন করেন। যা ১১টি জেলায় স্থাপিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই ঘোষণা টেলিগ্রাফ, টেলিপ্রিন্টার ও অন্য মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এ ঘোষণা দেওয়ার কারণে তাকে পাকিস্তানি হানাদাররা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। গ্রেফতার হওয়ার আগেই মুক্তিযুদ্ধ কিভাবে চলবে- সে ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে ও নির্দেশনা দিয়ে গিয়েছিলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই এদেশের মানুষ দারিদ্র্যমুক্ত হতো বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে বিএনপি-জামায়াত সরকারের আমলে সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে আমরা ক্ষমতায় এসে জনগণের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে আবার সেগুলো চালু করি।
আমরা দেশের স্বাস্থ্য সেবার দিকে লক্ষ্য রেখেই দেশে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আরো দুইটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। একটি হবে চট্টগ্রামে আরেকটি রাজশাহীতে।
তিনি বলেন, প্রর্যায়ক্রমে আমরা ৭টি বিভাগে ৭টি মেডিকেল বিশ্ববিদ্যালয় করবো। এ ছাড়া আরো একটি বিভাগ বাড়ানোর চিন্তা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।