May 2, 2026
নিউজ,ঢাকা: বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে পুলিশ-বিজিবির পাহারায় চালিত বাস-ট্রাকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের দুই হেলপার দগ্ধ হয়েছেন। এ অবস্থায় বগুড়ায় পুলিশ-বিজিবির পাহারায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে পুলিশ-বিজিবির প্রহরার ট্রাকে বোমা হামলা চালিয়েছে অবরোধকারীরা। ছোঁড়া প্রেট্রোলবোমায় ট্রাকের দুই হেলপার দগ্ধ হয়েছে। এরা হলেন- মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান গ্রামের মৃত খলিল শেখের ছেলে আব্দুর রহিম (৪৮) ও কেরানীগঞ্জ জেলার ফিরোজ আলীর ছেলে মাসুদ (১৮)। সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী ১২টি ট্রাক আইন শৃংখলা বাহিনীর সহায়তায় গন্তব্যস্থলে পৌছে দেয়ার সময় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কানসাট বাজার এলাকায় অবরোধকারীরা ট্রাকগুলো লক্ষ্য করে কয়েকটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে তারা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় পণ্যবাহী ট্রাক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে শুক্রবার রাতে বগুড়ায় ৩টি ট্রাকে অগ্নিসংযোগ এবং অসংখ্য যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। ফলে পুলিশ পাহারায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া শহরতলীর ঝোপগাড়ি এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দূর্বৃত্তরা। এ ছাড়াও রাত ১২টার দিকে মহাসড়কের বাঘোপাড়া এলাকায় আরো একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। ভোররাতে চারমাথা এলাকায় মুক্তি বিড়ি ফ্যাক্টরির সামনে একটি ট্রাকে আগুন দেয়া হয়। রাতে শহরের কৈগাড়ি এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সায় আগুন দেয় দূর্বৃত্তরা। শুক্রবার রাতভর বগুড়া শহরের চারপাশ দিয়ে যাওয়া মহাসড়ক ও দ্বিতীয় বাইপাস সড়কে অসংখ্য যানবাহন ভাংচুর করা হয়েছে। এসব রাস্তায় ভাংগা কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে শুরু করে বগুড়া সদরের মহাস্থানগড় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ পাহারায় চলা যাত্রীবাহী বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করা হয়। সেই সাথে মহাসড়কে রাস্তার ওপর লোহার তৈরি বিশেষ ধরনের কাঁটা বিছিয়ে দেয়ার ফলে অসংখ্য যানবাহনের চাকা ফুটো হয়েছে বলে জানা গেছে। এছাড়া রাতে মহাসড়কে অবরোধকারীদের কঠোর অবস্থানের কারণে অবশেষে পুলিশ পাহারায় শুরু হওয়া যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ রাতে মহাসড়কে বিচ্ছিন্নভাবে কিছু ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার কথা স্বীকার করেছেন।