May 2, 2026
নিউজ,ঢাকা: দাবি আদায় না হওয়া পর্যন্ত ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দলীয় নেতাকর্মীদেরকে শান্তিপূর্ণভাবে অবরোধ বাস্তবায়ন করতে সর্বশক্তি দিয়ে রাজপথে নামার আহবান জানিয়েছেন। একই সঙ্গে ভারতের বিজেপি প্রধান অমিত শাহ’র সাথে বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়ার ফোনালাপ নিয়ে আওয়ামী লীগই মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন।
শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
দেশবাসী ও দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকার সহিংসতা করে বিএনপি জোটের ওপর দায় চাপিয়ে দিতে পারে এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারতের জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহ’র ফোনের মাধ্যমে যে কুশালাদি বিনিময় হয়েছে তা নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সরকার মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পিপার স্প্রে প্রয়োগ করে তার রাজনৈতিক কার্যালয় অবরুদ্ধ করে রেখে সরকার প্রতিনিয়ত নাটক করছে।
বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে সরকারের মন্ত্রীদের বক্তব্যের প্রসঙ্গে রিজভী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি নয় বরং লুটপাট ও দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করছে। তারা মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে দেশ চালাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের নাগরিক ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে হলে এ সরকারকে পদত্যাগ করতেই হবে।
প্রশাসনে রদবদল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির দলীয় কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতেই প্রতিনিয়ত প্রশাসনে রদবদল আনা হচ্ছে।
এদিকে সপ্তম দিনের মতো অবরুদ্ধ সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৩ জানুয়ারি থেকে অবরুদ্ধ আছেন তিনি।