May 2, 2026
এম এ মানিক: রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহ্’র ফোনালাপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে বিএনপি। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এ দাবি করেছেন। বিবৃতিতে তিনি বলেন, গত বুধবার রাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহ’র টেলিফোনে কুশল বিনিময় সম্পর্কে কতিপয় সংবাদ-মাধ্যমের বিভ্রান্তির প্রচারণার দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা দৃঢ়তার সঙ্গে সকলকে আবারও জানাতে চাই যে, সংবাদ-মাধ্যমে গত বৃহস্পতিবার দেয়া তথ্য সম্পুর্ণ সঠিক। বিজেপি প্রধান সরাসরি টেলিফোন আলাপে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কুশলাদি সম্পর্কে অবহিত হয়েছেন। অমিত শাহ্ কিংবা তাঁর অধীনস্ত সংশ্লিষ্ট কারও কাছ থেকে এর সত্যতা নিরূপন না করে অজ্ঞাতনামা কূটনৈতিক বা অন্যান্য সূত্রের বরাত দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা খুবই অনভিপ্রেত। বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দুইটি দেশের দুইটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মধ্যে টেলিফোন আলাপ একটি প্রত্যাশিত ও স্বাভাবিক ঘটনা। এ নিয়ে ভিত্তিহীন দাবির কোন অবকাশ যেমন নেই, তেমনি এ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।