May 2, 2026
নিউজ ডেস্ক: আজ শনিবার টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। বাদ ফজর থেকে বয়ান করেছেন ভারতের মাওলানা ইসমাইল হোসেন গোদরা।
দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে অবস্থান করে বয়ান শুনছেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবারও টঙ্গী অভিমুখী মানুষ আসছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।
প্রথম পর্বে দেশের ৩১টি জেলার মুসুল্লীরা ৪০টি খিত্তায় এবং বিদেশি মুসল্লিরা মাঠের উত্তর পশ্চিম পাশে নির্মিত বিদেশি নিবাসে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। ইজতেমার মূল বয়ান মঞ্চ থেকে তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীরা আগত মুসুল্লীদের উদ্দেশ্যে বয়ান করেন। মূল বয়ান উর্দুতে হলেও সঙ্গে সঙ্গে ওই বয়ান বিভিন্ন ভাষাভাষি মুসল্লিদের জন্য অনুবাদ করা হয়।
আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজ মঞ্চ থেকে রোববার বেলা ১১টা থেকে যোহরের নামাজের আগে যে কোন সময় আখেরি মোনাজাত শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
এর পর চারদিন বিরতি দিয়ে আগামী ১৬ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং একইভাবে শেষ হবে ১৮ জানুয়ারি।
এক মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৭০)। তিনি ঢাকার দক্ষিণ বাড্ডার মাহদুদুল হাসান। টঙ্গী হাসপাতাল সূত্রে জানান গেছে, শুক্রবার রাত ১১ টার দিকে তাকে ইজতেমা মাঠ থেকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া রাত ৯টা থেকে সকাল পর্যন্ত টঙ্গী হাসপাতালে ৭৫ জন মুসল্লিকে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ৭ জন টঙ্গী হাসপাতালে ভর্তি রয়েছে।