April 23, 2026
ঢাকা: ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় মেয়াদোত্তীর্ণ উপজেলা নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। শনিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি বলেন, আমরা মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলেছি কখন কিভাবে নির্বাচন করা যাবে। কারণ, সামনে ছাত্র ছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তাদের পরীক্ষার ক্ষতি না করে নির্বাচন করতে চাই আমরা। যেহেতু আইনী বাধ্যবাধকতা রয়েছে তাই নির্বাচন করতেই হবে।
সিইসি বলেন, মন্ত্রণালয়গুলোর পরমার্শ অনুযায়ী সময় যাচাই বাচাই করে আমরা সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর নির্বাচনের দিন ঠিক করা হবে। তিনি বলেন, সবগুলো উপজেলায় একসঙ্গে নির্বাচন করা সম্ভব নয়। কারণ, এতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের ওপর প্রচন্ড চাপ পড়ে। ক্রমান্বয়ে নির্বাচনগুলো করা হবে। কখন সিদ্ধান্ত হবে বা তফসিল হবে জানতে চাইলে সিইসি বলেন, আমরা শিগগিরিই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আপনারা সময় মতো জানতে পারবেন। বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, শিক্ষা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা। প্রসঙ্গত, আগামীকাল রোববার এ বিষয়ে কমিশনের বৈঠকের পর তফসিলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।