April 23, 2026
ঢাকা: সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। শনিবার সকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ সদর দপ্তর ও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে এ নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা উন্নয়ন, জঙ্গিবাদ দমন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশকে আরো সময়োপযোগী ও তৎপর ভূমিকা পালন করার পরামর্শ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দশম জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকা- পেশাদারিত্বের সাথে মোকাবিলা করার জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদও জানান প্রতিমন্ত্রী। দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আসাদুজ্জামান খাঁন।
মতবিনিময় সভায় বাংলাদেশ আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, এসবি’র অতিরিক্ত আইজিপি মো. জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সিআইডি’র অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।