May 6, 2026
সবাই জানে পালিয়ে গিয়ে অপূর্বকে বিয়ে করেছিলেন প্রভা। তবে সে সংসার টেকেনি। অনেক ঝড়-ঝাপ্টার পর লক্ষী মেয়ের মতো বিয়ে করলেন শান্ত নামের এক যুবককে। এবার শোনা গেল নতুন কথা। আর তা হলো প্রভা নিলয়ের বউ। এমন কথা জানিয়ে পরিচালক পংকজ ঘোষ জানালেন, তার নতুন নাটকে নিলয়ের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রভা। নাটকের নাম ‘নাতবউ’। মোবারক দুর্বারের রচিত নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। মজার এ নাটকটিতে দুই পরিবারের মধ্যে বিবাদ ও সম্পর্কের নানা চিত্র ফুটে উঠেছে। ক্রিয়েটিভ মিডিয়া মেকার প্রযোজিত নাটকটি পহেলা বৈশাখে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচার হবে। নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, বাড়ির মালিক তরফদারের নাতি পল্লব মন দেয় ভাড়াটিয়া চৌধুরীর নাতনি মাধবীকে। কিন্তু তরফদার আর চৌধুরীর মধ্যে দা-কুমড়া সম্পর্ক। নাতি-নাতনির এ সম্পর্ক কি মেনে নেবেন তরফদার এবং চৌধুরী? প্রভার এই নতুন প্রেম কাহিনীর পরিণতি জানার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।