April 18, 2026
ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট টিএন্ডটি মাঠ থেকে খাবার বিতরণ শুরু করেন তিনি। ধানমণ্ডি, কলাবাগান, মোহাম্মদপুর টাউন হল, আজিমপুর, লালবাগ বালুর মাঠ, হাইকোর্ট মাজার, শান্তিনগর, মৌচাক, খিলগাওসহ মোট ২৫টি স্থানে দুস্থদের মাঝে আজ খাবার বিতরণের কথা রয়েছে বেগম জিয়ার।
খাবার বিতরণ কর্মসূচিতে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মাশাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম থান, এজেএম জাহিদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ দলের কেন্দ্রীয় এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।