April 20, 2026
ঢাকা : টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। পিকেটিং করার সময় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মেহেরপুরে ১ শিবিরকর্মী নিহত সহ বেশ ক’জনর আহত হয়েছে ।.
আজিমপুর: এতিমখানা মোড়ে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিপুর এতিমখানা মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে ইডেন কলেজের দিকে যেতে চাইলে টহলরত পুলিশের সামনে পরে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিবির কর্মীরা পাল্টা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তার পাশে থাকা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে পালিয়ে যায়। তবে সেখান থেকে কোনো শিবির কর্মীকে আটক করতে পারেনি পুলিশ।
শাহজাদপুর: হরতাল সমর্থনে রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর এলাকায় বিক্ষোভ মিছিল থেকে সড়ক অবরোধের চেষ্টা করেছে জামায়াত শিবির কর্মীরা। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে জামায়াত-শিবিরের একটি দল মিছিলটি বের করে। মিছিল থেকে এক পর্যায়ে তারা নিজেদের ব্যানারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা সটকে পড়ে।
যাত্রাবাড়ী ঃ জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ডেমরা কাজলায় মিছিল করেছে হরতাল সমর্থকরা।
বৃহস্পতিবার সকাল ৭টা ০৫ মিনিটে কাজলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শিবিরের ব্যানারসহ ১০ থেকে ১২ জন কর্মী একটি মিছিল বের করে। মিছিল থেকে তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা আটকে একটি স্টাফ বাস ভাঙচুর করে।
খবর পেয়ে পাশে দায়িত্বরত পুলিশ ধাওয়া করলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় সকাল সাড়ে ৬টায় শনি মন্দির সংলগ্ন পলাশপুর গলিতে হরতাল সমর্থকরা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় একজনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে শিবিরের ব্যানার হাতে ১০ থেকে ১২ জন কর্মী মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের ঘিরে ফেলে পুলিশ। এসময় পুলিশ ধাওয়া করলে পালিয়ে যায় তারা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হরতালে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ। সকালে শনির আখড়া এলাকায় শিবিরকর্মীরা মিছিলের চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রোলসহ মোহাম্মদ তারেক (১৫) নামের এক শিশুকে আটক করে। তারেক জামালপুর মেলান্দ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে।
রাজশাহী : জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভোরে রাজশাহীর শিরোইল এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা।এসময় তারা দূর থেকে বিজিবির একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। একই সময় মহানগরীর হরিয়ান বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ কোরে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই সটকে পড়ে তারা।
এছাড়া সকাল ৮টা পর্যন্ত মহানগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। দিনের শুরু থেকেই রাজশাহী মহানগরী রয়েছে আইন-শৃক্সখলা বাহিনীর দখলে। ফলে বিভিন্ন স্থানে পিকেটিংয়ের চেষ্টা করলেও পুলিশের কারণে তারা রাস্তায় দাঁড়াতে পারছে না।
এদিকে, হরতালের কারণে মহানগরীর সব বড় ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। বাস টার্মিনাল থেকে এদিন দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আন্তঃজেলা রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে। তবে রাজশাহীতে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। সকাল থেকে হাল্কা যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ জানান, নাশকতা এড়াতে মহানগরীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পর্শকাতর ও জনগুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছেন র্যাব ও বিজিবি সদস্যরা।
মেহেরপুর: জামায়াতের হরতালের দ্বিতীয় দিনে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে সদর থানা পুলিশের সদস্যদের জীবন্ত পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা একটি পিকআপে আগুন দিয়েছে। এতে আহত হয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাশেম, উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নানসহ আরো চার পুলিশ কনস্টেবল। এই ঘটনায় এক শিবির কর্মীর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এঘটনা ঘটে।
এ সময় মুজিবনগরের গৌরীপুরে পুলিশের ওপর হামলার তদন্তে যাওয়ার সময় পুলিশ ভর্তি পিকআপটিকে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরীনগরের হামলা নজিরবিহীন হামলা। পুলিশের উদ্দেশ্যে গুলি, বোমা হামলা চালিয়েই তারা ক্ষান্ত হয়নি, এরপর পুলিশদের কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। কাউকে ধরা যায়নি। বরং পুলিশ আত্মরক্ষার্থে পালিয়ে যায়।
হামলাকারীরা বুধবারই এমন হামলার ঘোষণা দিয়ে রেখেছিল। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া সদর উপজেলার কায়েম কাটার মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে ও আগুন ধরিয়ে অবরোধ করে রেখেছে।
কুষ্টিয়া: জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে কুষ্টিয়ায়-ঝিনাইদহ মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই মহাসড়কের ভাদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে হরতালের সমর্থনে শিবির কর্মীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় সরকার বিরোধী সেøাগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।
এসময় পুলিশ এসে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে হরতাল সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ সড়কে থেকে গাছের গুড়ি অপসারণ করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, শিবির কর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও রাজধানীর ডেমরা, ধানমন্ডি, মগবাজার ওয়ারলেস মোড় ও নতুন বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা।