April 20, 2026
বিনোদন ডেস্ক : সদ্য মুক্তি পাওয়া জেনিফার লরেন্স অভিনীত হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ওয়ান ছবিতে লরেন্সের সহ-অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে লিয়াম জানান, ছবিটিতে চুমুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে লরেন্সের মুখে দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হয়েছিল তাঁকে। এর পরিপ্রেক্ষিতে লরেন্স বলেছেন, ভবিষ্যতে ব্র্যাডলি কুপার কিংবা ক্রিশ্চিয়ান বেলের মতো তারকাদের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের আগে দাঁত ব্রাশ করে নেবেন।
সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানের সঞ্চালক জিমিকে লিয়াম হেমসওয়ার্থ বলেন, হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ওয়ান ছবিতে লরেন্সের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর মুখ থেকে টুনা মাছ ও পেঁয়াজের দুর্গন্ধ পান তিনি। বিষয়টি তাঁর জন্য বেশ অস্বস্তিকর ছিল বলেও জানান লিয়াম। তাঁর এমন মন্তব্যে রীতিমতো হইচই পড়ে যায়।
লিয়ামের এভাবে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার বিষয়টি লরেন্সের জন্য বিব্রতকরই বটে। ভবিষ্যতে চুমুর দৃশ্যে অভিনয়ের আগে মুখের দুর্গন্ধ দূর করতে কোনো ব্যবস্থা নেবেন কি না-এমন প্রশ্নের জবাবে লরেন্স বলেন, ‘লিয়াম কোথায়? তাঁর মন্তব্যে চারদিকে শোরগোল পড়ে গেছে। অথচ আমি কিন্তু ইচ্ছে করে তাঁকে অস্বস্তিতে ফেলিনি। তাঁর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের আগে আমি কিছু খেতে চেয়েছিলাম। টুনা মাছ ও পেঁয়াজ খেতে দেওয়া হয় আমাকে। এমন নয় যে, চুমুর দৃশ্যে অভিনয়ের জন্যই আমি টুনা মাছ ও পেঁয়াজ খেয়েছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে অ্যাকসেসহলিউড ডটকম।
হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ওয়ান ছবিতে লরেন্সের সঙ্গে লিয়াম ছাড়াও অভিনয় করেছেন যশ হাচারসন। ছবির এ দুই সহ-অভিনেতাকে কিছুটা তাচ্ছিল্যই করেছেন লরেন্স। তিনি বলেছেন, ‘যশ কিংবা লিয়ামের জন্য নয়, ক্রিশ্চিয়ান বেল কিংবা ব্র্যাডলি কুপারের মতো সত্যিকারের তারকাদের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের আগে আমি দাঁত ব্রাশ করে নেব। প্রয়োজনে মিন্টও চিবিয়ে নেব।’