April 20, 2026
বিনোদন ডেস্ক : বিন্দু (জাগো), পূর্ণিমা (ছায়া-ছবি), জয়া আহসান (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী), আইরিন (ভালোবাসা জিন্দাবাদ), মাহি (অগ্নি, ওয়ার্নিং), তমা মির্জা (মন বোঝে না), আঁচল (কিস্তিমাত), মম (ছুঁয়ে দিলে মন)- তাদের মধ্যে মিল কোথায়? দেশের জনপ্রিয় এই অভিনেত্রীরা সবাই অভিনয় করেছেন আরিফিন শুভর সঙ্গে। এবার এ তালিকায় যুক্ত হচ্ছেন প্রসূন আজাদ।
শুভ ও প্রসূন জুটির প্রথম ছবির নাম রাখা হয়েছে ‘মৃত্যুপুরী’। এটি পরিচালনা করবেন জায়েদ রেজওয়ান। এর প্রায় ৯০ ভাগ দৃশ্যধারণ হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। এরই মধ্যে শুভ ভিসা পেয়েছেন। প্রসূনও আবেদন করে রেখেছেন।
নতুন ছবি প্রসঙ্গে শুভ বলেন, ‘সব ঠিক থাকলে আগামী ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। অন্য সব ছবিতে ভালো মানুষরা মন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ‘মৃত্যুপুরী’তে মন্দ হয়েও মন্দের বিরুদ্ধে কাজ করার নজির থাকছে। আর প্রেম তো থাকছেই।’
এদিকে প্রসূন বলেন, ‘এ ছবিতে কাজ করার ব্যাপারে পাকা কথা হয়েছে। আমি প্রয়োজনীয় সব কাগজপত্র দূতাবাসে জমা দিয়েছি। ভিসা পেলেই অস্ট্রেলিয়ায় যাবো।’