April 19, 2026
আবু সুফিয়ান: বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের সাড়া জাগানো নায়ক ওমর সানির জন্মদিন বুধবার (৬ মে)। ১৯৬৮ সালের এ দিনে খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। শুটিং ফ্লোরেই কেটে যাচ্ছে নন্দিত এ তারকার ৪৮তম জন্মদিন। পাশে আছেন স্ত্রী মৌসুমী। মৌসুমী-ওমর সানির ভালবাসার গল্প নিয়ে নির্মাণ হচ্ছে টেলিফিল্ম ‘ভালোবাসার ২০ বছর’। রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউসে ওই টেলিফিল্মের শুটিংয়ে কাটছে বিশেষ দিনটি। এ প্রসঙ্গে ওমর সানি দ্য রিপোর্টকে বলেন, “জন্মদিনে নির্মাতা ইউসুফ চৌধুরীর ‘ভালোবাসার ২০ বছর’ টেলিফিল্মের শুটিং করছি। আজ সারাদিন শুটিং করেই পার হবে।” জন্মদিনের কেক কেটেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে কেকের প্রতি আমার আগ্রহ একটু কম। বিকেলের দিকে শুটিং টিমের সবাইকে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই।’
ওমর সানির অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চাঁদের আলো’। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ওমর সানি অনেকগুলো ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন। ‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি ও মৌসুমীর পরিচয়, পরবর্তীতে তা পরিণয়ে গড়ায়। এই দম্পতির দুই সন্তান– ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা।