April 21, 2026
খুলনা: খুলনায় গত ২০ দিনে অন্তত ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকণ্ডের সত্যতা নিশ্চিত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। প্রশাসনের দাবি এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, বছর শুরুর তিনদিন আগে ২৭ ডিসেম্বর নগরীর আড়ংঘাটা এলাকায় একটি মাছের ঘেরে দিনে দুপুরে হত্যাতাণ্ডের শিকার হন ক্লিনিক ব্যবসায়ী রিপন সরদার (২৭) ও তার বন্ধু মিঠুন শেখ (২৬)। রিপন সরদার ও মিঠুন শেখ পাশ্ববর্তী আড়ংঘাটা থানাধীন যোগীপোলের সাবেক মেম্বর হাফিজের তেলিগাতিস্থ বিলডাকাতিয়ার ঘেরে মাছ ধরতে যান। এরপর বিকেল ৪টার দিকে তিনটি মোটরসাইকেলে ছয় দুর্বত্ত ওই ঘেরে যান। দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হন এবং গুলিবিদ্ধ মিঠুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ৩০ ডিসেম্বর সোমবার রাত ১০টার দিকে হত্যাকাণ্ডের শিকার হন দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামেন কেসমত আলী মোল্লা (৫১)। এ হত্যাকাণ্ডটি বেশ রহস্যময়। ওই দিন রাত ১০টার দিকে স্থানীয় চৌকিদার দুজন অপরিচিত ব্যক্তিকে পুলিশ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে কেসমতকে তার বাড়ি থেকে ডেকে আনেন। পরে হঠাৎ গুরুতর আহত কেসমতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর বছরের প্রথম দিনে নগরীর খালিশপুর থানার গোয়ালখালী কবরস্থান থেকে মহসীন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। ৩ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনাস্থ নিজ বাড়িতে গুলি করা হয় ওই ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামকে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোহান নামে এক ব্যক্তিকে এলাকাবাসী ধরে পুলিশে দিলে ক্রসফায়ারে তিনি নিহত হন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তার অপর এক হত্যাকারী। ৯ জানুয়ারি নগরীর নতুন বাজার এলাকায় এক ভ্যানচালক টুকু শেখকে (৩৫) দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে। ১০ জানুয়ারি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় একটি ড্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। ১৫ জানুয়ারি সকাল ৯টার দিকে পুলিশ খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন উত্তর বণিকপাড়া সড়কের ড্রেন থেকে মো ওলি নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে। তাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
একইদিন নগরীর খালিশপুর বঙ্গবাসী এলাকায় মো. হাসান মোল্লা (২০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি খালিশপুর বঙ্গবাসী এলাকার বাবুস সালাম জামে মসজিদ সংলগ্ন রোডের এন/এইচ ১২৫ নম্বর বাড়ির বাসিন্দা লিটন মোল্লার ছেলে। হাসান কাপড়ের ব্যবসা করতেন। তবে প্রশাসন যাই বলুক না কেনো সচেতন মহলের দাবি, নতুন বছরের শুরুতে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাও বেড়েছে। যদিও রাজনৈতিক অস্থিরতায়ও দুর্বৃত্তদের অনেকটা সুযোগ দিয়েছে।