পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এখনও জামায়াতের নিবন্ধন বহাল: ইসি

Posted on August 14, 2013 | in আইন-আদালত | by

image_57866_0

ঢাকা: নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জামায়াতের নিবন্ধন বহাল থাকবে।

বুধবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাবেদ আলী বলেন, আমরা আদালতের চূড়ান্ত রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর আগে কোনো পদক্ষেপ নেয়া যাবে না। আদালতের রায় জামায়াতের বিরুদ্ধে গেলে স্বাভাবিকভাবে তাদের নিবন্ধন বাতিল হবে।
জামায়াতের গঠনতন্ত্রের বিষয়ে কমিশনের করণীয় সম্পর্কে তিনি বলেন, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে তাদের কয়েক দফা চিঠি দিয়েছি। তারা আমাদের জবাব দিয়েছে। আমরা যাচাই করে আবার নোটিশ দিয়েছি। কমিশনের এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আদালতের কার্যক্রম চালু হওয়ায় আমরা আমাদের কার্যক্রম স্থগিত করেছি। এখন বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন।
কোন রাজনৈতিক দল বাতিলের ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আরপিও-৯০ এইচ ধারা অনুযায়ী কমিশন ব্যবস্থা নিবে। এই প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। তাই ইচ্ছা করলে কমিশন কোনো দলের নিবন্ধন বাতিল করতে পারবে না।
জামায়াতের নিবন্ধন বাতিল হলে তারা পুনরায় নিবন্ধন করতে পারবে কী না জানতে চাইলে তিনি বলেন, সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী যে কারও রাজনৈতিক দল করার অধিকার আছে। এছাড়া আরপিও ৯০ এইচ অনুযায়ী কমিশন সময় সময় নিবন্ধনের জন্য বিজ্ঞাপন দিয়ে আবেদনপত্র আহ্বান করে। সুতরাং জামায়াত স্বাভাবিকভাবে আবার আবেদন করতে পারবে।
উপজেলা উপ-নির্বাচন সম্পর্কে তিনি বলেন, চারটি নতুন উপজেলার নির্বাচন হয়নি। এছাড়া কয়েকটি উপজেলায় উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আমরা এরই মধ্যে এই নির্বাচনগুলো করার ব্যবস্থা নেব।
চারটি পৌর নির্বাচন স্থগিত হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে আমরা আরও সতর্ক হব। কারণ, এতে কমিশন ও প্রার্থী উভয়ে আর্থিকসহ নানা দিক দিয়ে ক্ষতি হয়। তফসিলের পরে যাতে কোনো নির্বাচন বন্ধ না হয় আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নেব। এই ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উচিত পূর্বেই আমাদের অবহিত করা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud